রাজধানীর শ্যামলীতে ঠিকানা পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই দিন উত্তর শাহজাহানপুরে বিএনপির পার্টি অফিসসংলগ্ন ঝিলপাড় থেকে ছয়টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে শ্যামলী শিশু মেলার কাছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে বাসটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
পুলিশ জানায়, চলন্ত বাসটিকে লক্ষ্য করে আগুন দেওয়া হয়। এ সময় চালক ও সহকারী নিরাপদে বেরিয়ে আসেন। যাত্রীরাও দ্রুত বাস থেকে নেমে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ৯টা ৩৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসটির বড় একটি অংশ পুড়ে গেছে।
এ ঘটনায় মিরপুর সড়কের ওই অংশে যান চলাচল ব্যাহত হয় এবং আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়।
শেরেবাংলা নগর থানার পরিদর্শক (অপারেশনস) মাসুদ রানা জানান, বাসে আগুন দেওয়ার ঘটনায় পুলিশ তদন্ত করছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, বাসে আগুন দেওয়ার কয়েক ঘণ্টা আগে দুপুর ১টা ১০ মিনিটের দিকে উত্তর শাহজাহানপুরে বিএনপির পার্টি অফিসসংলগ্ন ঝিলপাড়ে একটি পরিত্যক্ত বস্তায় বোমাসদৃশ বস্তু দেখতে পান এক পথচারী। পরে তিনি বিষয়টি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নকে (এসআরবি-৩) জানান।
খবর পেয়ে ব্যাটালিয়নের সদস্য ও বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালান। এ সময় বস্তার ভেতর থেকে ছয়টি তাজা ককটেল উদ্ধার করা হয়। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের তত্ত্বাবধানে সেগুলো নিরাপদে ধ্বংস করা হয়।
এসআরবি-৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও ইন্টেলিজেন্স অ্যান্ড মিডিয়া কর্মকর্তা মো. মেহেদী ইমরান সিদ্দিকী জানান, ককটেলগুলো কারা এবং কী উদ্দেশ্যে সেখানে রেখেছিল, তা জানতে গোয়েন্দা অনুসন্ধান চলছে। এ ঘটনায় শাহজাহানপুর থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
সন্দেহজনক বস্তা, ব্যাগ বা কার্টন দেখলে স্পর্শ না করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ জানিয়েছে পুলিশ।