কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তাণ্ডবের জেরে গোপালগঞ্জজুড়ে গতকাল পরিস্থিতি ছিল খুবই থমথমে। জরুরি প্রয়োজন ছাড়া এদিন কাউকে ঘরের বাইরে বের হতে দেখা যায়নি। শহরজুড়ে চলছে সাঁড়াশি অভিযান।
এদিকে গোপালগঞ্জে আওয়ামী লীগের নৈরাজ্য রোধে তথা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, রিজার্ভ রেঞ্জ ফোর্স (আরআরএফ) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রায় দুই হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১০ প্লাটুন এবং এসআরএফ সদস্যরাও দায়িত্ব পালন করছেন। জেলার ৬৭ কিলোমিটার মহাসড়ক, পৌরসভা ও উপজেলা শহরগুলোতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। গতকাল এসব তথ্য তুলে ধরে ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোস্তাফিজুর রহমান আরও জানান, সাম্প্রতিক সহিংসতার ঘটনায় গোপালগঞ্জের পাঁচটি থানায় বেশকিছু গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারের সংখ্যা সম্পর্কে তিনি সুনির্দিষ্ট করে কিছু জানাননি। এদিন বিকালে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। মামলার প্রক্রিয়া চলছে। গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান ডিআইজি মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, সাম্প্রতিক সহিংসতার ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে। এছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে গতকাল কয়েকটি নাশকতামূলক ঘটনার খবর পাওয়া গেছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো বিবরণ-
পিরোজপুর : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা পিরোজপুরের নাজিরপুরে এসে বিএনপির দুটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। বিএনপির এক নেতার বসতবাড়িতেও ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করা হয়। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া থেকে আওয়ামী লীগের ২৫০ থেকে ৩০০ নেতা-কর্মীর মিছিল এসে এ তাণ্ডব চালায়। রবিবার বিকালে নাজিরপুরের মালিখালী ইউনিয়নের উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ : ফতুল্লার মাসদাইরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ব্যবহৃত একটি অস্থায়ী কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রবিবার গভীর রাতে ফতুল্লার উত্তর মাসদাইরের গাবতলী রোডে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, উত্তর মাসদাইরে আমানা গার্মেন্টস সংলগ্ন গাবতলী রোডে এনায়েতনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ব্যবহৃত টিনের তৈরি একটি অস্থায়ী কার্যালয় রয়েছে। রাত সোয়া ২টার দিকে দুটি মোটরসাইকেলে করে চারজন সেখানে এসে আগুন ধরিয়ে চলে যায়।
ঝিনাইদহ : রবিবার রাত ৩টার দিকে কালীগঞ্জ উপজেলার বারোবাজার রেলস্টেশনের মাস্টারের কক্ষের দরজা লক্ষ্য করে পরপর ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় কক্ষে স্টেশন মাস্টারসহ তিনজন কর্মচারী অবস্থান করছিলেন। দরজা বন্ধ থাকায় তাঁদের কোনো ক্ষতি হয়নি। তাঁরা জানান, মুখ বাঁধা কয়েকজন যুবক এ ঘটনা ঘটিয়েছে।
খুলনা : খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে রবিবার মধ্যরাতে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘এ ঘটনায় সন্ত্রাসী গোষ্ঠী, দুর্বৃত্ত বা ফ্যাসিবাদের দোসররা জড়িত থাকতে পারে।’ নাটোর : নাটোর শহরতলির দত্তপাড়ায় একটি সাদা মাইক্রোবাসে এসে জয় বাংলা স্লোগান দিয়ে ফাঁকা গুলি বর্ষণ করেছে দুর্বৃত্তরা। এলাকায় আতঙ্ক সৃষ্টির জন্য রবিবার রাত সাড়ে ১০টার দিকে এমন ঘটনা ঘটানো হতে পারে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ রাতেই আবু হানিফ ভুইয়া (৪৮) নামে একজনকে আটক করেছে। আবু হানিফ নাটোর সদরের লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের কাঁঠালবাড়িয়া গ্রামের হোসেন ভুইয়ার ছেলে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান বলেন, ‘দুর্বৃত্তরা ১৫ থেকে ২০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছেন বলে শুনেছি। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছি।’ এদিকে ফাঁকা গুলিবর্ষণ ঘটনার প্রতিবাদ জানিয়ে দত্তপাড়া বাজারে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : সিদ্ধিরগঞ্জে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সড়ক অবরোধ ও সরকারবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে আওয়ামী লীগের অজ্ঞাতনামা ২০-৩০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। ১০ নভেম্বর রাতে জালকুড়ি কড়ইতলার ঘটনায় ১৩ নভেম্বর রাতে সিদ্ধিরগঞ্জ থানায় এ মামলা করেন এসআই মো. ওয়ালিউল্লাহ।
এ ছাড়া সোনারগাঁয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ৯ পদধারী নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করছিলেন। সিলেট : সিলেট মহানগর থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাত নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে মদিনা মার্কেটস্থ আল মদিনা আবাসিক এলাকা থেকে ছয় এবং রিকাবিবাজার স্টেডিয়াম মার্কেট থেকে একজনকে আটক করা হয়।