Image description

বৃষ্টি হয়তো আশীর্বাদ হয়েই এসেছে জোহানেসবার্গে, তবে সেটা বাংলাদেশের জন্য। দিনের খেলার তখনও প্রায় দেড় ঘন্টা মত বাকি। বাংলাদেশের রান দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১০০। পিছিয়ে আছে ৫৭ রানে। আলো ঠিকঠাক থাকলে আর বৃষ্টি না হলে হয়তো দিনের খেলার বাকি সময়টাতেই  হাতের ৫ উইকেট হারিয়ে ফেলত বাংলাদেশ, আরো একটা ইনিংস ব্যবধানে হার জুটত দক্ষিণ আফ্রিকার মাটিতে। এখন অন্তত খেলাটা পঞ্চম দিনে নেবার তৃপ্তি থাকছে!

একটা সময় লিড নেবার স্বপ্ন দেখতে থাকা বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে ১৫৭ রানে এগিয়ে যেতে দিল নিজেদের ভুলেই। কাগিসো রাবাদাকে স্বপ্নের মত এক টেস্ট ম্যাচ উপহার দিচ্ছেন সবাই মিলে। ম্যাচের প্রথম বলে উইকেট, ব্যাটিংয়ে ৩৮ রানে প্রতিপক্ষ অধিনায়কের কল্যানে ক্যাচ দিয়েও বেঁচে যাবার পর টেস্টে নিজের দ্বিতীয় হাফসেঞ্চুরি  ও সর্বোচ্চ ইনিংস খেলা...সবই হচ্ছে রাবাদার। হচ্ছে না মুমিনুলের। দক্ষিণ আফ্রিকায় আগেও রান করতে পারেননি, এবারও পারলেন না। শুন্য'র পিঠে এক, এই হচ্ছে দুই ইনিংসের খেরো খাতা।

অভিষেকে প্রথম বলেই আউট হওয়া মাহফিজুল ইসলাম রবিন এবার করেছেন ৩২ রান, শান্ত করেছেন ১১ আর তাওহীদ হৃদয় ২৩। মুশফিক ৫ রানে অপরাজিত আর লিটন ১২ রানে।