পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে সরকারি সফরে ইসলামাবাদে পৌঁছেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সেখানে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার।
সোমবার (২৩ নভেম্বর) রাতে ছয় সদস্যের সংসদীয় প্রতিনিধিদল নিয়ে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান হাফিজ উদ্দিন আহমদ।
জাতীয় সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক।
এ সময় পাকিস্তানের জাতীয় পরিষদের বাংলাদেশ-পাকিস্তান পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের আহ্বায়ক ড. শাজিয়া সোবিয়া আসলাম সুমরো এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারি সফরকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আগামী ২৪ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত পাকিস্তানের ইসলামাবাদ, লাহোর ও করাচি সফর করবেন।