কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদ।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৬টায় পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়। কবি নজরুল কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাহিদ হাসানের নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হাসানসহ সংগঠনের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলে ‘আপা আপা করিস না, শেখের বেটি আসবে না’, ‘নাশকতা করিস না, পিঠের চামড়া থাকবে না’, ‘পুরান ঢাকায় আসিস না, পিঠের চামড়া থাকবে না’ ইত্যাদি বলে স্লোগান দেন। বিক্ষোভ মিছিল শেষে শেখ হাসিনা ও সাদ্দাম হোসেনের কুশপুত্তলিকা দাহ করেন।
বিক্ষোভ সমাবেশে কলেজ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাহিদ হাসান বলেন, ‘কবি নজরুলের মাটিতে ছাত্র অধিকার পরিষদ থাকা অবস্থায় পুরান ঢাকায় কোনো লীগ থাকতে দেওয়া হবে না। এনসিপির নুসরাত আপার বাসায় ছাত্রলীগ যে অগ্নিকাণ্ড ঘটিয়েছে তার তীব্র নিন্দা জানাই।’
নাহিদ ছাত্রলীগ নেতা সাদ্দামকে উদ্দেশ্য করে বলেন, ‘ভিডিও বক্তব্য বা এআই ভিডিও দিয়ে ছাত্র অধিকার পরিষদকে দমিয়ে রাখা যাবে না। হিজরার মতো না করে সাহস থাকলে ছাত্র অধিকারের সামনে দাঁড়াও। যেখানেই দুর্নীতি হবে, সেখানেই আমরা রুখে দাঁড়াব।’
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হাসান বলেন, ‘ভারতে অবস্থান করে হাসিনার সহযোগীরা যে ধর্মঘট ও নাশকতার ষড়যন্ত্র করছে, তার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মোদি চাইছেন হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানো যায় কি না।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমা চেয়ে বিচারের মুখোমুখি হওয়ার পর জনগণ সিদ্ধান্ত নেবে তারা রাজনীতি করতে পারবে কি না। দেশে অরাজকতা সৃষ্টিকারী ও আত্মগোপনে থাকা ছাত্রলীগ কর্মীদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনতে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।