সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটি আগামীকাল (সোমবার) তাদের প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার জাতীয় সংসদের অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এ তথ্য জানান এবং তার বক্তব্যে তদন্ত প্রভাবিত হওয়ার আশঙ্কা প্রকাশ করে নুসরাত তাবাসসুম জ্যোতির ব্যবহৃত ‘প্রভাবিত’ শব্দটি কার্যবিবরণী থেকে বাদ (এক্সপাঞ্জ) দেওয়ার জন্য স্পিকারের প্রতি অনুরোধ জানান।
সংসদে বক্তব্য রাখার সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, গত ১১ নভেম্বর দিবাগত রাত ১২টা ২০ মিনিটে কুষ্টিয়ায় নুসরাত তাবাসসুম জ্যোতির পিতা-মাতার বসবাসরত বাড়ির পাশে একটি টিনশেড আধা-পাকা ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি ১২ নভেম্বর সংসদে উত্থাপিত হলে তিনি ফায়ার ব্রিগেড, বিজিবি ও পুলিশের মহাপরিচালকসহ জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে দেন।
ডিডিএলজিকে প্রধান করে এবং বিজিবির একজন মেজর, পুলিশের একজন এএসপি ও ফায়ার সার্ভিসের অতিরিক্ত পরিচালকের সমন্বয়ে গঠিত এই কমিটিকে তিন দিনের সময় দেওয়া হয়েছিল উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শুক্র ও শনিবার তদন্ত শেষে আজ রোববার তাদের মেয়াদ শেষ হচ্ছে এবং আগামীকাল তারা চূড়ান্ত প্রতিবেদন দাখিল করবে।
আগের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, আমি সেদিন প্রাথমিক তদন্তের ধারণার ভিত্তিতে বলেছিলাম, সেখানে পেট্রোল বোমার কোনো চিহ্ন পাওয়া যায়নি এবং শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। আমি চূড়ান্ত (কনক্লুসিভ) কিছু বলিনি এবং বলেছিলাম তদন্ত শেষ হওয়ার পরই কথা বলা যাবে।
ঘটনাস্থলের ভিডিও ফুটেজ প্রসঙ্গে মন্ত্রী স্বীকার করেন, পরবর্তীতে তিনি ভিডিওটি দেখেছেন এবং সেখানে একজন নারীকে শিশু কোলে নিয়ে বের হতে দেখা গেছে। এছাড়া আগুনে একটি ছাগল মারা যাওয়ার বিষয়টি সত্য এবং সেখানে গরুও ছিল বলে তিনি শুনেছেন। এসব বিষয়ই তদন্তের আওতায় আসবে বলে তিনি জানান। পাশাপাশি এ ঘটনায় দায়ের করা ফৌজদারি মামলার আলাদা তদন্ত চলছে বলেও উল্লেখ করেন তিনি।
ফোনে হুমকি ও জিডি করার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অগ্নিকাণ্ডের রাতেই সংসদ সদস্য ঢাকার কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন, যেখানে সাইবার অপরাধের সাথে জড়িত কুচক্রী মহলকে শনাক্ত করার কথা বলা হয়েছে। তবে কোন নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছে, তা এখনো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) সরবরাহ করা হয়নি।