Image description

কোনো দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠক বা যোগাযোগের ইতিহাস নেই বলে দাবি করেছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেছেন, জামায়াত একটি রাজনৈতিক দল। রাজনৈতিক প্রতিপক্ষ বা বন্ধুদের সঙ্গে আলোচনা হতে পারে, কিন্তু কোনো গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকে বসার প্রশ্নই আসে না।

আজ বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।

৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক সময়ের অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়া হচ্ছে বলে বিরোধীদলীয় নেতার মন্তব্যের সঙ্গে একমত পোষণ করেন। একই সঙ্গে জামায়াতের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, বিভিন্ন সময়ে ঢাকায় একটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিদেশি বিভিন্ন সংস্থার গোপন বৈঠক হয়েছে। এসব বৈঠকের সঙ্গে সীমান্তের ওপার থেকে দেওয়া উসকানির কোনো সম্পর্ক আছে কি না, তা জনগণ জানতে চায়।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় শফিকুর রহমান বলেন, ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে একটি দলের বোঝাপড়া থাকার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যে ইঙ্গিত দিয়েছেন, সেটি কার উদ্দেশে বলা হয়েছে, তা স্পষ্ট করা প্রয়োজন।’ এ ধরনের অভিযোগের পক্ষে আগেই প্রমাণ উপস্থাপনের চ্যালেঞ্জ জানানো হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।

জামায়াত আমির বলেন, যারা এ ধরনের অভিযোগ তুলছেন, তাদের নিজেদের কর্মকাণ্ড আয়নায় দেখা উচিত। তার দাবি, অভিযোগকারীদের মধ্যেই এমন ব্যক্তি রয়েছেন, যারা দেশে-বিদেশে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করেছেন এবং সংশ্লিষ্ট সংস্থার দেশে গিয়ে সাক্ষাৎ করেছেন। এমনকি অতীতে নিজেদের দলীয় নীতিকে ভুল স্বীকার করে ভবিষ্যতে সেই পথে না চলার কথাও প্রকাশ্যে বলেছেন তারা।

বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনের প্রসঙ্গ তোলেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, একজন ব্যক্তি দিনভর বিভিন্ন সময়ে তাদের নিয়ে নানা বক্তব্য দিয়ে যাচ্ছেন। সন্ধ্যায় এক কথা, রাতে আরেক কথা, পরদিন সকালে ও দুপুরে আবার ভিন্ন বক্তব্য দিচ্ছেন। এমন ব্যক্তির বক্তব্যের সূত্র ধরে জামায়াত বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করেছে বলে অভিযোগ তোলা ঠিক নয়।

এ সময় ১২ আগস্টের একটি সংবাদ সম্মেলনে তাকে ভুলভাবে উদ্ধৃত করার অভিযোগ করেন শফিকুর রহমান। তিনি বলেন, ওই সংবাদ সম্মেলনে আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার কথা তিনি বলেননি। প্রায় ২২ মিনিটের বক্তব্যে আওয়ামী লীগের নামও উচ্চারণ করেননি। এ বিষয়ে বক্তব্যের ভিডিও এখনো সংরক্ষিত আছে, যে কেউ তা যাচাই করতে পারবেন।

বর্তমান রাষ্ট্রপতির অতীতের কিছু বক্তব্যের প্রসঙ্গও সংসদে তুলে ধরেন জামায়াত আমির। তার ভাষ্য, রাষ্ট্রপতি প্রকাশ্যে বিভিন্ন মামলা প্রত্যাহার ও সুযোগ-সুবিধা দেওয়ার বিষয়ে কথা বলেছেন। অথচ এ ধরনের বক্তব্য জামায়াতের পক্ষ থেকে দেওয়া হয়নি।

মাদক নিয়ন্ত্রণের বিষয়ে শফিকুর রহমান বলেন, আগে ফ্যাসিস্টদের নিয়ন্ত্রণে মাদকের সিন্ডিকেট পরিচালিত হতো, এখন সরকারি দলের কিছু নেতা তা নিয়ন্ত্রণ করছেন বলে সংসদেই বক্তব্য এসেছে। এ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির পাশ দিয়ে মাদকের বড় চালান যাতায়াতের অভিযোগও একজন সংসদ সদস্য তুলেছেন বলে জানান তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বারবার শুনেছেন, আগের তুলনায় পরিস্থিতির উন্নতি হচ্ছে। কিন্তু এভাবে উন্নতির কথা বলতে বলতে বাংলাদেশ এখনো কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছাতে পারেনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া পরিসংখ্যানে হত্যাকাণ্ডের সংখ্যা ২২ থেকে ১২ জনে নেমে আসার প্রসঙ্গ তুলে শফিকুর রহমান বলেন, এ জন্য তিনি (স্বরাষ্ট্রমন্ত্রী) বিরোধী দলের প্রশংসা প্রত্যাশা করেছিলেন। তবে বিরোধী দল হাততালি না দেওয়ায় নিজেই তিনবার হাততালি দিয়েছেন। ভবিষ্যতে হত্যাকাণ্ডের সংখ্যা শূন্যে নেমে এলে বিরোধী দলের পক্ষ থেকে সবাই মিলে হাততালি দেওয়া হবে।

শেষে ২০২৪ সালে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে ঐক্য গড়ে উঠেছিল, তা ধরে রেখে দেশকে সামনে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন জামায়াত আমির।