আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম ও খুনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হচ্ছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) এই কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
সোমবার বিকেলে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর জানান, ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বিটিভি ও প্রসিকিউশনের ফেসবুক পেজ থেকে যুক্তিতর্ক উপস্থাপনের পুরো বিষয়টি সরাসরি সম্প্রচার করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই মামলার শুনানি অনুষ্ঠিত হবে।
উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ থাকবে। মামলার নথিপত্র অনুযায়ী, জিয়াউল আহসানের বিরুদ্ধে সুনির্দিষ্ট তিনটি অভিযোগ রয়েছে। এর মধ্যে ২০১১ সালের ১১ জুলাই গাজীপুরের পুবাইলে তিনজনকে হত্যা, ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত বরগুনার পাথরঘাটা ও সুন্দরবন এলাকায় তথাকথিত বনদস্যু দমনের নামে শতাধিক ব্যক্তিকে হত্যার অভিযোগ অন্যতম।
কারাবন্দি জিয়াউল আহসান ভার্চুয়ালি হাজিরা দিচ্ছেন। যুক্তিতর্কের দিনেও তিনি কেরানীগঞ্জের বিশেষ কারাগার থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত থাকবেন বলে জানা গেছে। এর আগে, গত ২২ নভেম্বর আসামিপক্ষের সাফাই সাক্ষী হিসেবে আইনজীবী তাসলিমা জাহান পপি সাক্ষ্য দেন। তার জেরা সম্পন্ন হওয়ার পর আদালত যুক্তিতর্কের জন্য ২৪ নভেম্বর দিন ধার্য করেন।
১৯ নভেম্বর রাষ্ট্রপক্ষের ১৫তম সাক্ষীর জেরা শেষ হওয়ার মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হয়।
উল্লেখ্য, গত বছরের ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে তিনটি অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। একই দিনে তার বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করে প্রসিকিউশন। এরপর ২৩ ডিসেম্বর তাকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।