বাগেরহাটের মোরেলগঞ্জে অভাব-অনটন ও স্বামীর অবহেলার কারণে ১৫ মাস বয়সী শিশুপুত্রকে ৩০ হাজার টাকার বিনিময়ে অন্যের হাতে তুলে দিয়েছিলেন মা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে শিশুটির মা ও তাকে কিনে নেওয়া পক্ষকে ইউএনওর বাসভবনে হাজির করা হয়।
এর আগে গত বুধবার সন্ধ্যায় মোরেলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামে এ ঘটনা ঘটে।
শিশুটির মা অনিকা আক্তার ওই গ্রামের পলাশ শেখের মেয়ে। প্রায় দুই বছর আগে চট্টগ্রামে হাসান চৌধুরী নামের এক যুবকের সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে আলামিন নামের এক ছেলেসন্তানের জন্ম হয়। বর্তমানে শিশুটির বয়স এক বছর তিন মাস।
অনিক আক্তার বললেন, বিয়ের পর থেকে তার স্বামী হাসান চৌধুরী স্ত্রী ও সন্তানের যথাযথ খোঁজখবর রাখতেন না। এতে সংসারে আর্থিক সংকট ও অভাব-অনটন দেখা দেয়। এর মধ্যে তিনি নিজেও জটিল রোগে আক্রান্ত হন। একপর্যায়ে চরম অসহায়ত্বের কারণে ৩০ হাজার টাকার বিনিময়ে শিশুসন্তানকে অন্যের হাতে তুলে দেন।
জানা যায়, শিশুটিকে বাগেরহাটের মোংলা উপজেলার ন্যবু এলাকার শহিদুলের স্ত্রী নুরজাহান বেগমের কাছে দেওয়া হয়েছিল।
শিশুটির নানা পলাশ শেখ বললেন, তার বয়স হয়েছে। তিনি নিজেও বিভিন্ন রোগে আক্রান্ত। নিজের চিকিৎসার খরচই জোগাড় করতে পারেন না। এমন পরিস্থিতিতে মেয়ে ও নাতির ভরণপোষণের দায়িত্ব পালন করা তার পক্ষে কঠিন।
শিশুটির মা জানালেন, তিনি জটিল রোগে আক্রান্ত। অভাব-অনটনের মধ্যে ছেলেকে কী খাওয়াবেন, তা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। তিনি ছেলেকে নিজের কাছে রাখতে চান না। যেখানে শিশুটি ভালো থাকবে, সেখানেই দিতে চান।
এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ বললেন, শিশুটিকে উদ্ধার করা হয়েছে। আইনগতভাবে এভাবে শিশু বিক্রির কোনো সুযোগ নেই। আপাতত আর্থিক সহযোগিতা দিয়ে শিশুটিকে তার মায়ের জিম্মায় দেওয়া হবে। পরবর্তী সময়ে আইনগত প্রক্রিয়ায় যারা শিশুটির দায়িত্ব নিতে চান, তাদের আবেদন যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।