Image description

যশোরের বুক চিরে বয়ে চলা ভৈরব নদের পানিতে তাকালে নিজের কিংবা আকাশের কিছুর প্রতিবিম্ব দেখা যায় না। বাসাবাড়ি, রেস্তোরাঁ ও হাসপাতালের বর্জ্যে এর পানি ঘনকালো। সেই সঙ্গে কচুরিপানা জমে ভাগাড়ে পরিণত হয়েছে এই নদ।

প্রিয় নদের এই দশা পীড়া দেয় তরুণ চিকিৎসক সাদিয়া মনোয়ারা ঊষাকে। সরকার যখন উদ্যোগ নিচ্ছে না তখন, ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে’ মন্ত্রে নিজেই নেমে গেলেন প্রাণ ফেরানোর লড়াইয়ে।

তবে মাঠে নামতেই পাশে পেয়ে গেলেন আরও হাত। ভৈরবের দুর্গন্ধযুক্ত নোংরা পানিতে নেমে তারা শুরু করেন কচুরিপানা অপসারণ। সেই ছবি নিজের ফেসবুক পেজে আপলোড করে যশোরবাসীকে আহ্বান জানান ভৈরবকে আদিরূপে ফেরানোর। এ আহ্বানে পাওয়া গেছে অভূতপূর্ব সাড়া।

গত ৯ নভেম্বর সকালে ভৈরব পাড়ে জড়ো হন অর্ধশতাধিক তরুণ-তরুণী। এরপর নেমে পড়েন ভাগাড়ে পরিণত হওয়া দুর্গন্ধযুক্ত নদটিতে। স্বেচ্ছাশ্রমে শুরু করেন কচুরিপানা অপসারণের কাজ।

তাদের পরিশ্রমে দড়াটানা ব্রিজের পূর্ব ও পশ্চিমপাশের অনেকটাই এখন পরিষ্কার। তবে স্বেচ্ছাশ্রমে সাময়িকভাবে আবর্জনা সরানো সম্ভব হলেও, ভৈরবের বুকে স্বচ্ছ পানি ফেরাতে প্রশাসনকেই নিতে হবে দীর্ঘমেয়াদি উদ্যোগ, মনে করছেন এসব তরুণ-তরুণী।

 

অভিযানে অংশ নেওয়া স্বেচ্ছাসেবক তারিক মাহবুব টাইমসকে বলেন, ‘হাসপাতালের বর্জ্য, ইনজেকশনের সুচ, কাচসহ নানা ঝুঁকিপূর্ণ জিনিস রয়েছে এই নদীর পানিতে। তারপরও চিকিৎসক ঊষার ফেসবুক পোস্ট দেখে এই উদ্যোগে যুক্ত হয়েছি।’

ভৈরব নদে কচুরিপানা পরিষ্কার
ছবি: টাইমস

‘ওয়াফ ফাউন্ডেশন’-এর ব্যানারে প্রায় ১০০ স্বেচ্ছাসেবক কয়েকদিন আগে নদে নেমে কচুরিপানা পরিষ্কার করেছে। প্রতিদিন যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন সংগঠনের সদস্য ছাড়াও যোগ দিচ্ছেন স্থানীয় বাসিন্দারাও।

 

দেখাদেখি নদ পরিষ্কারে যোগ দেন যশোরের রাজশাহী বিশ্ববিদ্যালয় ফোরামের সদস্যরা। ফোরামের সদস্য আইনজীবী মোস্তফা হুমায়ুন কবীর টাইমসকে বলেন, ‘স্থানীয় প্রশাসনের দায়সারা ভাবের কারণে নদের আজ এই অবস্থা। ডাক্তার ঊষার একার এই উদ্যোগে বাড়িতে থাকতে পারলাম না।’

 

 

ভৈরব নদ সংস্কার ও দূষণ প্রতিরোধ নিয়ে দীর্ঘদিন কাজ করছে জনউদ্যোগ যশোর। তাদের সদস্যরাও অংশ নেন এই অভিযানে।

সংস্থাটির যশোর কেন্দ্রের ব্যবস্থাপক বীথিকা সরকার টাইমসকে বলেন, ‘নদী খননের আগে পাড়সহ নদটির প্রস্থ ছিল ২৬৩ ফুট, খননের পর তা কমে দাঁড়িয়েছে ১০০ ফুটে। বিপুল অর্থ ব্যয়ে খননকাজ সম্পন্ন হলেও নদটির বর্তমান অবস্থা নিয়ে হতাশা রয়েছে।’

তবে এক দিনের স্বেচ্ছাশ্রমে ভৈরবের সব সংকট দূর হবে না বলে মন্তব্য করে তিনি কার্যকর সরকারি উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।

যশোর শহরের বুক চিরে বয়ে চলা ভৈরব নদে জোয়ার-ভাটা ফিরিয়ে আনতে ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে খননকাজ করা হয়। তবে খননের পর নিয়মিত রক্ষণাবেক্ষণ না করায় আবারও কচুরিপানা ও ময়লায় ঢেকে গেছে নদটি। আশপাশের হাসপাতাল, হোটেল, দোকান ও বাসাবাড়ির বর্জ্যও সরাসরি নদে ফেলা হচ্ছে। এতে ছড়াচ্ছে দুর্গন্ধ, বাড়ছে মশার উপদ্রব।

শহরের ঘোপ ও বারান্দিপাড়া এলাকায় বেড়ে ওঠা সাদিয়া মনোয়ারা ঊষার শৈশব-কৈশোরের স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে ভৈরব নদ। তিনি খুলনা মেডিকেল কলেজের ২০তম ব্যাচের শিক্ষার্থী এবং ৩৯তম বিসিএসের স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা। বর্তমানে ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরে চিকিৎসা কর্মকর্তা হিসেবে কর্মরত। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের হয়ে কঙ্গোতেও দায়িত্ব পালন করেছেন।

 

ভৈরব নদে কচুরিপানা পরিষ্কার
ছবি: টাইমস

কর্মজীবনে নানা জায়গায় দায়িত্ব পালন করলেও নিজের শহরের ভৈরবের এমন দুরবস্থা তাকে নাড়া দেয়। কেননা ভৈরব নদ যশোরের ইতিহাস, ঐতিহ্য ও জনজীবনের সঙ্গে মিশে থাকা এক প্রাচীন জলধারা। একসময় যে নদ ছিল শহরের প্রাণ, সেই ভৈরবের বর্তমান চিত্র তাকে ব্যথিত করে। তাই প্রতিদিন সকালে নিজেই পানিতে নেমে করেন কচুরিপানা পরিষ্কার।

 

ঊষা বলেন, ‘সুস্থ থাকতে শুধু ওষুধ ও জীবনযাত্রার পরিবর্তন যথেষ্ট নয়, প্রয়োজন সুন্দর পরিবেশও। কিন্তু শহরের প্রাণ ভৈরব নদ এখন বড় ড্রেনে পরিণত হয়েছে। নদীর দুই পাশের হাসপাতাল, মাংসের দোকান ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বর্জ্য ফেলা হচ্ছে।’

তার শুরুটা একটি সুন্দর স্বপ্ন থেকে। সেই স্বপ্নটা এমন: ভৈরবের স্বচ্ছ পানিতে আবার আকাশের ছায়া পড়বে, জ্যোৎস্না রাতে দেখা যাবে চাঁদ।

মানুষের সাড়ায় মুগ্ধ ঊষা। তিনি বলেন, ‘চিকিৎসক হিসেবে রোগীকে সুস্থ করতে যেমন আশা ছাড়ি না। তেমনি এই ভৈরব বাঁচাতে আশা ছাড়ছি না। আর আমার এই স্বপ্ন এখন আর একার নয়, তাতে শামিল হয়েছেন অনেক মানুষ। তবে এই পথ অনেক কঠিন। নদীর প্রবাহ ফিরিয়ে আনা, দখল বন্ধ ও সঠিক ব্যবস্থাপনা জরুরি।’

 

স্বেচ্ছাসেবীদের উদ্যোগকে স্বাগত জানিয়েছে যশোর পৌরসভা। প্রতিষ্ঠানটির পানি ও পয়োনিষ্কাশন বিভাগের প্রকৌশলী কামাল হোসেন টাইমসকে বলেন, ‘ভৈরব নদ যশোরের ঐতিহ্য ও শহরের প্রাণ। নদ পরিষ্কারে সাধারণ মানুষের এগিয়ে আসা প্রশংসনীয়। নদে বর্জ্য ফেলা বন্ধ এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে পৌরসভা দ্রুত পদক্ষেপ নেবে। এ কাজে পানি উন্নয়ন বোর্ডসহসংশ্লিষ্ট সংস্থাগুলোকেও যুক্ত করা হবে।’

ঊষার পরিশ্রম দেখে খুশি হয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এক লাখ টাকা অনুদান পাঠিয়েছিলেন। কিন্তু বিনয়ের সঙ্গে সেই টাকা ফিরিয়ে দিয়েছেন উষা।

এক চিঠিতে তিনি প্রতিমন্ত্রীকে লেখেন, ‘আমরা টাকা না নেওয়ার নীতিতে অটল। আমরা আপনার উপস্থিতি চাই। আপনি মাত্র এক মিনিট এসে নদীর দিকে তাকালে যে কাজ হবে, তা এক কোটি টাকা দিয়েও হবে না।’