Image description

গত কয়েকদিন ধরে দেশজুড়ে পতিত ও পলাতক ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগের ধারাবাহিক পেট্রোল বোমা নিক্ষেপ, আগুন সন্ত্রাস, নিরীহ মানুষ পুড়িয়ে হত্যা, থানায় অগ্নিসংযোগ, একজন সংসদ সদস্যের বাড়িতে আগুন এবং অসংখ্য রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

 

জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার কাছে পরাজিত ও বিতাড়িত হয়ে আওয়ামী লীগ এখন দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, এই পুরো সন্ত্রাসবাদী ও নাশকতামূলক কার্যক্রমের পরিকল্পনা, অর্থায়ন এবং পরিচালনা সরাসরি ভারতে অবস্থানের মাধ্যমে সম্ভব হচ্ছে। ভারতে আশ্রয়প্রাপ্ত এবং ভারতীয় মদদে থাকা আওয়ামী লীগের পলাতক শীর্ষ নেতাদের অনলাইনে দেওয়া প্রকাশ্য নির্দেশেই দেশের ভেতরে এই নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও হত্যাযজ্ঞ চালানো হচ্ছে।

 

​বিবৃতিতে আরও বলা হয়, সন্ত্রাসীদের এই ধ্বংসযজ্ঞ থেকে দেশের একমাত্র নোবেল পুরস্কার জয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকও রেহাই পাচ্ছে না। প্রতিষ্ঠানটির অন্তত ৩৭ শাখায় সিরিজ সন্ত্রাসবাদী হামলা চালিয়ে দেশের অর্থনীতি ও আন্তর্জাতিক ভাবমূর্তিকে ক্ষুণ্ন করার গভীর ষড়যন্ত্র চলছে। দরিদ্র নারীদের ক্ষুদ্রঋণ প্রদানকারী এই সংস্থাটি বাংলাদেশের সম্পদ। এ ধরনের হামলা ও আগুন দেওয়ার ঘটনায় দেশের দরিদ্র পরিবারগুলো সরাসরি ভুক্তভোগী হচ্ছে। পাশাপাশি বৈশ্বিক দাতা সংস্থা ও বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর কাছে বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নেই-এমন অশুভ বার্তা যাচ্ছে।

 

​বিবৃতিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান সাংবিধানিক দায়িত্ব। চলমান এই আগুন সন্ত্রাস ও নাশকতা কঠোর হস্তে দমন করে অবিলম্বে জনমনে স্বস্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে হবে। একই সাথে বিদেশের মাটিতে বসে যারা বাংলাদেশের বিরুদ্ধে এই সন্ত্রাস পরিচালনা করছে, তাদের বিরুদ্ধে কূটনৈতিক ও আইনগত কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং মাঠ পর্যায়ের আওয়ামী নাশকতাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।

 

 

  •  

​দেশের মানুষের জানমাল ও সরকারি-বেসরকারি স্থাপনা যখন আক্রান্ত হওয়ার এই বাস্তবতায় সরকার হাত গুটিয়ে বসে থাকতে পারে না। জাতীয় সংসদের সরকারি ও বিরোধী দলের অন্তত দুইজন সংসদ সদস্যের বাড়ি আগুন সন্ত্রাসেএ শিকার হয়েছে। এই সন্ত্রাসী কর্মকাণ্ডটি জাতীয় সংসদ ও বাংলাদেশের সার্বভৌম অস্তিত্বকে অস্বীকার করে সংঘটিত হচ্ছে।

 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যেকোনো মূল্যে আইনানুগ পন্থায় দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সন্ত্রাসবাদ প্রতিরোধে নির্বাচিত সরকারকে আহ্বান জানাচ্ছে।