তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও তার স্ত্রী এমিনে এরদোয়ানের আয়োজনে বিশ্বনেতাদের সম্মানে দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান। নৈশভোজে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের সহধর্মিণীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।
বুধবার (১১ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় দেশটির আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর গ্রিন জোনে এ নৈশভোজের আয়োজন করা হয়।
কপ-৩১ সম্মেলনে অংশ নিতে আসা বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে এ আয়োজন করেন তুরস্কের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, নৈশভোজে অংশ নিয়ে তারেক রহমান বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
এর আগে বুধবার সকালে কপ-৩১ সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি বিশ্বনেতাদের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন তিনি।
জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে গত মঙ্গলবার তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। এ সফরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।