ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় প্রতিবাদ মশাল মিছিল করেছে ডাকসু।
আজ রবিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্ভীক জুলাই চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। এতে ডাকসুর বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।
মিছিল শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ডাকসু জিএস এস এম ফরহাদ বলেন, আওয়ামী লীগ অতীতেও হত্যাকাণ্ড, গণহত্যা ও অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ড চালিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পরও থানা লুট, থানায় আগুন, বাড়িতে অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে বলে তিনি অভিযোগ করেন।
এর আগে আজ সকালে নিজের ফেসবুক পোস্টে সাদিক কায়েম অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা তার বাড়িতে হামলার চেষ্টা চালিয়েছে। হামলাকারীরা বাড়ির চারপাশে পেট্রলবোমা নিক্ষেপ করে এবং ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। তাদের উদ্দেশ্য ছিল পুরো বাড়িতে আগুন দেওয়া।
স্ট্যাটাসে সাদিক কায়েম অভিযোগ করেন, জুলাইপন্থী ছাত্র-জনতার ওপর হামলা, হুমকি ও ভীতি প্রদর্শনের মাধ্যমে আওয়ামী লীগের লোকজন আবারও রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছে। এ ধরনের চোরাগোপ্তা হামলা তাদের লড়াইকে আরও দৃঢ় করবে। বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদী আওয়ামী রাজনীতির পুনর্বাসন হতে দেওয়া হবে না বলেও উল্লেখ করেন তিনি।
সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়া প্রসঙ্গে ডাকসুর জিএস ফরহাদ বলেন, ডাকসুর ভিপি সাদিক কায়েমের বাড়িতে তার মা-বাবা ও বোনকে হত্যার উদ্দেশে বাসার চারপাশে পেট্রল দিয়ে আগুন দেওয়া হয়েছে। আরেক দফায় হত্যা নিশ্চিত করার জন্য যেই গেট দিয়ে সাধারণত বের হওয়ার কথা, সেই গেটে আলাদা কেরোসিন দিয়ে ডাবল আগুন ধরানো হয়েছে, যাতে করে কেউ বের হতে না পারে।
তিনি অভিযোগ করেন, হামলার আশঙ্কার কথা সাদিক কায়েম আগেই স্থানীয় পুলিশ সুপার ও থানার ওসিকে জানিয়েছিলেন। এরপরও তার পরিবারের নিরাপত্তায় পুলিশ কার্যকর ব্যবস্থা নেয়নি।
সরকারের সমালোচনা করে ফরহাদ বলেন, ‘সরকারের দায়িত্ব ছিল আমাদের নাগরিকদের, আমাদের শিক্ষার্থীদের, আমাদের ক্যাম্পাসের, থানাগুলোর, বাড়িগুলোর নিরাপত্তা নিশ্চিত করা।