Image description

চুয়াডাঙ্গার সদরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে টিকটকে ভিডিও প্রকাশের অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসী তার বাড়ি ঘেরাও করেন। পরে তাকে ঘরের ভেতরে রেখে দরজায় তালা লাগিয়ে পুলিশকে খবর দেওয়া হয়। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পেছনের জানালা ভেঙে বাড়ি থেকে পালিয়ে যান ওই নারী।

রোববার (২২ নভেম্বর) রাতে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ওই নারীর সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

সিন্দুরিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ আমিনুল ইসলাম জানান, স্থানীয় বিএনপির নেতারা বিষয়টি পুলিশকে মৌখিকভাবে অবহিত করেন। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও বিষয়টি জানানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা খুলে ওই নারীকে সেখানে পাননি। ঘরের পেছনের একটি জানালা ভাঙা অবস্থায় দেখতে পান তারা। ধারণা করা হচ্ছে, ওই জানালা দিয়েই তিনি পালিয়ে গেছেন। বর্তমানে তার অবস্থান শনাক্তের চেষ্টা চলছে।

অভিযুক্ত নারীর স্বামী পেশায় একজন ফল ব্যবসায়ী। তিনি জানান, তার স্ত্রী প্রধানমন্ত্রীকে নিয়ে টিকটকে ভিডিও প্রকাশ করেছেন, সে বিষয়ে তিনি আগে কিছুই জানতেন না। সকালে কাজের প্রয়োজনে বাড়ির বাইরে ছিলেন। পরে অন্যদের কাছ থেকে বাড়ি ঘেরাও হওয়ার খবর এবং এর কারণ জানতে পারেন। স্ত্রীর এমন কর্মকাণ্ডে তিনি দুঃখ প্রকাশ করেন।

উপজেলা বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম বলেন, ওই নারী দীর্ঘদিন ধরে টিকটকে বিভিন্ন ধরনের ভিডিও প্রকাশ করে আসছেন। শনিবার সকালে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের ভিডিওটি নেতাকর্মীদের নজরে আসে। এরপর সকাল সাড়ে ১০টার দিকে দলীয় নেতাকর্মীরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে তার বাড়িতে যান। তবে তাকে বাড়িতে আর পাওয়া যায়নি। পেছনের জানালা ভেঙে তিনি বেরিয়ে গেছেন সম্ভবত।