Image description

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের শিরোপায় চোখ ছিল বাংলাদেশি যুবাদের। আফগানিস্তানের কাছে বড় ব্যবধানে হারের পর শ্রীলঙ্কা ও মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালের টিকিট পেয়েছিল যুবারা। কিন্তু যাত্রাটা থামল শেষ চারে। পাকিস্তানের কাছে আজ ৯ উইকেটে বিধ্বস্ত হয়েছে ফরিদ হাসানের দল।

শুরুতে ব্যাট করে ৩১.৪ ওভারে বাংলাদেশ যুব দল গুটিয়ে যায় কেবল ১৩৮ রানে। টি-টোয়েন্টিতেই এখন ১৩৮ সাদামাটা স্কোর। সেখানে ওয়ানডেতে এই পুঁজি নিয়ে লড়াই করা এক প্রকার অসম্ভব। পারেনি বাংলাদেশও। পাকিস্তানের যুবারা ২১.৫ ওভারে ১ উইকেট হারিয়ে পৌঁছে যায় লক্ষ্যে।

৭২ বলে ৮ বাউন্ডারি ১ ছক্কায় সর্বোচ্চ ৬৯ রান করেন হায়াম খান। অপর ওপেনার উসমান খান অপরাজিত ছিলেন ৫৪ বলে ৬৪ রানে। বাংলাদেশের হয়ে একমাত্র উইকেটটি রবিউল হাসান অনিকের।

পাকিস্তানের মিডিয়াম পেসার রিজওয়ানউল্লাহ ৫ উইকেট নিয়ে গড়ে দিয়েছেন ম্যাচের ভাগ্য। ওপেনার আব্দুল্লাহ আল মুহি ৪৫ বলে ৫০ করলেও অন্যরা সঙ্গ দিতে পারেননি তাকে। জারিফ সিয়াম, কাউসার আহমেদ, ফরিদ হাসান ও আহসান আল মুমিন কেউই রান পাননি। ১০০ রানের আগেই ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। সেটাই কাটিয়ে উঠতে পারেনি তারা।

রাকিবুল হোসেন ২৬ আর আলী রাফি করেন ২০ রান। অধিনায়ক ফরিদ হাসানের ব্যাট থেকে আসে ১৭ রান। টপঅর্ডার ও মিডলঅর্ডার ছিল ব্যর্থ। এরই মূল্য দিল পুরো দল।