Image description

জাতীয় সংসদে সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনিকে নিয়ে একটি রাজনৈতিক কার্টুন ও ফেসবুক পোস্ট শেয়ার করার জেরে ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর এ এম হাসান নাসিমের বিরুদ্ধে তিনটি ফৌজদারি মামলা হয়েছে। পাশাপাশি পুলিশি নির্যাতন ও তার পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি।

৩৫ বছর বয়সী নাসিম জানান, পুলিশ তার ফ্ল্যাট থেকে জব্দ করা চারটি ল্যাপটপ, একটি ডেস্কটপ কম্পিউটার এবং তিনটি মোবাইল ফোন সাত মাসেরও বেশি সময় ধরে আটকে রেখেছে। এর ফলে তিনি কোনো কাজ করতে পারছেন না। এ ছাড়া কাজ শেষ করার পরও প্রায় ৩ লাখ টাকা পারিশ্রমিক আটকে যাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

তিনি আরও অভিযোগ করেন, বরগুনার দুটি মামলায় জামিন পাওয়ার পর তাকে নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য আদালত পুলিশকে নির্দেশ দিলেও পুলিশ তা পালন করেনি।

নিজে কোনো মামলা করার কথা অস্বীকার করে চিফ হুইপ টাইমসকে বলেন, ‘এক মামলায় জামিন পাওয়ার পর অন্য কোনো মামলার সূত্রে তাকে অন্য জেলায় স্থানান্তর করা হয়েছিল কি না, তাও খতিয়ে দেখা প্রয়োজন।’

বিতর্কের সূত্রপাত হয় গত ১০ এপ্রিল। সেদিন সংসদে চিফ হুইপ রসিকতা করে বলেছিলেন, ‘আমি সাগর থেকে তিনটি তিমি নিয়ে আসছি, দুটি হাঙর আসছে, সবার দাওয়াত রইল।’

এরপর ‘পাথরঘাটা ডটকম’ নামের একটি ফেসবুক পেজে একটি কার্টুন প্রকাশিত হয়। সেখানে চিফ হুইপের আদলে আঁকা একটি চরিত্রকে আস্ত তিমি ও হাঙর রাখা একটি ট্রে হাতে ধরে থাকতে দেখা যায়। কার্টুনটিতে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাহিদ ইসলামের আদলে তিনটি চরিত্রকে অতিথি হিসেবে টেবিলে বসে থাকতে দেখা যায়।

একটি রাজনৈতিক কার্টুন শেয়ার করার ঘটনায় ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ।

টাইমসকে তিনি বলেন, ‘কার্টুন শেয়ার করার মতো ঘটনায় ফৌজদারি মামলার ব্যবহার গণতান্ত্রিক সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক। এই প্রবণতা বাংলাদেশকে একটি খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে। তা ছাড়া, কার্টুন তো সারা বিশ্বেই রাজনৈতিক সংস্কৃতির অংশ।’

আওয়ামী লীগ সরকারের আমলে কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর কথা উল্লেখ করে তিনি বলেন, রাজনীতিবিদরা তাদের মানসিকতা পরিবর্তন না করলে মতপ্রকাশের স্বাধীনতা অধরাই থেকে যাবে।

গ্রেপ্তার, নির্যাতনের অভিযোগ ও একাধিক মামলা

নাসিম জানান, গত ১৭ এপ্রিল সন্ধ্যায় গোয়েন্দা পুলিশ (ডিবি) ঢাকার পশ্চিম আগারগাঁওয়ে তার ফ্ল্যাটে অভিযান চালায়। তাকে চড় মেরে ধরে নিয়ে যান পুলিশ সদস্যরা।

তার অভিযোগ, ডিবি কার্যালয়ের একটি কক্ষে তাকে আটকে রাখা হয় এবং পরদিন বিকাল পর্যন্ত কোনো খাবার দেওয়া হয়নি। সেই রাতে অন্য বন্দীরা তাকে খাবার দিয়েছিলেন।

নাসিম দাবি করেন, পরদিন তাকে একজন ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তার কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং কোমরের নিচে ও মেরুদণ্ডের নিচের অংশে অন্তত আটবার আঘাত করা হয়।

নাসিমের অভিযোগ অনুযায়ী, একজন ব্যক্তি ওই কক্ষে প্রবেশ করে কর্মকর্তার মোবাইল ফোনে কিছু একটা দেখানোর পর তাকে মারধর বন্ধ করা হয়।

এদিকে, তার গ্রেপ্তারের খবর সংসদে পৌঁছালে বিরোধী দল এর প্রতিবাদ জানায়। তখন চিফ হুইপ বলেছিলেন, কার্টুনের কারণে গ্রেপ্তার করা হয়ে থাকলে নাসিমকে ছেড়ে দেওয়া উচিত।

পরদিন নাসিমকে ঢাকার একটি আদালতে হাজির করা হয়।

এর আগের রাত ১২টা ৫ মিনিটে চিফ হুইপের ঘনিষ্ঠ সহযোগী মো. নজরুল ইসলাম গুলশান থানায় সাইবার সুরক্ষা আইনে নাসিমের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহারে ওই কার্টুনের কথা উল্লেখ করে অভিযোগ করা হয়, নাসিমের ফেসবুক পেজ থেকে ১২টি বিভ্রান্তিকর পোস্ট প্রকাশ করা হয়েছে। এ ছাড়া ব্ল্যাকমেইল করার উদ্দেশ্যে একটি অজ্ঞাত হোয়াটসঅ্যাপ নম্বর থেকে চিফ হুইপের নম্বরে স্ক্রিনশট পাঠানো হয়েছিল বলেও দাবি করা হয়।

তদন্তের বিষয়ে জানতে চাইলে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাহেদ মো. নাজমুন নূর বলেন, ‘এভাবে তো বলা যাবে না। থানায় আসেন, কাগজপত্র দেখে বলব।’

নাসিম জানান, তদন্ত কর্মকর্তা কখনোই তার সঙ্গে যোগাযোগ করেননি। তিনি নিজে দুই দিন ধরে ওই কর্মকর্তাকে ফোন করার চেষ্টা করেও তার নম্বরটি বন্ধ পান।

ওই মামলায় পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করলেও আদালত নাসিমকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

২১ এপ্রিল তিনি জামিন পান। তবে পরদিন তার মুক্তির নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে তাকে জানানো হয়, বরগুনার পাথরঘাটা থানায় তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে।

এরপর তাকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে বরগুনা কারাগারে স্থানান্তর করা হয়।

সেখানে গিয়ে তিনি জানতে পারেন, তার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে একটি মামলা করেন পাথরঘাটা পল্লী বিদ্যুৎ অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) এবং অন্য মামলাটি করেন আফরোজ নামের এক ব্যক্তি।

বরগুনা আদালতে রাষ্ট্রপক্ষের ১২ জন আইনজীবী তার জামিনের বিরোধিতা করেন।

২৬ ও ২৯ এপ্রিল শুনানি শেষে আদালত উভয় মামলায় তার জামিন মঞ্জুর করে এবং তার নিরাপত্তার কথা বিবেচনা করে পুলিশকে গাড়িতে করে নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়ার নির্দেশ দেয়।

নাসিম অভিযোগ করেন, পুলিশ আদালতের সেই নির্দেশ উপেক্ষা করে। শেষ পর্যন্ত আইনজীবী খালাতো ভাইয়ের সহায়তায় তিনি ঢাকায় ফিরে আসেন।

এই অভিযোগের বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

চিফ হুইপের সঙ্গে বিরোধ ও পরিবারকে হুমকি

নাসিম জানান, ২০২৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি চিফ হুইপের ডিজিটাল মিডিয়া কার্যক্রম ও ফেসবুক পেজ পরিচালনা করতেন। তবে ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের আগেই তিনি অ্যাডমিন প্যানেল ছেড়ে দেন।

তিনি বলেন, ‘চিফ হুইপের সঙ্গে আমার আন্তরিক কথাবার্তা হতো। আমার মনে হয়েছে, কিছু মানুষ তার কাছাকাছি যাওয়ার জন্য এসব কাজ করছে।’

নির্বাচনের পর ‘বরিশাল প্রতিবেদন’, ‘বরগুনা দৈনিক’ এবং ‘পাথরঘাটা ডটকম’সহ বেশ কিছু ফেসবুক পেজে চিফ হুইপের সমালোচনামূলক পোস্ট প্রকাশিত হতে থাকে।

নাসিম বলেন, এরপর থেকেই চিফ হুইপ ওই পেজগুলোর সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে বলে সন্দেহ করতে শুরু করেন। তবে চিফ হুইপের সঙ্গে ফোনালাপে এবং একটি ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি এসবের সঙ্গে নিজের কোনো সংশ্লিষ্টতা থাকার কথা অস্বীকার করেন।

তিনি অভিযোগ করেন, পরবর্তীতে তিনি পাথরঘাটায় নিজ গ্রামের বাড়িতে গেলে চিফ হুইপের দুই ভাতিজা বিষয়টি মীমাংসা করার জন্য বৈঠকের প্রস্তাব দেন।

তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে তার মা, তিন বোন এবং ভগ্নিপতিদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার ও এলাকাছাড়া করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন নাসিম।

তবে হুমকির বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন চিফ হুইপ। টাইমসকে তিনি বলেন, ‘এলাকায় আমার পরিবারের এমন কেউ থাকে না যে গিয়ে তাকে হুমকি দেবে। এলাকায় আত্মীয়-স্বজন থাকতে পারে, কিন্তু কে কী করছে তা আমার জানার সুযোগ নেই।’

তিনি আরও দাবি করেন, চার দশকের রাজনৈতিক জীবনে তার বিরুদ্ধে কখনো কাউকে মারধর, কারাবন্দি করা বা ভয়ভীতি দেখানোর কোনো অভিযোগ ওঠেনি।

নাসিম জানান, ‘পাথরঘাটা ক্রাশ অ্যান্ড কনফেশন ৯৬’ নামের একটি ফেসবুক পেজ থেকেও তার বিরুদ্ধে ধারাবাহিকভাবে পোস্ট দেওয়া হচ্ছিল।

অনলাইনে অপপ্রচার এবং পরিবারকে হুমকির বিষয়টি উল্লেখ করে তিনি গত ৭ সেপ্টেম্বর শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

অভিযোগটি তদন্তের দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) মো. সাইদুর রহমান জানান, এ ধরনের বিষয়গুলো সাধারণত সাইবার ক্রাইম ইউনিটে পাঠানো হয়।

তিনি বলেন, ‘এ ধরনের ঘটনায় সাইবার ক্রাইম ইউনিটে পাঠানো হলে তারা বিষয়টি খতিয়ে দেখে। সেখান থেকে প্রতিবেদন এলে আমরা তদন্ত শুরু করি। এখনো কোনো প্রতিবেদন আসেনি।’

সরঞ্জাম জব্দ থাকায় কর্মহীন কনটেন্ট ক্রিয়েটর

নাসিম অভিযোগ করেন, পুলিশ তার নিজের এবং ক্লায়েন্টদের কাজের জন্য ব্যবহৃত চারটি ল্যাপটপ, একটি ডেস্কটপ কম্পিউটার এবং তিনটি মোবাইল ফোন জব্দ করেছে। এসব যন্ত্রপাতির কোনোটিই এখনো ফেরত দেওয়া হয়নি।

তবে আদালতে পুলিশের জমা দেওয়া নথিতে জব্দকৃত মালামাল হিসেবে তিনটি স্মার্টফোন, মেমোরি কার্ডসহ একটি ক্যামেরা, একটি ওয়্যারলেস মাইক্রোফোন এবং একটি পুরোনো নষ্ট আইপ্যাডের তালিকা দেওয়া হয়েছে।

নাসিম বলেন, আদালতে জমা দেওয়া জব্দ তালিকার সঙ্গে শুরুতে তার বড় ভাইকে দেওয়া তালিকার কোনো মিল নেই।

তিনি বলেন, ‘পুলিশ আমার বড় ভাইকে যে তালিকা দিয়েছিল, তাতে যা যা নেওয়া হয়েছিল সবকিছুর উল্লেখ আছে। কিন্তু আদালতের জব্দ তালিকায় সেগুলোর উল্লেখ নেই।’

তিনি দাবি করেন, দীর্ঘ সময় ধরে সরঞ্জামগুলো আটকে রাখার কারণে তিনি অনেক পেশাদার কাজ হারিয়েছেন। এ ছাড়া ইতোমধ্যে শেষ করা কাজের প্রায় ৩ লাখ টাকা পাওনা আদায় করতে পারেননি।

তিনি বলেন, ‘আমার সব অর্ডার বাতিল হয়ে গেছে। আবার কাজ করার পরও আমি প্রায় ৩ লাখ টাকা পাইনি। আমার ক্লায়েন্ট ছিলেন বিদেশি। আমি কাজ করতে না পারায় তারা মূল ফাইল জমা দেওয়ার জন্য তিন মাস সময় দিয়েছিলেন। কিন্তু সব সরঞ্জাম পুলিশের কাছে থাকায় আমি সেগুলো দিতে পারিনি। এ কারণেই আমি টাকাটা পাইনি।’

১০ মাসে হয়রানির শিকার ১১১ জন

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ১০ মাসে ফেসবুক পোস্ট বা লিখিত মতামত প্রকাশের জেরে অন্তত ১১১ জন মানুষ ফৌজদারি মামলা, গ্রেপ্তার, আটক, হামলা বা অন্যান্য হয়রানির শিকার হয়েছেন।

তাদের মধ্যে ৬৬ জনকে গ্রেপ্তার বা আটক করা হয়েছে। গ্রেপ্তারের আগে ৪৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল, আর কোনো মামলা ছাড়াই ১৯ জনকে আটক করা হয়।

ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন ২৫ জন সাংবাদিক। তাদের মধ্যে ১৭ জন সাইবার আইনের অধীনে মামলার মুখোমুখি হয়েছেন, ৫ জনের বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে এবং ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রতিবেদনে দেখা গেছে, প্রধানমন্ত্রী, তার পরিবার, সরকার, বিএনপি নেতা এবং অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বদের সমালোচনা করার কারণে ৬২ জন হয়রানির শিকার হয়েছেন। এর মধ্যে প্রধানমন্ত্রীর সমালোচনা করার জেরে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার কারণে ১৮ বছরের কম বয়সী তিনজন শিক্ষার্থীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে, যার মধ্যে দুজনকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া মতপ্রকাশের কারণে চাকরি হারিয়েছেন অথবা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বহিষ্কৃত হয়েছেন আটজন।