Image description

দুই অভিষিক্ত ব্যাটার মোহাম্মদ তাহা, তায়েব আরিফ আগেই ফিফটি তুলে নিয়েছেন। আজ সেই তালিকায় যোগ দিলেন আরাফাত মিনহাস। টেস্টে এক ইনিংসে তিন অভিষিক্ত ব্যাটারের ফিফটিতে বিরল এক রেকর্ডে নাম লিখিয়েছে পাকিস্তান। যে রেকর্ড ৩৪ বছর ধরে শুধুই জিম্বাবুয়ের ছিল।

টেস্টে এক ইনিংসে তিন ব্যাটারের ফিফটির রেকর্ড এখন পর্যন্ত জিম্বাবুয়ে ও পাকিস্তানের দখলে। ১৯৯২ সালে নিজেদের ইতিহাসে প্রথম টেস্টের এক ইনিংসে জিম্বাবুয়ের তিন ব্যাটার ফিফটি করেছিলেন। যাদের মধ্যে অধিনায়ক ডেভ হটন ১২১ রানের ইনিংস খেলেছিলেন। অ্যান্ডি ফ্লাওয়ার (৫৯) ও গ্রান্ট ফ্লাওয়ার (৮২) করেছিলেন ফিফটি। হারারেতে ভারতের বিপক্ষে জিম্বাবুয়ের সেই কীর্তির ৩২ বছর পর এবার পাকিস্তানের তিন ব্যাটার এক ইনিংসে নিজেদের টেস্টে অভিষেকে করেছেন ফিফটি।

রাওয়ালপিন্ডিতে সোমবার প্রথম টেস্টের প্রথম দিনে ৩০০ ছুঁইছুঁই রান করে দিন শেষ করেছিল পাকিস্তান। ৫ উইকেটে ২৮১ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে আরও ৪ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৫৩ রান যোগ করে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪৩৪ রান তুলে ইনিংস ঘোষণা করেছে স্বাগতিকেরা। জবাবে ব্যাটিংয়ে নেমে স্বাগতিকদের দুর্দান্ত বোলিংয়ে চাপে পড়ে লঙ্কানরা। দ্বিতীয় দিন শেষে ১১৪ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ৩২০ রানে পিছিয়ে রয়েছে সফরকারীরা।

 

রাওয়ালপিন্ডিতে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা। প্রথম দিন শেষে ৫ উইকেটে ২৮১ রান তুলেছিল পাকিস্তান। দ্বিতীয় দিন সেই সংগ্রহকে আরও বড় করেন সৌদ শাকিল ও ঘাজি ঘোরি। শেষ পর্যন্ত ১০৬.৩ ওভারে ৯ উইকেটে ৪৩৪ রান তুলে ইনিংস ঘোষণা করে পাকিস্তান।

 
 

পাকিস্তানের হয়ে ব্যাট হাতে ১৯৯ বলে ৯ চারের মারে সর্বোচ্চ ৯৩ রান করেছেন সৌদ শাকিল। আরিফ, তাহা, বাবর ও মিনহাস চার ব্যাটারই করেছেন ফিফটি। এ ছাড়া আওয়াইসের ৩০ এবং উইকেটরক্ষক ব্যাটার গাজী ঘুরির ৪৮ রানের ইনিংসে বড় সংগ্রহ পায় পাকিস্তান। তবে এই ইনিংসে কেউই সেঞ্চুরি পাননি।

 

শ্রীলঙ্কার আসিতা ফার্নান্দো ও দিলশান মাদুশঙ্কা নিয়েছেন সর্বোচ্চ ৩টি করে উইকেট। এছাড়া সাকিব ও মিলান একটি করে উইকেট পান।

৪৩৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে শ্রীলঙ্কা। মাত্র ১২ রানের মধ্যে সাকিব খানের বলে দুই ওপেনার সুরিয়াবান্দারা ও অভিজ্ঞ দিনেশ চান্দিমালকে হারায় তারা। সুরিয়াবান্দারা ৭ বলে কোনো রান না করেই ফেরেন। চান্দিমালের ব্যাট থেকে আসে ১ রান। সাকিবেরও অভিষেক হয়েছে রাওয়ালপিন্ডি টেস্ট দিয়ে।

দলের বিপদে লাহিরু উদারা ৫২ বলে ৪২ রান করে ইনিংস কিছুটা এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে দলীয় ৬৫ রানে আউট হন তিনিও। এরপর দিনের শেষে দলের হাল ধরেন কামিন্দু মেন্ডিস ও ধনাঞ্জয়া ডি সিলভা। কামিন্দু ৭৮ বলে ৪০ রান করে অপরাজিত। ধনাঞ্জয়া ২৮ বলে ২২ রানে ব্যাটিং করছেন। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে যোগ হয় ৪৯ রান।

আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই দ্বিতীয় দিনের খেলা শেষ হয়। ৩ উইকেট হারানো শ্রীলঙ্কা এখনো পাকিস্তানের চেয়ে ৩২০ রানে পিছিয়ে।