সম্প্রতি নড়াইলে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগপন্থী ফেসবুক অ্যাকাউন্টগুলো থেকে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে ‘শত শত হিন্দু বাড়িতে’ হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ ছড়ানো হয়। ভারতীয় একাধিক সংবাদমাধ্যমও ‘শত শত হিন্দু বাড়ি পুড়িয়ে দেওয়া’ ও ‘দাউ দাউ করে জ্বলছে হিন্দুদের ঘর’ শিরোনামে খবর প্রকাশ করে।
তবে দ্য ডিসেন্টের যাচাইয়ে এসব দাবি মিথ্যা প্রমাণিত হয়েছে। স্থানীয় হিন্দু নেতারা জানিয়েছেন, হিন্দুপাড়ায় হামলা কিংবা শত শত হিন্দু বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি। হামলায় ক্ষতিগ্রস্ত অন্তত ৩০টি বাড়ির মধ্যে মাত্র একটি হিন্দু পরিবারের; কৃষ্ণপদ ঘোষের। যিনি কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।
এই ভুয়া খবরের ভিত্তিতে পশ্চিমবঙ্গের কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় ‘উঠোন’ নামে একটি কবিতা লেখেন, যেখানে বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রসঙ্গ তুলে ধরা হয়। কবিতাটি নিয়ে সংবাদ প্রতিদিন ‘হিন্দু হবার মাসুল দিক’, অগ্নিগর্ভ বাংলাদেশের সংখ্যালঘুদের হয়ে কলম ধরলেন শ্রীজাত’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে।
এবার শ্রীজাতের কবিতার প্রতিবাদে ‘এপার ওপার’ শিরোনামে কবিতা লিখে কাব্যিক জবাব দিয়েছেন কবি সাইয়েদ জামিল।

কবিতা প্রসঙ্গে সায়েদ জামিল ফেসবুকে লিখেন, “আমি ভেবে পাই না কলকাতার বাঙালি কবিগুলা এতো বদমাশ ক্যানো? হাসিনা ১৫০০ বাংলাদেশিকে হত্যা ক'রে ভারত-ভূমিতে পালিয়ে গেলো তা নিয়ে তাদের টু শব্দটি পর্যন্ত নেই, অথচ বিচ্ছিন্নভাবে আমাদের এখানে কোথাও একটি বাড়ি পোড়ানোর ঘটনায় এরা কেদেকেটে অস্থির হয়। দিস্তায় পর দিস্তা কবিতা লিখে ভরিয়ে ফেলে। সংখ্যালঘু নির্যাতনের গালগল্প ফাঁদে। অন্যদিকে তাদের চোখের সামনে ভারতে যখন মুসলমানদের পিটিয়ে হত্যা করা হয়, মসজিদ ভাঙা হয় তখন তা নিয়ে একটা দুলাইনের কবিতাও এরা লেখে না!”
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর ২৯ নভেম্বর ‘পতাকা’ শিরোনামে একটি কবিতা লিখেন কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে তখন বেশ বিতর্কের জন্ম হয়েছিল। সে সময় তার ওই কবিতার প্রতিবাদ জানান বাংলাদেশি অনেক কবি। পতাকা নামক কবিতায় তিনি একটি বাক্যে বাংলাদেশ প্রসঙ্গে লিখেছিলেন ‘নামেই স্বাধীন তুমি। চেতনায় আজও পরাধীন।’।
ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলা হয়েছিল পশ্চিমবঙ্গের কবি শ্রীজাতের বিরুদ্ধে
২০১৭ সালে শ্রীজাত বন্দোপাধ্যায় ‘অভিশাপ’ শীর্ষক একটি কবিতা প্রকাশ করেন। কবিতার শেষ দুই লাইনের শব্দচয়ন নিয়ে বিতর্কের সৃষ্টি হয়।
বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন দাবি করে, কবি হিন্দুদের পবিত্র প্রতীক ‘ত্রিশূল’ নিয়ে কুরুচিকর মন্তব্য করে হিন্দুধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন।
কবিতা প্রকাশের পর অর্ণব সরকার নামের শিলিগুড়ির এক কলেজছাত্র শিলিগুড়ি থানায় শ্রীজাতের বিরুদ্ধে সাইবার অপরাধের অভিযোগে লিখিত অভিযোগ করেন। ভারতীয় দণ্ডবিধির ২৯৫–এ (ধর্মীয় অনুভূতিতে আঘাত) এবং তথ্যপ্রযুক্তি আইনের ৬৭ ধারায় মামলাটি করা হয়।