Image description

অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী ও দুই সন্তানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। আদালত আগামী ১৪ ডিসেম্বর শুনানির নতুন তারিখ ঠিক করেছেন।

সোমবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুন শুনানি শেষে এই তারিখ নির্ধারণ করেন।

 

মামলার অন্য তিন আসামি হলেন আসাদুজ্জামান খান কামালের স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে শাফি মোদ্দাছির খান জ্যোতি এবং মেয়ে শাফিয়া তাসনিম খান।

 

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম। তিনি জানান, আসামি শাফি মোদ্দাছির খান জ্যোতি গাজীপুরের কাশিমপুর কারাগারে আছেন। নিরাপত্তার কারণে তাকে আদালতে হাজির করা হয়নি। তাই রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের শুনানির জন্য সময় চেয়ে আবেদন করে। আদালত সেই আবেদন মঞ্জুর করে ১৪ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

 

২০২৪ সালের ৯ অক্টোবর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মামলাটি করে দুদক। তদন্ত শেষে গত বছরের ১৮ ডিসেম্বর তিনিসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় সংস্থাটি।

 

মামলার অভিযোগ অনুযায়ী, আসাদুজ্জামান খান কামাল একজন সরকারি কর্মচারী হিসেবে অসাধু উপায়ে, অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহার করে ২২ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ১৬২ টাকার সম্পদ অর্জন করেছেন, যা তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে সংগতিপূর্ণ নয়।

 

এ ছাড়া অভিযোগে বলা হয়েছে, তিনি ৯টি ব্যাংক হিসাবে ৮৭ কোটি ৪৬ লাখ ২৬ হাজার ৯৩৩ টাকা লেনদেন করেছেন। মানিলন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ ‘দুর্নীতি ও ঘুষ’-এর মাধ্যমে পাওয়া অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন করতে তিনি এই অর্থ রূপান্তর, স্থানান্তর বা হস্তান্তর করেছেন।