Image description
ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবহারের সক্ষমতা পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) মহাকাশ বাহিনীর এক উপদেষ্টা। তিনি দাবি করেছেন, ইরানের ক্ষেপণাস্ত্রের পুরো অস্ত্রভান্ডার এখন দেশেই তৈরি।
 
ইরানের বার্তা সংস্থা মেহরকে দেয়া সাক্ষাৎকারে ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা বেলাইলি বলেন, ‘মানুষ নিশ্চিন্ত থাকতে পারে, আমাদের আঙুল ট্রিগারে রয়েছে এবং আমরা প্রস্তুত।’
 
১৯৮০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ইরাকের সঙ্গে যুদ্ধের সময়কার ক্ষেপণাস্ত্র সক্ষমতার সঙ্গে বর্তমান সক্ষমতার তুলনা করেন বেলাইলি।
 
তিনি বলেন, ‘পবিত্র প্রতিরক্ষা যুদ্ধের আট বছরে আমরা মোট ৮৮টি ক্ষেপণাস্ত্র ছুড়েছিলাম। আর “ট্রু প্রমিজ অভিযানে” প্রতিদিন ১০০টির বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছি।’ ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র অভিযানকে বোঝাতে তিনি ট্রু প্রমিজের কথা উল্লেখ করেন।
 
ইরাকের সঙ্গে যুদ্ধের সময় ইরানকে ক্ষেপণাস্ত্রের ঘাটতিতে পড়তে হয়েছিল বলেও জানান বেলাইলি। সে সময় প্রতিটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণযন্ত্রের জন্য মাত্র একটি করে ক্ষেপণাস্ত্র বরাদ্দ দেওয়া হতো। তবে এখন আর সেই সংকট নেই বলে দাবি করেন তিনি। বেলাইলির ভাষায়, ‘সব সরঞ্জাম ও সক্ষমতা প্রস্তুত রয়েছে।’
 
 
ইরানের কর্মকর্তাদের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানোর বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এসব বক্তব্যের ‘শক্ত ভিত্তি’ রয়েছে। উপযুক্ত সময়ে পুরো বিশ্ব তা দেখতে পাবে।
 
বেলাইলির এই বক্তব্যের কয়েক দিন আগে আইআরজিসি নতুন একটি ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ উন্মোচন করেছে বলে জানিয়েছিল।