নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কার্যালয় অগ্নিসংযোগ করা হয় গত ১৯ নভেম্বর। এই ঘটনায় ২১ নভেম্বর রাতে ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক ফারুক মাতবর বাদী হয়ে থানায় ৬৮ জন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পাশাপাশি আরও ৩০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।
তবে এই মামলার ভেতর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদককে ছাত্রলীগ সাজিয়ে মামলার আসামী করার অভিযোগ উঠেছে। মামলার আসামী তালিকায় নাম আসা ছাত্রদল নেতা দাবী করেন, রাজনৈতিক বলয়ের মতপার্থক্যের কারনেই তাকে ও তাঁর বাবাকে এই মামলায় আসামী করা হয়েছে।
জানা গেছে, গত ১৯ রাত ২ টায় সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লালখাঁ এলাকায় আগুন দিয়ে বিএনপি কার্যালয়ের চেয়ার ও পর্দা পুড়িয়ে দেয়া হয়। এই ঘটনায় ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক ফারুক মাতবর বাদী হয়ে মামলা দায়ের করেন।
মামলার পাঁচ ও ছয় নম্বর আসামীর তালিকায় রাখা হয়েছে আলতাফ সরদার (৪৫) ও মেহেদী হাসানকে (২৮)। তারা দুজন বাবা ও ছেলে। মামলার এজাহারে আলতাফ সরদারের কোন পদবী উল্লেখ না করা হলেও মেহেদী হাসানকে ছাত্রলীগ নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে।
অভিযুক্ত মেহেদী হাসান বলেন, ‘আমি ২০২২ সালে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক পদে ছিলাম। তখন আমার জেলা সভাপতি ছিলেন মশিউর রহমান রনি। আমি দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত। মূলত মামলার বাদী ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক আমাদের দূর সম্পর্কের আত্মীয়। সেই বিএনপির এক বলয়ের রাজনীতি করে, আমরা আরেক বলয়ের রাজনীতি করি। এই কারনেই আমাদের নামে মামলা দিয়ে হয়রানি করছে।’
মামলার তালিকায় নাম থাকা মেহেদী হাসান যে আপনিই এটা কিভাবে নিশ্চিত হলেন এমন প্রশ্নে বলেন, ‘আমার বাবা ও আমার নাম একসাথে দিয়েছে। আমি মামলার বাদী ফারুক মাতবরের সাথে কথা বলেছি। সে আমাকে বলছে, এটা উপর থেকে আসছে। আমি শুধু বাদী হিসেবে সাইন করছি।’
জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমানে সভাপতি পদপ্রার্থী মেহেদী হাসান দোলন বলেন, ‘যাকে মামলার আসামী করা হয়েছে সে ছাত্রদলের সক্রিয় নেতা। আওয়ামী লীগ আমলে আন্দোলন সংগ্রামে ভুমিকা রেখেছে। এটা লজ্জাজনক যে বিএনপি কার্যালয় পোড়ানোর মামলায় ছাত্রদল নেতাকে আসামী করা হয়েছে।’
এই বিষয়ে মামলার বাদী ফারুক মাতবর বলেন, ‘এটা সাংগঠনিক ব্যাপার স্যাপার। কোন খানে কার নাম দিছে ওইটা তো বুঝা যায় না। মিসটেকও হইতে পারে দুই একটা। যারা মামলা দিয়েছে তারা হয়তো জানে না ছেলেটা বিএনপির সাথে সংশ্লিষ্ট।’
কিন্তু মামলার বাদী তো আপনি এমন প্রশ্নে বলেন, ‘ভাই এটা সাংগঠনিক ব্যাপার, একটু বুঝেন বিষয়টা। থানা থেকে যেভাবে নির্দেশনা আসছে আমি সেভাবে ওয়ার্ড বিএনপির সেক্রেটারি হিসেবে মামলার বাদী হইছি। উনারা যা বলবো আমার তো সেভাবেই কাজ করতে হবে।’
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম বলেন, ‘মামলার ভেতর ছাত্রদলের কেউ আছে কিনা এটা বাদী বলতে পারবে। আমরা তো কারও দলীয় পরিচয় দেখিনা। আমরা বাদীর অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করেছি। পরবর্তীতে তদন্তে বিস্তারিত বেরিয়ে আসবে।’