Image description
ডিসেম্বর জুড়ে একক ও যৌথ কর্মসূচি । ঢাকায় নেতৃত্বে সম্ভাব্য মেয়র প্রার্থীরা । ঐক্যবদ্ধ করা হচ্ছে জুলাইয়ের শক্তিকে । সর্বোচ্চ সক্ষমতা দেখানোর পরিকল্পনা।

ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় পাল্টাপাল্টি কর্মসূচিতে ক্রমেই আন্দোলনমুখর হয়ে উঠছে রাজপথ। একদিকে সেই ঘোষণায় আশান্বিত হয়ে ঝটিকা মিছিলসহ নানাভাবে পতিত দলটির নেতাকর্মীদের অস্তিত্বের জানান দেওয়ার চেষ্টা, অন্যদিকে দেশ জুড়ে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন, গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা এবং জুলাই গণঅভ্যুত্থানের নেতাদের ওপর একের পর এক আক্রমণের ঘটনা— সব মিলিয়ে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে উত্তাপ। এ প্রেক্ষাপটে আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক তৎপরতা মোকাবিলায় ডিসেম্বর জুড়ে রাজপথে সর্বশক্তি নিয়ে থাকার প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুধু প্রতিরোধ নয়, আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধও চাইবেন আন্দোলনকারীরা।

দল দুটির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ডিসেম্বরে বিক্ষোভ, সমাবেশ, অবস্থান কর্মসূচি, লং মার্চ ও মহাসমাবেশের মতো কর্মসূচি সামনে রেখে চলছে প্রস্তুতি। বিশেষ করে ঢাকা মহানগরকে কেন্দ্র করে সাংগঠনিক শক্তি কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে দল দুটির। প্রয়োজনে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের অন্যান্য রাজনৈতিক শক্তিকে সঙ্গে নিয়ে যৌথ কর্মসূচিতে যাওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

চলতি নভেম্বরের শুরু থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। থানা, আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান, পুলিশের স্থাপনা, সরকারি দপ্তর ও গুরুত্বপূর্ণ সড়ক লক্ষ্য করে বিস্ফোরণের পাশাপাশি গণপরিবহনে আগুন দেওয়ার ঘটনায় জননিরাপত্তা নিয়ে সৃষ্টি হয়েছে উদ্বেগ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ করা হয়েছে। পুলিশ বলছে, দেশের বাইরে অবস্থানরত দলটির কিছু নেতা অনলাইনে নির্দেশনা ও অর্থায়ন করছেন এবং তা বাস্তবায়ন করছেন দেশের ভেতরে থাকা কর্মীরা।

নাশকতার পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া নেতাকর্মীদের ওপর হামলার ঘটনাও নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। সর্বশেষ কুষ্টিয়ার দৌলতপুরে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নুসরাতের অভিযোগ, তার পরিবারের সদস্যদের হত্যার উদ্দেশ্যে পেট্রলবোমা নিক্ষেপ করে বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আট নেতাসহ অজ্ঞাতপরিচয় ২৫ থেকে ৩০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করেছেন।

গত ১০ নভেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হামলার শিকার হন এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলাম। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি অটোরিকশায় থাকা হাসিবকে এক ব্যক্তি ‘জুলাইয়ের সন্ত্রাসী’ বলে সম্বোধন করে ধারালো অস্ত্র নিয়ে আক্রমণের চেষ্টা করছেন। হামলাকারীর পরিচয় ও উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যানি। তবে ঘটনাটিকে জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে যুক্ত তরুণ নেতাদের নিরাপত্তার প্রশ্নে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে এনসিপি।

এসব ঘটনার ধারাবাহিকতায় এনসিপি নেতাদের অভিযোগ, পরিকল্পিতভাবে জুলাইয়ের প্রথম সারির নেতাদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। তাদের মতে, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হলেও দলটির একটি অংশ সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। ডিসেম্বরকে সামনে রেখে এমন তৎপরতা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা তাদের।

সাম্প্রতিক হামলা ও নাশকতার ঘটনাকে সামনে রেখে আওয়ামী লীগকে শুধু প্রশাসনিক সিদ্ধান্তে নয়, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেও নিষিদ্ধ করার দাবি সামনে আনতে চায় এনসিপি। দলটির নেতারা বলছেন, জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ড ও সহিংসতার অভিযোগের বিচার নিশ্চিত না করে আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের কোনো সুযোগ দেওয়া উচিত নয়।

এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার আগামীর সময়কে বললেন, ‘আমাদের ওপর পরিকল্পিত হামলা চলছে। জুলাইয়ের প্রথম সারির নেতারাই ফ্যাসিবাদী শক্তির প্রথম টার্গেট। এটা আমরা জানি, কিন্তু আমরা ভীত নই। সরকারের কাছে নিরাপত্তা চেয়েও লাভ নেই। আমরা রাজপথেই মোকাবিলা করতে চাই।’ তার ভাষ্য, আন্দোলনের পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। এতে কিছুটা ফল পাওয়া গেছে। এবার তাদের বিচারিক প্রক্রিয়ায় সরাসরি নিষিদ্ধের দাবিতে মাঠে নামবে এনসিপি। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মধ্যে এ বিষয়ে ঐকমত্যও হওয়া জরুরি।

ডিসেম্বর সামনে রেখে এনসিপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সাংগঠনিক প্রস্তুতি জোরদার করছে। দলীয় সূত্র বলছে, আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও রাজনৈতিক তৎপরতা মোকাবিলায় এরই মধ্যে কর্মসূচির পরিকল্পনা সাজানো হচ্ছে। ২০২৫ সালে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে যে আন্দোলন হয়েছিল, প্রয়োজনে সে ধরনের বড় আন্দোলনেও যেতে পারে দলটি। এক্ষেত্রে এনসিপির ঢাকা মহানগর ও উত্তরাঞ্চলের সাংগঠনিক নেতৃত্বকে সামনে রাখা হবে। ঢাকা উত্তর ও দক্ষিণের সম্ভাব্য রাজনৈতিক কর্মসূচিতে দলটির মেয়র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও নাসীরুদ্দীন পাটওয়ারীকে নেতৃত্বের সামনের সারিতে রাখার পরিকল্পনা রয়েছে। বিক্ষোভ, সমাবেশ, অবস্থানসহ বিভিন্ন কর্মসূচি পর্যায়ক্রমে ঘোষণা করা হতে পারে।

এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত বললেন, আওয়ামী লীগ তাদের সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রেখেছে। তাদের প্রধান টার্গেটই জুলাইয়ের শক্তি। এনসিপি বসে থাকবে না। দলটি ও তার অঙ্গসংগঠন সর্বোচ্চ সামর্থ্য নিয়ে মাঠে থাকবে। ডিসেম্বর ঘিরে নেওয়া হচ্ছে নানা কর্মসূচি।

প্রস্তুত হচ্ছে জামায়াত

ডিসেম্বর কেন্দ্র করে সর্বোচ্চ সাংগঠনিক শক্তি নিয়ে রাজপথে থাকার প্রস্তুতি নিচ্ছে জামায়াতও। এর মধ্যে নেতাকর্মীদের ডিসেম্বর জুড়ে সর্বশক্তি নিয়ে মাঠে থাকার আহ্বান জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। গতকাল শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে উপজেলা প্রতিনিধি (নেতৃত্ব) সম্মেলনে তিনি বলেছেন, ‘ডিসেম্বর মাস জুড়ে আমাদের অনেক কর্মসূচি থাকবে। সেই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আমরা আমাদের সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ব। এটা কাউকে ঠেকানোর জন্য নয়, কারণ তাদের ঠেকানোর দরকার নেই।’

দলটির নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ডিসেম্বরের কর্মসূচির মধ্যে আগে ঘোষিত লং মার্চ, মহাসমাবেশ ও বিজয় দিবস উদযাপনের পাশাপাশি আওয়ামী লীগের তৎপরতা মোকাবিলায় বিশেষ পরিকল্পনা রয়েছে জামায়াতের। এক্ষেত্রে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সাংগঠনিক জনশক্তিকে সর্বোচ্চ কাজে লাগাতে চায় দলটি। প্রয়োজনে বিভিন্ন এলাকা ভাগ করে টিম ও উপটিম গঠন করা হতে পারে। ঢাকা সিটি করপোরেশন দক্ষিণের মেয়র প্রার্থী সাদিক কায়েম এবং উত্তরের মেয়র প্রার্থী সেলিম উদ্দিনকে এসব কর্মসূচিতে সামনে রাখার পরিকল্পনাও রয়েছে। দলটির পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট নেতারা মনে করছেন, আওয়ামী লীগ ডিসেম্বরকে কেন্দ্র করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে পরিস্থিতি বিবেচনায় জুলাইয়ের পক্ষের রাজনৈতিক শক্তিগুলোকে নিয়ে যৌথ কর্মসূচিও দেওয়া হবে।

দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের আগামীর সময়কে বললেন, ডিসেম্বরে জামায়াতের বেশ কিছু কর্মসূচি থাকবে। বিজয় দিবস ছাড়াও আওয়ামী লীগের নৈরাজ্য থেকে জনগণকে সুরক্ষা দিতে সাজানো হচ্ছে বিস্তর পরিকল্পনা। ফ্যাসিবাদী শক্তিকে রুখে দিতে সর্বোচ্চ শক্তি নিয়েই মাঠে থাকবেন তারা।