নিত্যপণ্যের লাগাতার দাম বাড়ায় সাধারণ মানুষ শুধু ঠিকমতো খাবার কিনতেই পারছে না, তাদের খাদ্যাভ্যাসও বদলে যাচ্ছে।
রাজধানী ঢাকায় মিরপুরের তালতলার মোল্লাপাড়ায় রাস্তার ধারে রান্না করা খাবার বিক্রি করেন মমতা। সেখানে এক প্লেট ভাত ও গরুর মাংসের দাম ১০০ টাকা, আর ডিম ও ভাতের দাম ৫০ টাকা।
তিনি লক্ষ্য করেছেন, আগে যেসব ক্রেতা ১০০ টাকা দিয়ে গরুর মাংস খেতেন, তারা এখন বাধ্য হয়ে কম দামি ডিম-ভাত খাচ্ছেন।
নিত্যপণ্যের দাম বাড়ার পাশাপাশি মানুষের আয়ও কমে গেছে। ব্যবসার অবস্থা খারাপ হওয়ায় লাখ লাখ মানুষের এই করুণ দশা হয়েছে। বড় শপিং মল থেকে শুরু করে রাস্তার সাধারণ দোকান—সব জায়গায় ব্যবসায়ীরা বলছেন, মানুষের কাছে টাকা না থাকায় বিক্রি কমে গেছে, ফলে তাদের আয়ও কমেছে।
কিন্তু সংসার তো আর খরচ ছাড়া চলে না। উল্টো গ্যাস ও বিদ্যুতের বিল বেড়ে যাওয়ায় চাপ আরও বেড়েছে। বাধ্য হয়ে মানুষ খাবারের খরচ কমাচ্ছে। দেশের অনেক মানুষের কাছে লড়াইটা এখন পুষ্টিকর খাবার খাওয়া নয়, বরং পেটে কোনোমতে একটু খাবার দেওয়া—যা তাদের স্বাস্থ্যের জন্য বড় ধরনের দীর্ঘমেয়াদি ঝুঁকি তৈরি করছে।
২০২৫ সালে ‘ফুডস’ জার্নালে প্রকাশিত ‘বাংলাদেশে স্বাস্থ্যকর খাবারের খরচ কমিয়ে অপুষ্টি দূর করা’ শীর্ষক এক গবেষণায় দেখা গেছে, দেশের প্রায় ৪৩ শতাংশ পরিবার পুষ্টিকর খাবার কেনার সামর্থ্য রাখে না।
গবেষণায় আরও দেখা যায়, মানুষ এখন আগের চেয়ে অনেক কম ফলমূল, শাকসবজি এবং মাছ-মাংসের মতো পুষ্টিকর খাবার খাচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান টাইমসকে বলেন, ‘যে হারে জিনিসপত্রের দাম বাড়ছে, গরিব মানুষের আয় সে তুলনায় বাড়ছে না। এতে তাদের কিছু কেনার ক্ষমতা কমে যাচ্ছে। ফলে দেখা দিচ্ছে খাদ্য সংকট, যা বিশেষ করে শিশু ও কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক বৃদ্ধিতে বড় ধরনের প্রভাব ফেলছে।’
তিনি সতর্ক করে বলেন, দীর্ঘদিন পুষ্টিকর খাবার না পেলে শিশুদের স্বাভাবিক বৃদ্ধি আটকে যেতে পারে এবং উচ্চতা খর্ব হয়ে যাওয়ার ঝুঁকি বাড়ে। এই পরিস্থিতি সামলাতে শ্রমিকদের মজুরি বাড়ানো, গরিব মানুষের আয়ের সুযোগ তৈরি করা এবং অসহায় পরিবারগুলোর জন্য সরকারি খাদ্য সহায়তা আরও বাড়ানো দরকার।
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের শিশু রোগ বিশেষজ্ঞ মো. আতিকুল ইসলাম টাইমসকে বলেন, ‘শিশুর পুষ্টি নিশ্চিত করতে সবার আগে মায়ের পুষ্টির যত্ন নেওয়া দরকার। মায়ের শরীরে পুষ্টির অভাব থাকলে বুকের দুধের সমস্যা হতে পারে। আর ঠিকমতো বুকের দুধ না পেলে শিশু অন্য খাবারের ওপর বেশি নির্ভর হয়ে পড়ে, যা স্বাস্থ্যের জন্য ভালো নয়।’
সাভারের হেমায়েতপুরের গোলাম মোস্তফার কাছে পুষ্টির কথা ভাবা মানে এক আকাশ-সমান বিলাসিতা।
সকালে ঝুরিভাজা বিক্রি করতে যাওয়ার আগে তিনি শুধু হালকা কিছু খান। সারাদিন কাজ করেন, আবার কখনো টাকা বাঁচাতে দুপুরের খাবার বাদ দেন। রাতে মেসে ফিরে যা জোটে তাই খান।
তার খাবারদাবার বেশ কষ্টের। মাসে বড়জোর দুই-তিন দিন ডিম খাওয়ার সুযোগ হয়। কখনো কম দামে ছোট মাছ পেলে তা কেনেন। বাকি দিনগুলোতে শুধু আলুভর্তা বা কম দামি সবজি দিয়ে ভাত খেতে হয়।
পায়ের হাড় ভেঙে যাওয়ায় মোস্তফা ভারী কোনো কাজ করতে পারেন না। তার মাসিক আয় কোনো রকমে ১২ হাজার টাকার মতো। এই টাকা দিয়ে নিজের থাকা-খাওয়া চালানোর পর ফরিদপুরে থাকা স্ত্রী-সন্তানসহ সাত সদস্যের পরিবারের জন্য টাকা পাঠাতে হয়। শুধু তাদের খরচই ১০ হাজার টাকার বেশি। গত কয়েক বছরে তার মাথায় প্রায় ৪ লাখ টাকার ঋণ জমে গেছে।
এটি নিম্ন আয়ের লাখো শ্রমজীবী মানুষের বাস্তব চিত্র। জিনিসপত্রের চড়া দামে সংসার চালাতে গিয়ে তাদের হিমশিম খেতে হয়। সারাদিন তাদের একটাই হিসাব থাকে—কোনো রকমে কম খরচে পেট ভরানো সম্ভব কি না। খাবারে পুষ্টি আছে কি না, তা নিয়ে ভাবার ফুরসত তাদের নেই।
মিরপুরের কালশীতে একটি মেসে থাকেন প্রায় ৭০ বছর বয়সী আব্দুল হক। তার বাড়ি ফরিদপুরে। মাসে আয় বড়জোর ১৫ হাজার টাকা, যার মধ্যে দেড় হাজার টাকা মেসের ভাড়া দিতে হয়। তিনি খান রাস্তার পাশের কোনো সাধারণ হোটেলে। এক বেলা ডিম পেলে বাকি দুই বেলা শুধু আলুভর্তা, আলুভাজি, মুড়ি বা বনরুটি খেয়ে দিন পার করেন। এ ধরনের খাবার শরীরকে কোনো শক্তিই জোগাতে পারে না।
আব্দুল হকের কাছে ভাল দিনের স্মৃতি এখন ঝাপসা। ১৮ বছর বয়সে স্বাধীনতার ঠিক পরপর তিনি মাত্র ২ টাকায় আড়াই কেজি ওজনের একটি বড় ইলিশ মাছ কিনেছিলেন। সেই মাছের স্বাদ আজও তার মনে আছে। কিন্তু গত বহু বছর ধরে সেই মাছ কেনার সামর্থ্য তো দূরের কথা, তিনি তার স্বাদ ভুলেই গেছেন।
আব্দুল হক জানান, প্রায় আট মাস ধরে তিনি রুই মাছের মুখ দেখেননি। দীর্ঘশ্বাস ফেলে তিনি বলেন, ‘একদিন ভাল কিছু খেলে পরের দুই দিন আমাকে না খেয়ে থাকার মতো টানাটানিতে পড়তে হয়। সেই ভয়েই আমি ভালো খাবার খাওয়ার সাহস পাই না।’
সিএনজিচ অটোরিকশা চালান আলমগীর হোসেন। বাজারে ব্যাটারিচালিত রিকশা আসার পর থেকে তার আয় কমে গেছে। অথচ গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ায় তার খরচ বেড়ে গেছে কয়েকগুণ।
পরিবার নিয়ে তিনি মিরপুরেই থাকেন। আগে সপ্তাহে অন্তত এক দিন গরুর মাংস কিনতে পারতেন, এখন মাসেও তা জোটে না। পরিবারের আমিষের চাহিদা মেটাতে সপ্তাহে অন্তত দুই দিন ডিম খাওয়ার চেষ্টা করেন।
আলমগীর আক্ষেপ করে বলেন, ‘আগে সংসার চালিয়েও মাসে চার-পাঁচ হাজার টাকা জমাতে পারতাম। এখন পকেটে এক টাকাও থাকে না। ভোরবেলা গাড়ি নিয়ে বের হলেও অনেক দিন মালিকের জমা (দৈনিক ভাড়ার টাকা) তুলতেই আমার ঘাম ছুটে যায়।’