গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির পেটে অস্ত্রোপচার করে অর্ধশতাধিক গ্যাস লাইটারসহ নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরা উদ্ধার করেছেন চিকিৎসকরা।
পেটে তীব্র ব্যথা ও শারীরিক জটিলতা দেখা দিলে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে পরীক্ষা-নিরীক্ষার পর অস্ত্রোপচার করে এসব বস্তু বের করা হয়।
কারাগার সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে কয়েদি হাসমত আলীকে (৪৪) উন্নত চিকিৎসার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।
তিনি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রামদেবপুর গ্রামের মৃত ছমেদ আলী ওরফে ছমের ছেলে। তিনি একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে বন্দি রয়েছেন।
কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, হাসমত আলী ‘অ্যাকিউট অ্যাবডোমিনাল উইথ এপিগ্যাস্ট্রিক মাস’ নামক জটিল শারীরিক সমস্যায় আক্রান্ত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত ৪ নভেম্বর সেখানে তার পেটে অস্ত্রোপচার করা হলে চিকিৎসকরা অর্ধশতাধিক গ্যাস লাইটার, নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরা বের করেন।
এ বিষয়ে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ-আল-মামুন জানান, হাসমত আলী দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত। তার বাবা হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কারাগারে বন্দি অবস্থায় তিনি মানসিক কষ্ট ভুলে থাকতে বিভিন্ন কাজে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন। পরে কারা কর্তৃপক্ষ তাকে পরিচ্ছন্নতাকর্মীর (সুইপার) দায়িত্ব দেয়।
তিনি আরও জানান, পরিচ্ছন্নতার কাজ করার সময় বিভিন্ন ময়লা-আবর্জনা থেকে গ্যাস লাইটার সংগ্রহ করে সেগুলো খেয়ে ফেলতেন ওই কয়েদি। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে পেটে এসব বস্তু থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর অস্ত্রোপচার করা হয়।
সিনিয়র জেল সুপার জানান, বর্তমানে ওই কয়েদি সুস্থ রয়েছেন। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জের অধীনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।