ছাত্রজনতার অভ্যুত্থানে পতনের পর থেকে ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সাহসী হলে দেশে না থেকে পালালেন কেন— এমন প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি অভিযোগ করে বলেন, পাশের দেশে পালিয়ে গিয়ে মাঝেমধ্যে অডিও বার্তা পাঠাচ্ছে। দেশে নাশকতা ও সহিংসতা চালাতে অর্থ পাঠানো হচ্ছে।
রোববার (২২ নভেম্বর) বিকেলে রাজধানীর মতিঝিলের ব্রাদার্স ক্লাবের সামনে সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দল আয়োজিত প্রতিবাদ মিছিলে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, ‘আন্দোলনে তাড়া খেয়ে, ধাওয়া খেয়ে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। তার চেহারা কেউ দেখতে পারে না। মাঝে মাঝে তার কিছু লোক অডিও বার্তা পাঠায়। আপনি যদি এতই সাহসী হন, তাহলে দেশে থাকলেন না কেন, পালালেন কেন? পার্শ্ববর্তী দেশে গেলেন কেন? সেখান থেকে আপনার চেহারা দেখানো যায় না?’
তিনি আরও বলেন, ‘কাউকে ককটেল কেনার টাকা পাঠানোর কথা বলা হচ্ছে। টাকার তো অভাব নেই। বাংলাদেশ ব্যাংকের ৮০৮ কোটি টাকা আছে, লুটপাটের টাকা আছে, সোনালী ব্যাংক, বেসিক ব্যাংকের। এরপর মেগা প্রকল্প, পদ্মা সেতু, মেট্রোরেল—অনেক টাকা তাদের কাছে। সুতরাং টাকা পাঠাতে তো কোনো অসুবিধা হয় না।’
ককটেল বিস্ফোরণের জন্য অর্থ দেওয়ার অভিযোগ তুলে বিএনপির এই নেতা বলেন, ‘কেউ কেউ বলে, বিকাশে একটি ককটেল মারার জন্য ১০ হাজার টাকা দেওয়া হয়। কেউ বলে ২০ হাজার টাকা দেওয়া হয়। এই টাকা কাদের দেওয়া হয়? কিশোর গ্যাংয়ের ছেলেদের, মাদকসেবীদের এবং ছোট ছোট টোকাইদের দেওয়া হয়।’
গোপালগঞ্জে সহিংসতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘জিলানী ছাত্রজীবন থেকে রাজনীতি করে এসেছে। তার বাড়ি এবং আত্মীয়স্বজনের বাড়িতেও হামলা ও আগুন দেওয়া হয়েছে। শেখ হাসিনা চিন্তা করতে পারেননি যে টুঙ্গিপাড়ায় তার আসনে জিলানী জিতে যাবে। এটা তিনি ভাবতে পারেননি। এই দুঃখে সে পাগল হয়ে গেছে। সে যখন থেকে রাজনীতিতে নেমেছে তার একটাই নেশা—প্রতিশোধ আর রক্তের নেশা।’
শেখ হাসিনার বিরুদ্ধে বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা ও নির্যাতনের অভিযোগ তুলে রিজভী বলেন, ‘এই রক্তের নেশা তার যায় না। ক্ষমতায় থাকলেও গুম করে, খুন করে, ক্রসফায়ার দেয়, বিরোধী দলের নেতাকর্মীদের গুপ্তহত্যা চালায়। এখন পালিয়ে যাওয়ার পরও তার রক্তের নেশা যায়নি।’
সাম্প্রতিক সহিংসতার ঘটনা উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘আপনারা দেখুন, এই তিন-চার দিনে ফরিদপুরের ভাঙ্গায় রাজু মোল্লার জীবন কেড়ে নিয়েছে। নড়াইলের কালিয়ায় সোহেল রানা ও শাহিনুর রহমানের জীবন কেড়ে নিয়েছে। একের পর এক আগুন দিচ্ছে। ৮০টি গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন দিয়েছে, পেট্রোল বোমা মেরেছে। বিভিন্ন নেতার বাড়িতে হামলা চালিয়েছে। আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় পেট্রোল বোমা মেরেছে। এভাবে বিএনপির বিভিন্ন নেতার বাসায় তারা ভয়ংকর সর্বনাশা খেলায় মেতেছে।’
আওয়ামী লীগের নেতাকর্মীদের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, ‘আল্লাহতায়ালা তো ফেরাউনকে সমুদ্রের মধ্যে ডুবিয়ে দিয়েছিলেন। আর এও সমুদ্রের মধ্যে ডুবে গেছে, ভারতের সমুদ্রে। কিন্তু তাকে আবার দেখা যায় না। তার লোকদের দিয়ে বিভিন্ন বার্তা আসে। সেও নাকি মাঝে মাঝে বার্তা দেয়, আমরা শুনি। তারা যে বার্তা দেয়, সেগুলো হিংস্রতার বার্তা, রক্তপাত ঘটানোর বার্তা।’
রিজভী বলেন, ‘আওয়ামী লীগের এক মন্ত্রী ছিল, মোজাম্মেল হক। তিনি বলেছিলেন, বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে তিনটি করে বাড়ি পুড়িয়ে দাও। এদের মধ্যে মানবতা নেই, ভালোবাসা নেই। এরা রাজনীতি মানেই মনে করে মানুষ খুন, যারা তাদের বিরুদ্ধে আছে তাদের ধ্বংস করে দেওয়া।’
আওয়ামী লীগকে ‘জাতীয় শয়তান’ আখ্যা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘পার্লামেন্টে আইন করা উচিত আওয়ামী লীগ জাতীয় শয়তান। জাতীয় শয়তান হিসেবে তাদেরকে বিবেচনা করা। আর শয়তানের কোথাও কোনো জায়গা নাই।’
বর্তমান সরকারের ভূমিকার প্রশংসা করে রিজভী বলেন, ‘আজকে দেখুন, তারেক রহমানের সরকার এত গাড়ি পোড়ানো, বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হত্যা, এতগুলো ব্যাংকে আগুন এবং বিএনপি নেতাদের বাড়িতে আগুন দেওয়ার পরও কোনো হিংস্র আচরণ করেনি। আমরা বলেছি, যারা অপরাধ করছে, যারা আগুন লাগাচ্ছে, যারা সন্ত্রাসী কাজ করছে, যারা ককটেল ও বোমা বিস্ফোরণ করছে, তাদের আইনের আওতায় এনে আইনসম্মতভাবে বিচার করুন। দেশের প্রধানমন্ত্রীও তাই বলেছেন।’
তিনি বলেন, ‘গোপালগঞ্জ তো আর বেলুচিস্তান না, গোপালগঞ্জ তো রাজস্থান না, থাইল্যান্ডও না; গোপালগঞ্জ বাংলাদেশের মধ্যে। সরকারপ্রধান তারেক রহমান চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে নিষ্ঠুরভাবে দমন করতে পারতেন। কিন্তু তিনি সেটা করেননি। যারা অপরাধ করছে, যারা মানুষের রক্ত চুষে নিচ্ছে, সেই রক্তচোষাদের আইনের আওতায় এনে বিচার করা দরকার।’
নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘রাস্তায় রাস্তায় পাহারা দেবেন, যাতে ওই জাতীয় শয়তানদের চলাচলের বিষয়ে খেয়াল রাখতে ও নজর রাখতে পারেন। কারণ তারা সর্বনাশা ধ্বংসের খেলায় মেতেছে।’
আওয়ামী লীগের নেতাকর্মীদের বিপুল অর্থসম্পদের মালিক হওয়ার অভিযোগ তুলে রিজভী বলেন, ‘তারা ১৭ বছর অনেক টাকা আয় করেছে। টাকার অভাব নেই। ওয়ার্ড পর্যায়ের একজন নেতারও টাকার শেষ নেই। আমি গত পরশুদিন যশোরে বিমানে করে আসছিলাম। বিমানে যাত্রী কম, ফ্লাইটও কমে গেছে। সেখানকার একজন স্টাফ বললেন, এই বিমানে আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশি যাতায়াত করতেন। ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতারাও ঢাকা থেকে যশোরে বিমানে যাতায়াত করতেন। এখন তারা পালিয়ে গেছেন।’
তিনি আরও বলেন, ‘ওই ওয়ার্ড পর্যায়ের নেতার এত টাকা কোথা থেকে? ওই টাকাই বাংলাদেশের ব্যাংকের টাকা, সোনালী ব্যাংকের টাকা, বেসিক ব্যাংকের টাকা। ওটাই পদ্মা সেতু ও বড় বড় মেগা প্রকল্পের টাকা।’
পূর্বাচলে জমি বরাদ্দ ও সম্পদ অর্জন নিয়েও সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলে রিজভী বলেন, ‘আপনার বাড়ি আছে ধানমন্ডিতে। আপনার ছেলের জন্য, আপনার মেয়ের জন্য, আপনার লন্ডনে থাকে ভাগ্নির জন্য, আপনার ভাগ্নার জন্য ৬০ কাঠা জায়গা পূর্বাচলে লাগে। দেশের প্রচলিত আইন অনুযায়ী তো আপনি এই সম্পদ পান না। কিন্তু আপনি প্রধানমন্ত্রী। আপনার এতই ক্ষমতা, সেই ক্ষমতার জোরে বেআইনিভাবে সম্পদ করেছেন, টাকা আত্মসাৎ করেছেন। আপনার লোকেরাও টাকা আত্মসাৎ করেছে।’
সবশেষে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার বিরোধিতা করে তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, ন্যায়বিচারের পক্ষে। তাই যারা জনগণের সঙ্গে শত্রুতা করেছে, যারা জাতীয় শয়তান হিসেবে জনগণের কাছে বিবেচিত, তাদের এই দেশে নতুন করে রাজনীতি করার কোনো সুযোগ নেই।’