এনসিপির নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিকান্ডের বিষয়ে গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “মাননীয় সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে একটা টিনশেড আধা-পাকা বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তার ২০ মিটার দূরত্বে তার বাবা-মা একটা তিনতলা বাড়িতে অবস্থান করেন। এই বাড়িতে কেউ থাকে না; দুটো ছাগল ছিল এবং অন্যান্য জিনিসপত্র ছিল।”
তিনি আরো বলেন, "এখানে যে কথাগুলো আসছে আগুন লাগানোর—আগুন লেগেছে, না লাগিয়েছে—এটা তদন্ত করতে আমি অলরেডি নির্দেশ দিয়েছি যৌথ টিমের। পেট্রোল বোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ পাওয়া যায়নি। বাড়ির দেয়ালে পেট্রোল বোমার কোনো চিহ্ন পাওয়া যায়নি।"
প্রসঙ্গত, গত বুধবার রাতে কুষ্টিয়ায় নুসরাতের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাড়িটির টিনের ছাউনির পাঁচটি কক্ষ আগুনে পুড়েছে। পুড়ে মারা গেছে দুটি ছাগল। এ ঘটনাকে নাশকতা বলছেন নুসরাত। পেট্রলবোমা হামলার কারণে এমনটি হয়েছে বলে তাঁর ধারণা। আগুনের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করেছেন নুসরাত।
অগ্নিকান্ড পরবর্তী এক সংবাদ সম্মেলনে নুসরাত বলেন, “মধ্যরাতে ১২ঃ১৫ মিনিটে আমার বাড়িতে পরপর চারটি ব্লাস্ট হয়, ব্লাস্টের ধরণ এবং প্রকার দেখে মনে হয়, এটি অবশ্যই পেট্রোল বোমার আঘাতে হয়েছে। বাকিটা অবশ্যই তদন্ত সাপেক্ষ। সেজন্য আমি সুনিশ্চিত ভাবে বললাম না”
আগুনের কারণ সম্পর্কে বলতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ পেট্রোল বোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ পাওয়া যায়নি। বাড়ির দেয়ালে পেট্রোল বোমার কোনো চিহ্ন পাওয়া যায়নি। এছাড়াও কোনো সাক্ষীর নিকট হতে পেট্রোল বোমার কোনো তথ্য পাওয়া যায়নি…প্রাথমিকভাবে যেটা দেখা যায়, তাতে দেখা যাচ্ছে পুরাতন বাড়ি হওয়ায় এখানে ইলেকট্রিক ওয়্যারিংয়ের দুর্বলতা ছিল। একটা ছবিতে দেখা যাচ্ছে এটা অনেকটা শর্ট সার্কিটের মতো ঘটনা হতেও পারে।”
তবে তিনি এসব বক্তব্যকে অনুমান নির্ভর তথ্য উল্লেখ করে বলেছেন, তদন্ত সাপেক্ষে পূর্ণাঙ্গ বক্তব্য দেওয়া যাবে।
এ বিষয়ে সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর এক ফেসবুক পোস্টে বলেন, “টোকাইদের ছাগলের ঘর পুড়ে যাওয়া নিয়ে এত নাটক, প্রোপাগান্ডা, হইচই- এমনকি সংসদ পর্যন্ত সরগরম! অথচ বিশ্ববাটপারের পরামর্শে ফ্যাসিস্টের দোসর খুঁজতে গিয়ে কত মানুষের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, কত মানুষকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে- তার হিসাব কি আছে সরকারের কাছে?”
দ্য ডিসেন্টের যাচাই এ দেখা যায়, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে কেউ না থাকা এবং শুধু ছাগলের ঘর পুড়ে যাওয়ার দাবিটি সত্য নয়। এছাড়া শর্ট সার্কিট হওয়ার অনুমানটিও সঠিক নয় বলে জানা যায় কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির তৈরি করা প্রতিবেদন থেকে।
ছাগলের ঘর নয়, পুড়ে যাওয়ার ঘরে থাকতেন ৪ জন
পুড়ে যাওয়া বাড়িটি নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়ি হলেও সেখানে থাকতেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের বাসিন্দা শাহ আলম (৪৭) ও তার পরিবার। তার নিজের বসতভিটা না থাকায় কয়েক বছর থেকেই তিনি ঐ বাড়িতে থাকতেন এবং দেখাশোনা করতেন।
বুধবার রাতে আগুনে ওই বাড়ির পাঁচটি কক্ষ পুড়ে গেছে। এর মধ্যে দুটি কক্ষে স্ত্রী আদুরী খাতুন (৩৯), মেয়ে রিক্তা খাতুন (১৩) ও ছেলে আরিয়ানকে (৩) নিয়ে থাকতেন শাহ আলম। আরেকটি কক্ষে স্যান্ডেল তৈরির যন্ত্রপাতি ছিল, সেসব পুড়ে গেছে।
সংবাদ সম্মেলনে নুসরাত তাবাসসুম বলেন, ‘আপনারা দেখতে পাচ্ছেন, সোশ্যাল মিডিয়া এবং কিছু মেইনস্ট্রিম চ্যানেলে প্রচার করা হচ্ছে যে, বাড়িটা নাকি পরিত্যক্ত। এই বাড়িটা একেবারেই পরিত্যক্ত নয়। এই বাড়িটিতে একটি অসহায় পরিবার থাকত; যারা আমাদের সাথে প্রায় পাঁচ-ছয় বছর ধরে আছে। তারা আমাদের পরিবারেরই অংশ হয়ে গিয়েছেন, তারা আমাদের এই বাড়িটি দেখভাল করতেন। এই বাড়িতেই আমি বড় হয়েছি; আমার ছোট ভাই বড় হয়েছে; আমার বাবা-মা এই বাড়িতেই সংসার করেছেন। এটা আমার দাদার হাতের তৈরি বাড়ি, এটাই আমাদের বসতবাড়ি।’
নুসরাত আরও বলেন, ।”বাড়িটিতে বর্তমানে গবাদি পশুর খামার ছিল। আত্মীয়স্বজন ছিল, সেই অসহায় পরিবারটি ছিল—যে পরিবারের একটি শিশু আহত হয়েছে। অনেকগুলো গবাদি পশু মারা গেয়েছে। বাড়ির আর কিছুই অবশিষ্ট নেই।”
নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে বসবাস করা শাহ আলম দ্য ডিসেন্টকে বলেন, “বুধবার রাত ১২টা ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে ঘরে আগুন জ্বলে ওঠে। এবং বোমার মতো একটা শব্দ । ঐ ঘরের থেকে আমার মেয়ে আগুন দেখে উঠে আমাদের বের করেছে। আমার মেয়ের ওড়না পুড়ে গেছে। আমার ঘরে ৫০-৬০ হাজার টাকা ছিল সেটা বার করতে পারিনি। সেগুলোও সব পুড়ে গেছে। মানে যা ছিল যাবতীয়। আমার প্রায় তিন চার লাখ টাকার মতো মেশিন ছিলো সব পুড়ে ছাই হয়ে গেছে। আমার সব আসবাবপত্র সব শেষ। আমার মেয়ে আমাদের বের না করলে আমরাও পুড়ে যেতাম ”
কিভাবে আগুন লেগেছে জানতে চাইলে তিনি বলেন, “আমি ঘুমে ছিলাম। ঘর থেকে বের হওয়ার পর দেখি সব একসাথে জ্বলে উঠেছে। মনে হয় পেট্রোল ছিটাইছে, সবকিছু মুহুর্তেই শেষ হয়ে গিয়েছে।”
বাসায় কে কে থাকতেন জানতে চাইলে তিনি বলেন, “একরুমে আমার মেয়ে থাকতো। আরেক রুমে আমি, আমার স্ত্রী, এবং ছোটো ছেলে আরিয়ান থাকতাম।”
পুড়ে যাওয়া ঘরের পাশেই তিনতলা বাড়িতে থাকতেন নুসরাত তাবাসসুমের বাবা মোহা. আব্দুল হালিম (৬১) , মা মোছা. জহুরা খাতুন এবং পরিবারের অন্য সদস্যরা।
আব্দুল হালিম দ্য ডিসেন্টকে বলেন, “রাত ১২ঃ১৫ মিনিটে আমি আবার মিসেস এর সাথে উপরে গল্প করছিলাম। হটাত প্রচন্ড জোরে বিকট শব্দ। ভয় পেয়ে গেলাম। আমার ওয়াইফ পর্যন্ত এই বাসায় কেঁপে উঠেছে। তখন ভাবলাম কোথাও মনে হয় বোমা বিষ্ফোরণ ঘটেছে। এর কয়েক সেকেন্ডের পরেই ডানদিকে তাকিয়ে দেখলাম আমার এই বাড়ির চারটা ঘরে একসাথে লেলিহান শিখা বের হচ্ছে, দাউদাউ করে আগুন জ্বলছে। আমি চিৎকার করে সবাইকে ডাকতে ডাকতে নেমেছি। এরপর গ্রামবাসীসহ সবাই মিলে আগুন নিভানোর চেষ্টা করেছে। আমার গরুগুলোকে বাচানো গিয়েছে। মুরগির ফার্ম ছিলো, সব পুড়ে গিয়েছে। দুটো ছাগল পুড়ে গিয়েছে। এই বাড়িতে কেয়ারটেকার ছিলো, স্বামী স্ত্রী চারজন থাকতো। ওদের সব শেষ হয়ে গিয়েছে। আমার বাবা মায়ের সব স্মৃতি শেষ হয়ে গিয়েছে।”
যেভাবে আগুন লেগেছে
নুসরাত তাবাসসুমের বাসায় আগুন লাগার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যবেক্ষণ করেছে দ্য ডিসেন্ট।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, বুধবার রাত ১২ টা ১৫ মিনিট ০৫ সেকেন্ডে বাড়ির পেছনে হঠাৎ আগুনের গোলা উঠতে দেখা যায়। এসময় আগুনের একটি বিস্ফোরণে বাড়ির পিছনের চারপাশ আলোকিত হয়ে যেতে দেখা যায়। এরপর আগুন অদৃশ্য হয়ে যায় এবং ১৫ মিনিট ৪৫ সেকেন্ডে আরেকটি বিস্ফোরণ ঘটতে দেখা যায়। এর দুই সেকেন্ড পরে আরেকটি বিস্ফোরণে চারপাশ আলোকিত হয়ে উঠে। এরপর ৫৮ সেকেন্ডে আরেকটি বিষ্ফোরণ দেখা যায়। এরপর ১২টা ১৫ মিনিট ০৬ সেকেন্ডে চতুর্থ বিস্ফোরণ দেখা যায়।
এসময় বাড়ি থেকে আগুনে জ্বলতে থাকা বাড়ি থেকে শাহ আলমের মেয়ে রিক্তা খাতুনকে তার ছোটো ভাই আরিয়ানকে কোলে নিয়ে দৌড়ে বের হতে দেখা যায়।
নুসরাত তাবাসসুমদের প্রতিবেশী মোসাম্মৎ পপি আক্তার দ্য ডিসেন্টকে বলেন, “যখন সবাই বের হয়েছে আগুন নিভাইতে, তখন আমরাও সব দেখছি। তখন এখানে একেবারে দাউ দাউ করে আগুন জ্বলছে। আমরা ঘুমিয়ে ছিলাম কিছু টের পাইনি। এরপর আগুন দেখে সবাই ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করে।”
কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মো. তোজাম্মেল হক তদন্ত কমিটির কাছে জমা দেওয়া প্রতিবেদনে লিখেছেন, “নুসরাত তাবাসসুমের বাড়িতে গত পরশু কোনো শর্ট সার্কিটের ঘটনা ঘটেনি। “
তিনি ঘটনার বিবরণে লিখেছেন, "অগ্নিকান্ডের ঘটনায় বিদ্যুৎ লাইনের মিটারে ব্যবহৃত সার্ভিস ড্রপ ক্যাবল অক্ষত অবস্থায় পাওয়া যায়। তাছাড়া ঐ লাইনে ব্যবহৃত ট্রান্সফর্মারের ফিউজ কাটেনি। শুধুমাত্র মিটারের প্লাস্টিক কভার পুড়ে যায় বাহ্যিক আগুনের কারনে।”
তিনি আরো লিখেন, "তাছাড়াও, গ্রাহক প্রান্তে ব্যবহৃত মেইন সুইচ এর কাট আউটে ব্যবহৃত ফিউজ কাটেনি। ফিউজ এর অ্যাম্পিয়ার রেটিং আনুমানিক ৩ (তিন) অ্যাম্পিয়ার হবে। উপরোক্ত বিষয় গুলো বিবেচনা করলে দেখা যায় বিদ্যুৎ সরবরাহ প্রান্ত হতে শর্ট সার্কিটের কোনো ঘটনা ঘটেনি।"
তদন্ত প্রতিবেদনের একটি কপি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। দ্য ডিসেন্ট কুষ্টিয়ার প্রাগপুর সাব জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মোঃ তোজাম্মেল হকের সাথে যোগাযোগ করে। তিনি বলেন, “লেখাগুলো আমারই। আমরা আমাদের এন্ড থেকে তদন্ত কমিটির কাছে প্রতিবেদন জমা দিয়েছি। এটা সোশ্যাল মিডিয়ায় কিভাবে গেলো সেটা আমি জানিনা।”
কয়েক দিন ধরে হুমকি পাচ্ছিলেন নুসরাত, মঙ্গলবার করেন থানায় জিডি
এনসিপির এই নেত্রী বলেন, ‘গত ২৮ অক্টোবর রাতে আনুমানিক সাড়ে নয়টা নাগাদ একটি স্প্যাম নাম্বার থেকে আমার কাছে একটি হুমকির কল আসে এবং তারও কিছু আগে-পরে আমি আরও বেশকিছু হুমকি কল পেতে থাকি। গত মঙ্গলবার আমি পুরো ঘটনার বর্ণনা করে ঢাকার কলাবাগান থানায় একটি জিডি করেছিলাম। সেই জিডির পরেও আমার কাছে বেশকিছু হুমকি এসেছে। বিশেষ করে গতকাল আমার বাড়িতে যখন হামলা হয়, তার তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের (নিষিদ্ধঘোষিত) পলাতক সভাপতির ফেসবুক আইডি থেকে একটি সতর্কতামূলক পোস্ট দেওয়া হয়; অর্থাৎ একটি হুমকি পোস্ট দেওয়া হয়।’
সংরক্ষিত নারী আসনের এই এমপি আরও বলেন, ‘আপনারা জানেন, এ ধরনের হুমকিকে আমরা কখনোই গায়ে মাখিনি। যদি গায়ে মাখতাম তাহলে আজকে আমরা যে জায়গায় আছি, সেখানে থাকতাম না। তারপর মধ্যরাতে যদি সিসিটিভির সময়টাকে ধরি, তাহলে ১২টা বেজে ১৫ মিনিট ৩০ সেকেন্ডে আমার বাড়িতে পরপর চারটি ব্লাস্ট (বিস্ফোরণ) হয়। ব্লাস্টের ধরণ–ধারণ এবং প্রকার দেখে মনে হচ্ছে, এটি পেট্রোলবোমার আঘাতে হয়েছে। বাকিটা অবশ্যই তদন্তসাপেক্ষ। এ জন্য আমি সুনিশ্চিতভাবে বললাম না। কিন্তু জিনিসটা দেখতে একেবারেই পেট্রোলবোমা হামলার মতো।’
নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের কুষ্টিয়া জেলা সভাপতি মীর আহসানুল হাসান অভি হামলার পর এক ফেসবুক পোস্টে লিখেন, “কুষ্টিয়া জেলায় রাজাকার ধংস ধংস করা হয়েছে।”
তিনি আরো লিখেন, “বাংলাদেশ ধংসকারী জাতীয় রাজাকার নুসরাত তাবাসসুমের লাশ কুষ্টিয়ায় দাফন হবেনা। কুষ্টিয়া রক্ষার জন্য মামলা খেয়েছি, আজ আপনাদের ছেলে হয়ে কুষ্টিয়া বাসীর সন্তান হয়ে কথা দিচ্ছি আমরা যদি বেচে থাকি বাংলাদেশ ধংসকারী নুসরাত তাব্বাসুম রাজাকারের লাশ কুষ্টিয়া জেলায় দাফন হবেনা। ওর মত অবৈধ এমপির মামলা আমরা হিসাবই করিনা। আজ আপনাদের কথা দিচ্ছি আল্লাহ যদি বাচিয়ে রাখে নুসরাত তাবাসসুম কে রাস্তায় ছেচড়াতে ছেচড়াতে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে বাধবো কুষ্টিয়ার জনগন কে সাথে নিয়ে ওর কঠিন বিচার হবে ওর কোনো মাফ নাই এবং কুষ্টিয়া জেলায় ওর কোনো বংশ থাকবেনা ওপেন চ্যালেন্জ।”

বৃহস্পতিবার আরেক পোস্টে তিনি লিখেন, “কুষ্টিয়া জেলা স্বাধীনতার জেলা, এই জেলায় রাজাকারের একবিন্দু ছাই থাকবে না। আজ কুষ্টিয়া জেলা স্বাধীন হয়েছে, কথা দিয়েছি আমরাই আসবো। যেটা বলেছি সেটাই করেছি। আমরাই আসবো সমস্ত রাজাকারের লিস্ট ধরে ধরে খুব দ্রুত খুব নিকটে। আওয়ামীলীগের বাড়িতে ভাংচুর আওয়ামীলীগের বাড়িতে আগুন কে কোথায় কোন জাইগায়, আমরাই আসবো প্রতিটি উত্তর হবে কুষ্টিয়ার মাটিতে। “