আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে শ্রমিকদের চলমান সমস্যার সমাধান এবং ১ জানুয়ারি থেকে নতুন মজুরি কার্যকরের প্রত্যাশা জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামছুর রহমান শিমুল বিশ্বাস।
তিনি বলেন, মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে সমঝোতা না হলেও মজুরি বোর্ডের চেয়ারম্যানের সিদ্ধান্তের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হবে।
আজ শনিবার রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে ট্রেড ইউনিয়ন প্রতিনিধিদের সঙ্গে মজুরি বোর্ডের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। গার্মেন্টস শিল্প মজুরি বৃদ্ধি অ্যালায়েন্স আয়োজিত এ সভায় ঢাকা বিভাগের ৬০টির বেশি কারখানার ইউনিয়ন প্রতিনিধিরা অংশ নেন।
এই সংসদ সদস্য বলেন, বাংলাদেশের ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং সর্বশেষ ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শ্রমজীবী মানুষের ভূমিকা রয়েছে। শ্রমিক শ্রেণির ত্যাগ অনেক বেশি। বঞ্চনাও বেশি।
গার্মেন্টস শিল্পে চলমান অস্থিরতা, আন্দোলন এবং বিভিন্ন রাজনৈতিক পক্ষের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, শ্রমিকদের নিজস্ব দাবি, ক্ষোভ ও অধিকার রয়েছে। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের জন্য সুস্থ ট্রেড ইউনিয়ন গড়ে তোলা প্রয়োজন। গার্মেন্টস শিল্পে ট্রেড ইউনিয়ন গঠনে দীর্ঘদিন বাধা দেওয়া হয়েছে। ফলে বিভিন্ন সময় আন্দোলন নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। শ্রমিক ও মালিকদের মধ্যে কার্যকর আলোচনার জন্য ট্রেড ইউনিয়ন গুরুত্বপূর্ণ।
শ্রমিক আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার কথা উল্লেখ করে শিমুল বিশ্বাস বলেন, আন্দোলনে দমন-পীড়ন না করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছিল। শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। মালিকরা বিভিন্ন অজুহাতে পাওনা দিতে না চাইলে সরকারকে শ্রমিকদের পক্ষে অবস্থান নিতে হবে। শ্রমিকদের পাওনা মালিকরা দেবেন, শ্রমিকরা তা গ্রহণ করবেন। সরকারের কাজ মধ্যস্থতা ও সহযোগিতা করা।
শ্রমিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে শিল্পাঞ্চলে ছয়টি হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়ার কথা জানান শিমুল বিশ্বাস। তিনি বলেন, চলমান আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে একাধিকবার সরাসরি আলোচনা হয়েছে। তখন বিষয়টি তাকে জানানো হয়। প্রধানমন্ত্রী তাৎক্ষণিক স্বাস্থ্যমন্ত্রীকে ফোন করে শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য দ্রুত হাসপাতাল নির্মাণের কথা জানান।
শিমুল বিশ্বাস বলেন, নারায়ণগঞ্জ, টঙ্গী, কালিয়াকৈর, সাভার, আশুলিয়া ও চট্টগ্রামের মতো শ্রমঘন এলাকায় হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয়েছে। এরই মধ্যে প্রাথমিক কাজ শুরু হয়েছে। শ্রমিকদের জন্য বিশেষায়িত চিকিৎসাসেবা, ওষুধ, অস্ত্রোপচারসহ প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা থাকা উচিত। প্রয়োজনে অস্থায়ী চিকিৎসাকেন্দ্র চালু করে চিকিৎসক নিয়োগের মাধ্যমে দ্রুত সেবা শুরু করা যেতে পারে।
শিল্পাঞ্চলের শ্রমিকদের সাশ্রয়ী মূল্যে রেশনিং কার্যক্রমের আওতায় আনার প্রস্তাবের কথা তুলে ধরে তিনি বলেন, শিল্পাঞ্চলে শ্রমিকদের বসবাসের এলাকায় কম দামে খাদ্য সরবরাহের কার্যক্রম চালু করতে সরকার উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে অনেক শ্রমিক এ সুবিধার আওতায় এসেছেন। শ্রমিক পরিবারের বয়োবৃদ্ধ সদস্যদের ফ্যামিলি কার্ডের আওতায় আনা যায় কি না, সেই চেষ্টাও চলছে।
শ্রমিকদের মধ্যে পুলিশের আচরণ নিয়ে ক্ষোভ রয়েছে উল্লেখ করে শিমুল বিশ্বাস বলেন, শ্রমিকদের পরিচয় জানতে চাওয়া, বিভিন্ন শ্রমিক কলোনিতে গিয়ে জিজ্ঞাসাবাদ করা এবং আতঙ্ক সৃষ্টি করার মতো আচরণ বন্ধ করা উচিত। পুলিশকে জবাবদিহির মধ্যে আনতে হবে এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
গার্মেন্টস শিল্প মজুরি বৃদ্ধি অ্যালায়েন্সের আহ্বায়ক নাজমা আক্তারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, বাংলাদেশ গার্মেন্টস ও ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তার, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান এবং গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষ।