Image description

গাজার যুদ্ধবিধ্বস্ত শিশুদের চিকিৎসায় সহায়তার জন্য নিজের পরিবারের প্রায় ৪০০ বছরের পুরোনো ঐতিহাসিক প্রাসাদ বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইতালির ৭৫ বছর বয়সী নারী ইউজেনিয়া গ্রানিতো। প্রাসাদটি বিক্রি করে পাওয়া সম্পূর্ণ অর্থ আন্তর্জাতিক মানবিক চিকিৎসা সংস্থা ‘ডক্টরস উইদাউট বর্ডারস’ বা এমএফএসকে দান করতে চান তিনি।

ইতালির দক্ষিণাঞ্চলের সালার্নো প্রদেশের রোক্কা চিলেন্তো এলাকায় অবস্থিত এই প্রাসাদটি ১৭ শতকের ঐতিহাসিক স্থাপনা। কয়েক প্রজন্ম ধরে এটি গ্রানিতো পরিবারের মালিকানায় রয়েছে।

ইতালির জাতীয় সংবাদ সংস্থা গত বুধবার এক প্রতিবেদন কথা প্রকাশ করে। প্রতিবেদনে ইউজেনিয়ার বক্তব্য তুলে ধরে বলা হয়, বাড়িটি বিক্রি করে তিনি যে অর্থ পাবেন, তার পুরোটাই গাজার শিশুদের জন্য এমএসএফকে দেবেন। বাড়ি বিক্রির পর নোটারির কাছে অর্থ কীভাবে ব্যবহার করা হবে, তা জানতে চান তিনি। তার প্রত্যাশা, এই অর্থ দিয়ে শিশুদের জন্য একটি হাসপাতাল বা অন্য কোনো চিকিৎসাকেন্দ্র গড়ে তোলা সম্ভব হবে।

একই দিনে কোর্রিয়েরে দেল্লা সেরা নামক ইতালির প্রভাবশালী দৈনিকও তাদের এক প্রতিবেদনে এই সিদ্ধান্তের কথা   প্রকাশ করে। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে ইউজেনিয়া গ্রানিতোর পরিবারের ১৭ শতকের প্রাসাদ বিক্রির উদ্যোগ, সম্পূর্ণ অর্থ এমএসএফকে দেওয়ার ইচ্ছা এবং তার রিয়েল এস্টেট এজেন্ট ফ্রান্সেসকো পিও ফিগলিওলার ভূমিকা তুলে ধরা হয়।

তবে এখনো প্রাসাদটির বিক্রি সম্পন্ন হওয়া বা অনুদানের অর্থ হস্তান্তরের তথ্য পাওয়া যায়নি। হাসপাতাল নির্মাণের বিষয়টিও এমএসএফ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

নিজের পরিবারের শতাব্দীপ্রাচীন সম্পদ বিক্রি করে যুদ্ধবিধ্বস্ত গাজার শিশুদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে মানবিক সংহতির একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত হয়ে উঠেছে।