Image description

আটত্রিশ বছর বয়সে ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন বিশ্বজিৎ মিত্র। এখনও তাকে ইনসুলিন নিতে হয় না। তার পরেও নিয়মিত ওষুধ, খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ, চিকিৎসকের পরামর্শ ও পরীক্ষা-নিরীক্ষা মিলিয়ে মাসে খরচ করতে হচ্ছে ১৫ হাজার টাকার বেশি। নিয়মিত রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করতে হয় বলে গ্লুকোমিটার ও স্ট্রিপও কিনে নিয়েছেন নিজেই।

বিশ্বজিত মিত্র বলেন, ছাত্রজীবনে দীর্ঘদিন অনিয়মিত জীবনযাপনের কারণে অল্প বয়সেই ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন বলে চিকিৎসক তাকে জানিয়েছেন। তখন রাত জেগে পড়াশোনা করতেন, যা ইচ্ছা খেতেন, সঙ্গে ছিল নানা দুশ্চিন্তা। তরুণ বয়সে এসব বিষয়কে গুরুত্ব দেননি।

তিনি টাইমসকে বলেন, ‘তখন মনে হতো, বয়স কম, শরীর ঠিকই আছে। কিন্তু এখন বুঝতে পারছি, ওসব তারুণ্যের ভুল। এখন চিকিৎসকের পরামর্শে সবকিছু হিসাব করে চলতে হয়।’

বিশ্বজিতের অভিজ্ঞতা দেশের ডায়াবেটিস রোগীদের দীর্ঘমেয়াদি চিকিৎসা ব্যয়ের একটি চিত্র তুলে ধরে। রোগটি নিয়ন্ত্রণে রাখতে প্রতিনিয়ত ওষুধ, পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নিতে হয়। ইনসুলিন ব্যবহার না করলেও চিকিৎসার খরচ কম নয়। আর রোগের জটিলতা বাড়লে সেই ব্যয় কয়েকগুণ বেড়ে যায়।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক আফসার আহমেদ টাইমসকে বলেন, ‘এইচবিএ১সি পরীক্ষা, গ্লুকোজ মাপার স্ট্রিপ ও ইনসুলিনের সহজলভ্যতা সব জায়গায় সমান নয়। চিকিৎসার বড় অংশের ব্যয় রোগীকেই বহন করতে হয়।’

টাইপ-১ ডায়াবেটিসে অগ্ন্যাশয় থেকে ইনসুলিন তৈরি হয় না। ফলে এসব রোগীকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ইনসুলিন নিতে হয়। এই রোগীদের চিকিৎসা ব্যয় বেশি। ডায়াবেটিসের চিকিৎসায় ব্যবহৃত অধিকাংশ মুখে খাওয়ার ওষুধ এবং সাধারণ ইনসুলিন দেশেই উৎপাদিত হয়।

সাধারণ ৪০ আইইউ ইনসুলিন ভায়ালের দাম ১৭০ থেকে ১৯৫ টাকা। দেশীয় ১০০ আইইউ-এর ১০ মিলিলিটার ভায়ায়ের দাম ৩৭৩ থেকে ৪১৫ টাকা। অন্যদিকে, বিদেশি ব্র্যান্ডের ইনসুলিনের দাম ১ হাজার টাকা পর্যন্ত।

 

দেশীয় হিউম্যান ইনসুলিনের ৩ মিলিলিটারের কার্ট্রিজের দাম ২০০ থেকে ২২২ টাকা। বিদেশি কোম্পানির দাম ৪২১ থেকে ৮৪৫ টাকা। দীর্ঘমেয়াদি কার্যকারিতার ইনসুলিন পেনের দাম ৯৬২ থেকে ১ হাজার ৫৫০ টাকা পর্যন্ত।

দেশীয় হিউম্যান ইনসুলিনের ৩ মিলিলিটারের কার্ট্রিজের দাম ২০০ থেকে ২২২ টাকা। বিদেশি কোম্পানির দাম ৪২১ থেকে ৮৪৫ টাকা। দীর্ঘমেয়াদি কার্যকারিতার ইনসুলিন পেনের দাম ৯৬২ থেকে ১ হাজার ৫৫০ টাকা পর্যন্ত।

দেশে বর্তমানে প্রায় ১ কোটি ৩৯ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। দেশের প্রাপ্তবয়স্কদের প্রতি ১০০ জনের মধ্যে ১২ জন এই রোগে আক্রান্ত। শতকরা হারের দিকে দিয়ে বিশ্বের সবচেয়ে বেশি আক্রান্তের হিসাবে বাংলাদেশের অবস্থান বিশ্বে অষ্টম।

কিন্তু এই বিপুলসংখ্যক রোগীর চিকিৎসা ও নিয়মিত পর্যবেক্ষণের জন্য বিশেষজ্ঞ চিকিৎসক, সরকারি সেবাকেন্দ্র এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুযোগ সীমিত।

ডায়াবেটিসের চিকিৎসায় রোগীদের ব্যয়ের সবচেয়ে বড় অংশ যায় ওষুধ ও ইনসুলিন কেনায়। বিভিন্ন ব্যয় বিশ্লেষণে দেখা যায়, মোট চিকিৎসাব্যয়ের প্রায় ৬০ থেকে ৭৫ শতাংশই এ খাতে ব্যয় হয়। এ ছাড়া নিয়মিত রক্তে শর্করা পরীক্ষা, এইচবিএ১সি, কিডনি ও চোখের পরীক্ষা, চিকিৎসকের ফি এবং হাসপাতালে যাতায়াতেও অর্থ খরচ করতে হয়।

২০২৬ সালে বিএমসি পাবলিক হেলথে প্রকাশিত একটি গবেষণা অনুযায়ী, বাংলাদেশে একজন ডায়াবেটিস রোগীর মাসিক গড় চিকিৎসা ব্যয় ২ হাজার ৪৩ থেকে ২ হাজার ৬৪ টাকা। তবে শহরাঞ্চল ও বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীদের ব্যয় আরও বেশি।

বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সায়েন্সেসের (বিআইএইচএস) তথ্য অনুযায়ী, শহরাঞ্চলে একজন রোগীর মাসিক গড় ব্যয় প্রায় ৪ হাজার ৮৩ টাকা পর্যন্ত হতে পারে।

দেশে ডায়াবেটিস চিকিৎসায় বছরে মোট ব্যয় প্রায় ১২ হাজার কোটি টাকা বলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে।

রোগীর বয়স, রোগের ধরন, চিকিৎসার ধরন, আয় এবং জটিলতার ওপর নির্ভর করে ব্যয়ের পরিমাণ অনেক বেড়ে যায়। বিশেষ করে কিডনি, হৃদ্‌রোগ, চোখের সমস্যা কিংবা ডায়াবেটিক ফুটের মতো জটিলতা তৈরি হলে চিকিৎসা ব্যয় চার গুণ পর্যন্ত হতে পারে।

অনিয়ন্ত্রিত জীবন যাপনে আক্রান্ত হচ্ছে তরুণরা

এক সময় ডায়াবেটিসকে মূলত মধ্যবয়সী ও বয়স্ক মানুষের রোগ হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু এখন তরুণদের মধ্যেও টাইপ-২ ডায়াবেটিসের বিস্তার উদ্বেগজনক।

যশোর ডায়াবেটিক সমিতির সভাপতি এস এম আশিকুজ্জামান টাইমসকে বলেন, ‘এখনকার তরুণদের জীবনযাপন যেমন তাদের ডায়াবেটিকস এ আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি। যদি সচেতনতা তৈরি না করা হয় বড় অংশের কর্মক্ষমতা কমে যাবে দেশের।’

 

আর্লি-অনসেট টাইপ টু ডায়াবেটিস ইন বাংলাদেশ: ন্যাশনাল এস্টিমেটস অ্যান্ড রিস্ক করিলেটস’ শীর্ষক গবেষণায় দেখা গেছে, ১০ থেকে ৩৪ বছর বয়সীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার ৪ দশমিক ৫ শতাংশ। একই বয়সী জনগোষ্ঠীর ১৮ দশমিক ৪ শতাংশ প্রি-ডায়াবেটিসে আক্রান্ত।

এই বয়সসীমায় ডায়াবেটিসে আক্রান্তদের ৬৬ দশমিক ৩ শতাংশই আগে জানতেন না যে তারা এই রোগে আক্রান্ত হয়েছে। শহরাঞ্চলে এ রোগের বিস্তার বেশি। গ্রামাঞ্চলে টাইপ-২ ডায়াবেটিসের হার ৩ দশমিক ২ শতাংশ হলেও শহরাঞ্চলে তা ৬ শতাংশ।

পর্যাপ্ত শারীরিক পরিশ্রম না করা ব্যক্তিদের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি দ্বিগুণ। পেটে অতিরিক্ত চর্বি জমলে ঝুঁকি দ্বিগুণ, উচ্চ রক্তচাপ থাকলে ৩ দশমিক ৩ গুণ এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেশি হলে ঝুঁকি ২ দশমিক ৯ গুণ বেড়ে যায়।

‘অ্যয়ারনেস, ট্রিটমেন্ট, অ্যান্ড কন্ট্রোল অব ডায়াবেটিস ইন বাংলাদেশ: এভিডেন্স ফ্রম দ্য বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে’ শিরোনামের আরেক গবেষণায় দেখা গেছে, দেশে ডায়াবেটিসে আক্রান্তদের কেবল ৩০ দশমিক ৯ শতাংশ নিজেদের রোগ সম্পর্কে জানেন। তাদের মধ্যে চিকিৎসা নিচ্ছেন ২৮ দশমিক ২ শতাংশ।

 

শিক্ষাগত যোগ্যতা ও আর্থিক অবস্থার সঙ্গেও রোগ শনাক্তকরণ এবং চিকিৎসা নেওয়ার সম্পর্ক রয়েছে। কম শিক্ষিত মানুষের মধ্যে রোগ সম্পর্কে সচেতনতা ও চিকিৎসা নেওয়ার প্রবণতা তুলনামূলক কম।

বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সভাপতি শাহজাদা সেলিম বলেন, ‘ডায়াবেটিসসহ অসংক্রামক রোগ প্রতিরোধে শৈশব থেকেই স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস গড়ে তুলতে হবে। এ জন্য প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বয়স উপযোগী স্বাস্থ্যশিক্ষা চালু করা প্রয়োজন।’

স্কুলের ক্যান্টিনে চিনিযুক্ত পানীয় ও অস্বাস্থ্যকর খাবারের সহজলভ্যতা কমানো, নিয়মিত খেলাধুলা ও শারীরিক কার্যক্রম নিশ্চিত করা এবং পরিবারকে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে অভ্যস্ত করার উদ্যোগ নিতে হবে, বলেন তিনি।

চিকিৎসক সংকট প্রকট

গবেষণায় আরও দেখা গেছে, রাজশাহী ও রংপুর বিভাগে ডায়াবেটিস নিয়ন্ত্রণের অবস্থা তুলনামূলক খারাপ। চিকিৎসাসেবার সুযোগের অসমতা, আর্থিক সীমাবদ্ধতা এবং নিয়মিত চিকিৎসা নেওয়ার অসুবিধা এ পরিস্থিতির অন্যতম কারণ।

চিকিৎসকের সংকট আরও প্রকট। প্রায় ১ কোটি ৪০ লাখ রোগীর বিপরীতে বিশেষজ্ঞ চিকিৎসক, অর্থাৎ এন্ডোক্রাইনোলজিস্ট রয়েছেন মাত্র ৪০০ জন। সে হিসাবে প্রতি ৩৪ হাজার ৭৫০ জন রোগীর বিপরীতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক।

দেশের অধিকাংশ উন্নত ডায়াবেটিস চিকিৎসাকেন্দ্র ও হাসপাতাল ঢাকা ও বড় শহরগুলোতে অবস্থিত। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন পর্যায়ের সরকারি স্বাস্থ্যকেন্দ্রে রোগ শনাক্তকরণ, নিয়মিত ফলোআপ এবং বিনামূল্যে ইনসুলিন ও প্রয়োজনীয় ওষুধের পর্যাপ্ত সরবরাহ নেই।

 

ডায়াবেটিসের চিকিৎসায় শুধু ওষুধ সেবনই যথেষ্ট নয়। রোগীর শারীরিক অবস্থা, রক্তে শর্করার মাত্রা, কিডনি ও হৃদ্‌যন্ত্রের অবস্থা বিবেচনায় নিয়মিত চিকিৎসা পরিকল্পনা পরিবর্তন করতে হয়। কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকের স্বল্পতা এবং চিকিৎসা সেবার শহরকেন্দ্রিক বিস্তারের কারণে দেশের প্রত্যন্ত অঞ্চলের রোগীরা নিয়মিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক আফসার আহমেদ টাইমসকে বলেন, ‘নিয়মিত ওষুধ সেবনের পরও অনেক রোগীর ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকছে না। এর পেছনে রোগীর অনিয়ম, চিকিৎসকের সিদ্ধান্ত নিতে বিলম্ব এবং স্বাস্থ্যব্যবস্থার সীমাবদ্ধতা–তিনটিই দায়ী।’

তিনি বলেন, অনেক রোগী উপসর্গ না থাকলে ওষুধ খাওয়া বন্ধ করে দেন। খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করেন না, নিয়মিত রক্তে শর্করা পরীক্ষা করেন না কিংবা ইনসুলিন নিতে ভয় পান। অন্যদিকে, নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও অনেক ক্ষেত্রে চিকিৎসকরা সময়মতো ওষুধের মাত্রা পরিবর্তন বা ইনসুলিন শুরু করেন না।