Image description

এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন মিফতাহুল জান্নাত (১৯)। স্বপ্ন ছিল উচ্চশিক্ষা নিয়ে নিজের ভবিষ্যৎ গড়ার। কিন্তু কলেজ থেকে একাডেমিক কাগজপত্র আনতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জান্নাত। তাঁর বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন আর পূরণ হলো না।

মিফতাহুল জান্নাত চট্টগ্রাম সিটি কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৪ দশমিক ৫০ পেয়ে উত্তীর্ণ হয়েছিলেন। তিনি পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রামের এস এম খায়রুজ্জামানের বাড়ির বাসিন্দা। তাঁর বাবা মৃত আনিসুজ্জামান ও মা রিজিয়া বেগম। এসএসসি পরীক্ষার পর থেকে আনোয়ারা উপজেলার উত্তর চাতরী এলাকার আমির আলী মাঝির বাড়িতে নানাবাড়িতে থেকে পড়াশোনা করতেন তিনি।

পরিবার সূত্রে জানা গেছে, একাডেমিক কাগজপত্র সংগ্রহ করতে গত ১৭ নভেম্বর সকালে নানাবাড়ি থেকে কলেজের উদ্দেশে বের হন জান্নাত। কিন্তু বাড়ি থেকে বের হওয়ার পাঁচ মিনিটের মধ্যেই সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি। আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী এলাকার উত্তর পাশে রাজছিলা মাজারের সামনে পিএবি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, সড়কের এক পাশ পার হয়ে বিভাজকে দাঁড়ান জান্নাত। এরপর অন্য পাশে যাওয়ার জন্য সড়কে পা রাখতেই দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে লাইফ সাপোর্টে রাখেন।

জান্নাতের মামা হারুনুর রশীদ জানান, রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ভাতিজিকে বাঁচাতে পরিবারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছিল বলে জানান তিনি।

হারুনুর রশীদ বলেন, ‘মেয়েটিকে বাঁচাতে অনেক চেষ্টা করেছি, পারিনি। আমাদের সব চেষ্টা ব্যর্থ করে সে চলে গেল।’

আজ সোমবার বিকেলে আসরের নামাজের পর পটিয়ায় জান্নাতের নিজ গ্রামে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে বলে জানান মামা হারুনুর রশীদ।

এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনায় ওই কলেজছাত্রী আহত হওয়ার পর থানায় একটি অভিযোগ এসেছে। এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।