ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দি খান রোকোনুজ্জামানকে দেখতে গেছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার।
শুক্রবার (১৩ নভেম্বর) ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে গিয়ে তাঁরা খান রোকোনুজ্জামানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তাঁর চিকিৎসা ও মামলার বিষয়েও আলোচনা করেন দুই সংসদ সদস্য।
সাবেক সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য কাজী শামছুর রহমানের ছেলে কাজী সিদ্দিকুর রহমান জানান, কাশিমপুর কারাগারে বন্দি থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হন খান রোকোনুজ্জামান।
পরে কারা কর্তৃপক্ষ তাঁকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করে।
বুধবার বিষয়টি জানতে পেরে রাতেই হাসপাতালে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন কাজী সিদ্দিকুর রহমান। একই সঙ্গে তিনি দুই সংসদ সদস্যের সঙ্গে যোগাযোগ করেন। পরে শুক্রবার তাঁদের সঙ্গে নিয়ে হাসপাতালে যান তিনি।কাজী সিদ্দিকুর রহমানের ভাষ্য অনুযায়ী, হাসপাতালে গিয়ে তাঁরা খান রোকোনুজ্জামানকে একটি বারান্দায় হাতকড়া পরা অবস্থায় অসুস্থ হয়ে শুয়ে থাকতে দেখেন। দুই সংসদ সদস্যকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
এ সময় বিশেষ করে সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক তাঁর সঙ্গে কথা বলেন। তাঁর মামলার বর্তমান অবস্থা, চিকিৎসা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন দুই সংসদ সদস্য।তাঁরা খান রোকোনুজ্জামানকে আশ্বস্ত করে বলেন, ‘আমরা আপনার পাশে আছি, সাতক্ষীরার মানুষও আপনার সঙ্গে আছে। ইনশাআল্লাহ, খুব শিগগিরই আপনার মুক্তি মিলবে এবং সুস্থ অবস্থায় আমাদের মাঝে ফিরে আসবেন। ’
কাজী সিদ্দিকুর রহমান জানান, খান রোকোনুজ্জামান সাতক্ষীরার বাসিন্দা। ২০১৩ সালে শেখ হাসিনার সরকারের আমলে সাতক্ষীরায় দায়ের করা যুদ্ধাপরাধসংক্রান্ত মামলায় তিনি দণ্ডিত হন। এরপর থেকে কারাগারে সাজা ভোগ করছেন। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে বন্দি রয়েছেন।
এদিকে দ্রুত সুস্থতা ও মুক্তির জন্য সাতক্ষীরাবাসীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খান রোকোনুজ্জামান।
শীর্ষনিউজ/