Image description

ভারতের সাংস্কৃতিক ও ভাষাগত বৈচিত্র্যে মুগ্ধ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক কথোপকথনের স্মৃতিচারণ করে তিনি বলেছেন, ভারতের জনসংখ্যার বড় একটি অংশ নিজ নিজ ভাষায় কথা বলে। দেশটির সভ্যতা ও বৈচিত্র্য সম্পর্কে যত জানছেন, ততই বিস্মিত হচ্ছেন তিনি।

রুশ সংবাদমাধ্যম স্পুটনিকের প্রতিবেদনে বলা হয়, প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা এমির কুস্তুরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন বলেন, ভারতীয় সভ্যতার কথাই ধরুন; এটি বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলোর একটি। বিষয়টি অত্যন্ত আকর্ষণীয়। এ সম্পর্কে যত জানছি, ততই মুগ্ধ হচ্ছি।

ভারতের ভাষাগত বৈচিত্র্য বোঝাতে মোদির সঙ্গে সাম্প্রতিক এক কথোপকথনের উদাহরণ দেন পুতিন। তিনি জানান, মোদিকে একবার প্রশ্ন করেছিলেন, ভারতের কত মানুষ দেশটির সরকারি ভাষায় কথা বলেন।

 
 

পুতিনের তথ্য অনুযায়ী, তিনি মোদিকে জিজ্ঞাসা করেছিলেন, ‘দেশটির কত নাগরিক সরকারি ভাষায় কথা বলেন?’ জবাবে মোদি বলেছিলেন, ‘প্রায় ৬০ কোটি।’ এরপর ভারতের মোট জনসংখ্যা কত জানতে চাইলে মোদি জানান, প্রায় দেড়শ কোটি।

 

পুতিন বলেন, ‘অর্থাৎ মোট জনসংখ্যার মাত্র এক-তৃতীয়াংশ প্রধান ভাষায় কথা বলে।’ বাকি দুই-তৃতীয়াংশের মানুষ কী করেন, জানতে চাইলে মোদি তাকে বলেন, তারা নিজ নিজ ভাষায় কথা বলেন।

এ প্রসঙ্গে পুতিন বলেন, ‘এটা কি অসাধারণ নয়? সত্যিই বিস্ময়কর!’

ভারতে হিন্দি ও ইংরেজি দুটি সরকারি ভাষা রয়েছে। তবে দেশটির কোনো জাতীয় ভাষা নেই। ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলে অসমিয়া, বাংলা, বোড়ো, ডোগরি, গুজরাটি, হিন্দি, কন্নড়, পাঞ্জাবি, তামিল, তেলেগু ও উর্দুসহ মোট ২২টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে।

পুতিনের সাক্ষাৎকারের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর আগে গত মাসে ভালদাই আলোচনা ক্লাবে বক্তব্য দেওয়ার সময়ও ভারতের বৈচিত্র্যের প্রশংসা করেন রুশ প্রেসিডেন্ট। সে সময় তিনি ভারতকে অনন্য, বৈচিত্র্যময় ও ঐক্যবদ্ধ দেশ হিসেবে বর্ণনা করেন।

রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রচারিত বক্তব্যে পুতিন বলেন, ‘ভারত তার বিশালতা ও বৈচিত্র্য দিয়ে সবাইকে বিস্মিত না করে পারে না।’ ওই বক্তব্যেও ভারতের ভাষাগত বৈচিত্র্যের প্রসঙ্গ তুলে ধরেছিলেন তিনি।

গত ১১ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনের ফাঁকে মোদির সঙ্গে পুতিনের বৈঠক হয়। চলতি বছর দুই নেতার এটি ছিল দ্বিতীয় সাক্ষাৎ। এর আগে আগস্টে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে তাদের প্রথম বৈঠক হয়েছিল।

সূত্র : এনডিটিভি