সিরাজুম মুনিরা তখন দিনাজপুরের পার্বতীপুরের একটি মিশনারি হাসপাতালে রিসার্চ ম্যানেজার হিসেবে কাজ করেন। একদিকে সকাল ৯টা থেকে বিকাল ৫টা চাকরি, অন্যদিকে সংসার সামলানো। এক সময় হাঁপিয়ে উঠেন। মনে পড়ে যায় ছাত্র জীবনের স্বপ্নের কথা।
বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই ভাবনা ছিল একদিন নিজের কিছু করবেন। সে সময় থেকেই তার স্বপ্নের সঙ্গী তার এক সময়ের সহপাঠী, পরে জীবন সঙ্গী, নাম ফেরদৌস আহমেদ। তিনিও চাকরিজীবী, সকালে ব্যাংকের উদ্দেশে বের হন বাসায় ফেরেন সন্ধ্যা নামার পর। তার স্বপ্ন ছিল নিজেরাই কিছু করবেন।
বিয়ের পর থেকে নিজেদের কিছু করার স্বপ্নে মুনিরা-ফেরদৌস দম্পতি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। ২০১৫ সালে রংপুরের একটি হস্তশিল্প প্রতিষ্ঠানের কাজ ভালো লাগে যায়, যারা পাট দিয়ে আকর্ষণীয় নানা পণ্য তৈরি করত। পার্বতীপুরে ফিরে স্থানীয় ২০ জন নারীকে হস্তশিল্প পণ্য তৈরির প্রশিক্ষণ দেন, নিজেরাও শিখে নেন প্রয়োজনীয় সব কিছু।
সময়টা ২০১৭ এর মাঝামাঝি। সংসার জীবনের তখন আট বছর পেরিয়ে গেছে। ভাবনা আছে, আছে উদ্যম, সেই সঙ্গে প্রশিক্ষিত কর্মী বাহিনী। আর কী চাই?
আর বসে থাকা নয়। শুরু হলো দীর্ঘদিনের লালিত স্বপ্নের, নাম ‘সুতার কাব্য’। শুরু হয় পাটের সুতা দিয়ে ঘরের শৌখিন জিনিসপত্র বানানোর কাজ। শুরুর বাজেট কেবল ২০ হাজার টাকা। কেবল নয় বছর পর মূলধন দাঁড়িয়েছে দেড় কোটি টাকা। মাসে বিক্রি কখনও কখনও ৩০ লাখ টাকার বেশি।
শুরুর গল্পে ফেরা যাক। একটি বাসা ভাড়া নেওয়া হলো, সেখানেই ১৫ জনে মিলে তৈরি করতে লাগলেন পাটের তৈরি শতরঞ্জি, ফ্লোরম্যাট আর নকশিকাঁথা। সেসব পণ্য নিজেরাই বিপণন করলেন, কোনো মধ্যস্বত্বভোগী নেই, ফলে বিক্রি করে লাভ লোকসান পুরোটাই নিজেদের থেকে যায়।
কোনো দোকান নয়, ফেসবুকে পেজ খুলে বিক্রি হতে থাকল পণ্যগুলো, তাতে বিক্রিতে কোনো খরচ নেই। ফলে আয়ের পুরোটাই হাতে থাকে। মানুষ তখনও পাটজাত পণ্য নিয়ে খুব আগ্রহী ছিল না। কিন্তু সুতা দিয়ে যে কাব্য বোনা হচ্ছিল, সেগুলোতে চোখ পড়লে ফেরানো যায় না। মাসে কখনো ৩০ হাজার, কখনো ৪০ হাজার টাকা বিক্রি হচ্লি।
এক পর্যায়ে মুনিরা ও ফেরদৌস ভাবলেন ইউরোপের বাজারের কথা। পরিবেশ সচেতনতা সেখানে বেশি, পাটের পণ্যের চাহিদাও ভালো। খুব একটা কষ্টও করতে হলো না। ২০১৯ সালেই ইতালিতে প্রায় দেড় লাখ টাকার পণ্য পাঠাতে সক্ষম হলেন তারা।
এই তাদের ব্যবসার দ্বিতীয় অধ্যায় বলা চলে। এরপর থেকে দূরত্ব গতিতে ছুটে চলে তাদের স্বপ্নের ট্রেন। ইউরোপের বাজার ধরে সাহস বেড়ে যায়, সিদ্ধান্ত হয় ব্যবসাকে বড় করার। পার্বতীপুরের রাজাবাসর গ্রামে ৮ শতক জমি ভাড়া নিয়ে গড়ে তোলা হয় কারখানা। ব্যবসার পরিসর আরও বাড়তে থাকলে ২০২৩ সালে ভাড়া কারখানা ছেড়ে নিজেদের আয়ে কেনা জমিতে গড়ে তোলা হয় আরেকটি কারখানা, যার আয়তন ১২ হাজার বর্গফুট।
এই কারখানাতে বর্তমানে ৫৫টি তাঁত ও ১৬টি সেলাই মেশিন রয়েছে। যেখানে তৈরি হয় ফ্লোরম্যাট, প্লেসম্যাট, ফ্লোররাগ, টেবিলরানার, শতরঞ্জি, ওয়ালহ্যাঙ্গিং, প্ল্যান্ট বাস্কেট, লন্ড্রি বাস্কেট, গ্লাসকোস্টার, কুশন কাভার, অ্যাপ্লিক বেড কাভার, বুকমার্ক, কিডসরাগ ও টাফটিং রাগসহ নানান পণ্য।
কারখানাতে আছে একটি স্ক্রিন প্রিন্ট ইউনিট, যেখানে দিনে ১০০টি টেবিল রানার প্রিন্ট করা হয়। কারখানাতে বর্তমানে ১০০ জন কর্মী নিয়মিত কাজ করছেন, যাদের ৯০ শতাংশই নারী। তাদের মধ্যে দক্ষ কর্মীরা মাসে ১৩ থেকে ১৪ হাজার টাকা পর্যন্ত আয় করেন। গত সেপ্টেম্বর মাসে রাজধানীর ধানমন্ডিতে একটি বিক্রয়কেন্দ্রও খোলা হয়েছে।
সিরাজুম মুনিরা বলেন, পার্বতীপুরের একটি গ্রামে এ ধরনের কারখানা গড়ে তোলা ছিল বড় চ্যালেঞ্জ। স্থানীয় নারীদের কারখানায় নিয়ে এসে নিয়মিত সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কাজের পরিবেশ তৈরি করাও সহজ ছিল না। পাশাপাশি পণ্যের বাজার তৈরি করতে হয়েছে প্রায় শূন্য থেকে।
তবে সাফল্যের গল্পটা এখন যত সুন্দর শোনায়, শুরুতে তা ছিল ততটাই চ্যালেঞ্জের। টাইমসকে মুনিরা বলেন, ‘বাংলাদেশে পাটজাত পণ্যের বাজার বিকশিত করার মতো প্রয়োজনীয় রিসোর্সের অভাব রয়েছে। যেসব রিসোর্স পাওয়া যায়, সেগুলোর খরচও অনেক বেশি। ফলে উৎপাদন ও বাজার সম্প্রসারণ-দুই ক্ষেত্রেই আমাদেরকে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছে।’
ব্যবসা সম্প্রসারণে অর্থায়নও ছিল অন্যতম বড় বাধা। মনিরার ভাষ্য, নারী উদ্যোক্তাদের জন্য ব্যাংকঋণ পাওয়া এখনো সহজ নয়। ঋণের শর্ত ও জামানতসংক্রান্ত জটিলতার কারণে অনেক উদ্যোক্তা প্রয়োজনীয় অর্থ পান না।
তিনি বলেন, ‘সরকার অনেক সময় জামানত ছাড়া ঋণ দেওয়ার কথা বলেন। আমরা আসলে সেটা পাইনি। অনেক ক্ষেত্রে সরকারি কর্মকর্তাকে গ্যারান্টর হিসেবে চাওয়া হয়। এসব চ্যালেঞ্জ এখনও রয়ে গেছে।’
ফেরদৌসও তার ব্যাংকের চাকরি ছেড়ে স্ত্রীর ব্যবসার অংশীদার হয়েছেন। তিনি সুতার কাব্যের নির্বাহী পরিচালকের দায়িত্বে আছেন। স্ত্রীর প্রশংসা করে তিনি টাইমসকে বলেন, ‘সুতার কাব্য আজকে এতদূর আসতে যা হয়েছে সব কিছু ওর অবদান। আমি শুধু ওকে সাহায্য করেছি, বাকি সব ও করেছে।’