Image description

খুলনা জুড়ে শুরু হয়েছে চাঁদাবাজদের তাণ্ডব। ব্যবসায়ী, হাসপাতাল, ক্লিনিক ও সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদা আদায়ের চেষ্টা চলছে। একের পর এক চাঁদার দাবি আর খুনের হুমকিতে পুরো শহরে বিরাজ করছে চরম আতঙ্ক। হুমকির মুখে অনেক ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে বাধ্য হয়েছেন মালিকরা, এমনকি বন্ধ দোকান খুলতে গেলেও আসছে নতুন হুমকি।

রূপসার ‘মল্লিক ব্রাদার্স ফার্মেসি’র মালিকের কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করা হলে সেটি বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকে দোকানটি এখনো বন্ধ রয়েছে। একই এলাকার স্ট্যান্ড রোডের আরও কয়েকটি ওষুধের দোকানও সাময়িকভাবে গুটিয়ে নেওয়া হয়েছে। এর আগে চাঁদার দাবিতে খুলনার পরিচিত চয়নিকা ফার্মেসিও বন্ধ হয়ে গেছে, যা আজও চালু করা যায়নি।

পুলিশ বলছে, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বা মালিকরা নিজে থেকে লিখিত অভিযোগ না করলে আইনি পদক্ষেপ নেওয়া কঠিন হয়ে পড়ে।

খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব বাবুল হাওলাদার টাইমসকে জানান, এই ত্রাসের রাজত্বের বিরুদ্ধে মুখ খুলতেও সাধারণ মানুষ ও সুশীল সমাজের প্রতিনিধিরা নিজেদের নিরাপদ মনে করছেন না।

শহরের খান জাহান আলী রোডের ‘নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন’-এ ঘটে গেছে এক চাঞ্চল্যকর ঘটনা। চাঁদা দাবি ও হত্যার হুমকির মুখে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সেবা কার্যক্রম বন্ধ রাখে প্রতিষ্ঠানটি। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দুর্বৃত্তরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ডায়াগনস্টিক সেন্টারটি আবার চালু করলে খুনের হুমকি দেয়। শেষ পর্যন্ত চরম নিরাপত্তার ঝুঁকির মধ্যেই দুপুর ১টার পর প্রতিষ্ঠানটি আবার চালু করা হয়।

গত শনিবার বিকালে একদল দুর্বৃত্ত এই প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর চালায়। এরপর থেকেই শুরু হয় ফোন করে টাকা আদায়ের চেষ্টা। প্রতিষ্ঠানের ব্যবস্থাপক জাহিদ হোসেন জানান, রোববার তার ফোনে বারবার কল করে প্রথমে ৩০ লাখ, পরে ২০ লাখ এবং শেষ পর্যন্ত ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

তিনি অপারগতা প্রকাশ করলে রাত ১১টার মধ্যে ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করার নির্দেশ দেয় দুর্বৃত্তরা। তিনটি ভিন্ন হোয়াটসঅ্যাপ নম্বর থেকে এই হুমকি আসে এবং ফোনকারী নিজেকে ‘নুর আজিম’ বলে পরিচয় দেয়। হুমকির মুখে নির্ধারিত সময়ের আগেই প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়।

পরদিন সোমবার সকালে সাংবাদিকরা ঘটনাস্থল থেকে লাইভ সম্প্রচার শুরু করলে, সেই ‘নুর আজিম’ এবার জাহিদকে ফোন করে হুমকি দেয়—প্রতিষ্ঠান না খুললে সবাইকে মেরে ফেলা হবে এবং এ নিয়ে বাড়াবাড়ি করলে গুলি চালানো হবে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রিপন জানান, নিউ অ্যাপোলো কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ দেয়নি। তবে খুলনা সদর সার্কেলের সহকারী পুলিশ কমিশনার এম এম শাকিলুজ্জামান টাইমসকে জানান, পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। এ ঘটনায় সরাসরি জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

ইতোমধ্যে অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে হুমকির ঘটনায় জড়িত ‘নুর আজিম গ্যাং’-এর ছয় সদস্যকে রোববার রাতে এক অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। শাকিলুজ্জামান জানান, চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর থেকেই খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। অপরাধীরা এখন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তাদের অপরাধমূলক কর্মকাণ্ডের ঘোষণা দিচ্ছে। অন্যদিকে হামলার ভয়ে রাতের বেলা পুলিশ সদস্যদেরও সাদাপোশাকে বাইরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিভাগীয় এই শহরে খুন, গোলাগুলি ও চাঁদাবাজি এখন নিত্যদিনের ঘটনা। ব্যবসায়ী ছাড়াও সরকারি কর্মকর্তা ও চিকিৎসকরাও এই সন্ত্রাসীদের হাত থেকে রেহাই পাচ্ছেন না।

খুলনার সাবেক সিভিল সার্জন ও খুলনা মেডিকেল কলেজের উপ-পরিচালক সুজাত আহমেদকে ২ লাখ টাকা চাঁদা দেওয়ার জন্য হুমকি দেওয়া হয়েছে। গত রোববার রাত ১১টার দিকে তার হোয়াটসঅ্যাপে ফোন ও মেসেজ পাঠিয়ে এই চাঁদা দাবি করা হয়, টাকা পাঠানোর জন্য একটি ব্যাংক অ্যাকাউন্ট নম্বরও দেওয়া হয়।

সুজাত জানান, ফোনকারীরা নিজেদের কোনো অপরাধী চক্রের সদস্য পরিচয় দিয়ে চরম অকথ্য ভাষায় গালিগালাজ করে। এই ঘটনার পর থেকে তিনি চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন এবং অপরিচিত কোনো নম্বর থেকে ফোন এলে আর রিসিভ করছেন না। নিরাপত্তা শঙ্কায় তিনিও পুলিশের কাছে কোনো লিখিত অভিযোগ জানাননি।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেলে পুলিশ অবশ্যই আইনগত ব্যবস্থা নেবে।

গত অক্টোবরে রয়্যাল মোড়ের ‘সিটি কুইন্স হাসপাতালে’ চাঁদার দাবিতে হামলা চালানো হয়। একই কায়দায় ‘সন্ধানী ক্লিনিক’-এর এক শাখায় হামলা ও অন্য শাখায় শক্তির মহড়া দেওয়া হয়। রেহাই পায়নি ‘চায়নিজ প্যালেস’ ও ‘রংধনু ক্লিনিক’ও।

সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর খুলনা জেলা কমিটির সভাপতি কুদরত-ই-খুদা টাইমসকে বলেন, ‘এখানে পুলিশের সদিচ্ছার অভাব রয়েছে। ২০২৪ সালের পর থেকে পুলিশ প্রশাসনের মধ্যে এক ধরনের নিষ্ক্রিয়তা ও মনস্তাত্ত্বিক সংকট তৈরি হয়েছে।’

তিনি আরও বলেন, মাদকের ব্যবসা এবং আন্ডারওয়ার্ল্ডের নিয়ন্ত্রণ নিয়ে একাধিক গ্রুপের মধ্যে কোন্দল চলছে। অতীতে যারা অপরাধ জগতের নিয়ন্ত্রণ করতো, তাদের অনেকে এখন বিদেশে। কিন্তু তাদের নাম ভাঙিয়ে নতুন নতুন অপরাধী চক্র মাঠে নেমেছে এবং চাঁদাবাজি করছে।

খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও সংসদের সরকারি দলের হুইপ রকিবুল ইসলাম বকুল এই অবনতিশীল পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘খুলনার এই অরাজকতা আইনশৃঙ্খলা বাহিনীকে যেকোনো মূল্যে দমন করতে হবে। নতুবা তাদের ব্যর্থতা স্বীকার করে আত্মসমর্পণ করতে হবে।’ প্রয়োজনে তিনি সাধারণ জনগণকে সাথে নিয়ে রাজপথে নামারও ঘোষণা দেন।

খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুও ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সন্ত্রাস ও চাঁদাবাজি চলতে থাকলে খুলনায় সাধারণ মানুষের বসবাস এবং উন্নয়ন অসম্ভব হয়ে পড়বে। অচেনা নম্বর দেখলে এখন ব্যবসায়ী ও চিকিৎসকরা ফোন ধরতে ভয় পাচ্ছেন।’

খুলনা মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের দেওয়া হিসাব অনুযায়ী, চলতি বছর খুলনায় ইতিমধ্যে ৭৫টি হত্যাকাণ্ড ঘটেছে। এ ছাড়া রেকর্ড করা হয়েছে গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে আহত হওয়ার শতাধিক ঘটনা।