Image description

কখনও ব্যস্ত সড়কে ককটেল বিস্ফোরণ, কখনও চলন্ত বা পার্ক করা বাসে আগুন। থানার সামনে, পুলিশের টহল গাড়ি, পুলিশ লাইনস কিংবা গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাও হামলার লক্ষ্যবস্তু হচ্ছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক এসব সহিংস ঘটনা ঘটিয়ে পালিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। কোথাও হামলাকারীরা গ্রেফতার হচ্ছে, কোথাও চলছে পরিচয় শনাক্তের চেষ্টা। কিন্তু থামছে না বিস্ফোরণ ও অগ্নিসংযোগ।

সাম্প্রতিক এসব ঘটনায় জনমনে ছড়িয়ে পড়েছে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা। একই সঙ্গে খুন, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাতের ঘটনাও উদ্বেগ বাড়াচ্ছে। প্রশ্ন উঠেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে আগাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না কেন?

পুলিশ বলছে, এসব ঘটনা ঘটলেও সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বড় ধরনের সংকটের মুখে পড়েনি। অপরাধ বিশ্লেষকদের মতে, অপরাধ সংঘটনের পর গ্রেফতার ও কঠোর ব্যবস্থার ঘোষণা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আগাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপরাধ প্রতিরোধ এবং মানুষের নিরাপত্তাবোধ ফিরিয়ে আনতে কার্যকর তৎপরতা প্রয়োজন।

রাজধানীতে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

গত কয়েক দিনে রাজধানীর জনবহুল এলাকা, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা, এমনকি পুলিশি নিরাপত্তাবেষ্টিত এলাকাতেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাজধানীতে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ এবং অন্তত আটটি বাসে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।

১

রবিবার রাজধানীর মিরপুর-১ এর সনি হলের সামনে একটি প্রাইভেট কারের ওপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে

শুক্রবার (৬ নভেম্বর) থেকে রবিবার (৮ নভেম্বর) পর্যন্ত আদাবর, শাহবাগ, খিলগাঁও, বিমানবন্দর, কালশী ও যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণ ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, প্রশাসনিক ভবনসংলগ্ন এলাকা ও ভিসি চত্বরেও ককটেল বিস্ফোরিত হয়। মালিবাগে সিআইডি কার্যালয়ের সামনেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এর আগে আদাবর থানার সামনে, রাজারবাগ পুলিশ লাইনসের ফটকে, শাহবাগে পুলিশের ডিউটি গাড়ি এবং বনানীর সেতু ভবন লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। কয়েকটি ঘটনায় মোটরসাইকেলে এসে বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার তথ্যও পাওয়া গেছে।

সোমবার (৯ নভেম্বর) ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় স্টেশনে ফায়ার অ্যালার্ম বেজে উঠলে যাত্রী ও পথচারীদের মধ্যে ছোটাছুটি শুরু হয়। একই দিন তেজগাঁও শিল্পাঞ্চলসহ রাজধানীর আরও কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়।

এদিন সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানায়, ককটেল নিক্ষেপের সময় ঢাকার সিএমএম আদালতের সামনে থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের দুই সদস্যকে ককটেল ও মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়েছে। শ্যামপুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে আরও একজনকে।

একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় আজমেরী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে ভোরেও একই মালিকের আরেকটি বাসে আগুন দেওয়া হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, পৃথক দুটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। তবে বাস দুটি একই মালিকের। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। পরিকল্পিত ঘটনা কি না, তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খুন-ডাকাতি-ছিনতাই, বাড়ছে সহিংস অপরাধও

ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের পাশাপাশি সারা দেশে খুন, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, দখল এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাতের ঘটনা ঘটছে। প্রকাশ্যে গুলি, ছুরিকাঘাত ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাও উদ্বেগ বাড়াচ্ছে।

পুলিশ সদর দফতরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের প্রথম ১০ মাসে দেশে ২ হাজার ৯৩৯টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। জানুয়ারিতে ২৮৭টি, ফেব্রুয়ারিতে ২৫০, মার্চে ৩১৭, এপ্রিলে ২৮৮, মে মাসে ৩১০, জুনে ৩২৬, জুলাইয়ে ২৯৮, আগস্টে ২৮৬, সেপ্টেম্বরে ২৯৭ এবং অক্টোবরে ২৮০টি খুনের মামলা হয়েছে। অর্থাৎ ১০ মাসে মাসে গড়ে প্রায় ৩০০ এবং দিনে প্রায় ১০টি হত্যাকাণ্ডের মামলা হয়েছে। প্রতিটি ঘটনায় সংশ্লিষ্ট থানায় হত্যা মামলা দায়ের হয়েছে বলে পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে।

পুলিশ সদর দফতরের সেপ্টেম্বর মাসের অপরাধ পরিসংখ্যানেও অন্যান্য অপরাধের চিত্র উঠে এসেছে। ওই মাসে সারা দেশে ডাকাতির ২৮টি, দস্যুতার ১৫৩টি, দাঙ্গার দুটি, নারী ও শিশু নির্যাতনের ২ হাজার ১১৩টি এবং অপহরণের ৭৮টি ঘটনা ঘটেছে। এ ছাড়া পুলিশের ওপর হামলার ৪০টি, সিঁধ কেটে চুরির ২৮১টি এবং সাধারণ চুরির ১০২টি ঘটনা ঘটেছে। ওই মাসে ১৬০টি অবৈধ অস্ত্র ও ৩০টি বিস্ফোরক উদ্ধারের তথ্যও রয়েছে। মাদক উদ্ধারসংক্রান্ত মামলা হয়েছে ৭ হাজার ১০১টি এবং চোরাচালানের পণ্য জব্দের ঘটনায় মামলা হয়েছে ২৪৩টি।

চলতি বছরে আধিপত্য বিস্তার, পদ-পদবি নিয়ে বিরোধ, দখল ও এলাকাভিত্তিক কোন্দলকে কেন্দ্র করে রাজনৈতিক সহিংসতার ঘটনাও ঘটেছে। মানবাধিকার সংগঠন অধিকারের তথ্যানুযায়ী, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত রাজনৈতিক সহিংসতায় ১২০ জন নিহত হয়েছেন। মাসভিত্তিক হিসাবে জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে আট, মার্চে ২০, এপ্রিলে ১৫, মে মাসে ১০, জুনে ১৯, জুলাইয়ে ১০, আগস্টে নয় এবং সেপ্টেম্বরে আটজন নিহত হয়েছেন।

অধিকারের তথ্যানুযায়ী, একই সময়ে নির্যাতনে ছয়জন, পিটুনিতে দুজন এবং গুলিতে দুজন নিহত হয়েছেন। সব মিলিয়ে এসব ঘটনায় ১০ জনের মৃত্যুর তথ্য দিয়েছে সংগঠনটি।

এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত খুলনা মহানগর ও জেলায় ৭৫টি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে খুলনা মহানগরীতে দুর্বৃত্তদের হাতে নারীসহ ৩৭ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই তরুণ। আধিপত্য বিস্তার, রাজনৈতিক সহিংসতা ও কিশোর গ্যাংয়ের দ্বন্দ্ব এসব হত্যাকাণ্ডের কারণ হিসেবে উঠে এসেছে।

এ ছাড়া গত ৬ নভেম্বর রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় আবুল কালাম নামে এক পুলিশ সদস্যকে নির্জন স্থানে ডেকে নিয়ে নৃশংসভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে মাদক কারবারিদের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা তাকে এলোপাতাড়ি পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার পাশাপাশি পায়ের রগ কেটে দিয়েছে।

থানার সামনে হামলা, পুলিশের নিরাপত্তা নিয়েও প্রশ্ন

একের পর এক বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিরোধব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠছে। বিশেষ করে থানার সামনে এবং পুলিশ সদস্যদের লক্ষ্য করে হামলার ঘটনা অপরাধীদের বেপরোয়া আচরণের ইঙ্গিত দিচ্ছে।

এর আগে দেশের বিভিন্ন স্থানে আসামি গ্রেফতার করতে গিয়ে পুলিশের ওপর হামলা, আসামি ছিনিয়ে নেওয়া এবং সরকারি অস্ত্র লুটের ঘটনাও ঘটেছে।

পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে সারা দেশে পুলিশের ওপর হামলার ঘটনায় ৪৪০টি মামলা নথিভুক্ত হয়েছে। এসব ঘটনাও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সামনে থাকা নিরাপত্তাগত চ্যালেঞ্জ তুলে ধরছে।

দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে কি না জানতে চাইলে পুলিশের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আহসান হাবীব পলাশ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটা অস্বীকার করার সুযোগ নেই। তবে এসব ঘটনার কারণে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বড় ধরনের সংকটের মুখে পড়েছে বলে মনে করি না। ঘটনা ঘটছে, জড়িতরা ধরাও পড়ছে। এরপরও কেউ কেউ বেপরোয়া আচরণ করছে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব ঘটনা ঘটাচ্ছে। তবে এখনও পর্যন্ত এসব ঘটনাকে আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য বড় ধরনের বিপদসংকেত বলে মনে হচ্ছে না।’

থানা ও পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ এবং পুলিশ সদস্যদের ওপর হামলার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘হামলাকারীরা হয়তো পুলিশকে দুর্বল মনে করছে। তারা ভাবতে পারে, এ ধরনের হামলার মাধ্যমে পুলিশের মনোবল ভাঙা যেতে পারে। পুলিশের ওপর হামলার পেছনে এটি একটি কারণ হতে পারে। এর বাইরে নির্দিষ্ট কোনও কারণ আমার জানা নেই।’

এসব ঘটনার পেছনে রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্যের সঙ্গে চলমান অস্থিরতার কোনও যোগসূত্র রয়েছে কি না, এমন প্রশ্নে মন্তব্য করতে রাজি হননি পুলিশের এই শীর্ষ কর্মকর্তা।

নেপথ্যে কারা, উঠছে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ

সাম্প্রতিক বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনাগুলোকে পরিকল্পিত নাশকতা হিসেবে দেখছে পুলিশ। ডিএমপির দাবি, একটি নির্দিষ্ট গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব ঘটনা ঘটিয়ে জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে।

রবিবার (৮ নভেম্বর) ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো. আকতার হোসেন জানান, প্রতিটি ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ বিভিন্ন সংগঠনের সদস্য রয়েছেন। অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি, টহল ও অভিযান জোরদার করা হয়েছে।

ককটেল বিস্ফোরণ

ককটেল বিস্ফোরণ

এদিকে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ ও সাম্প্রতিক অস্থিরতার পেছনে ‘পতিত শক্তির’ সংশ্লিষ্টতার অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

সোমবার (৯ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা লক্ষ্য করছি, পতিত শক্তি অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে মাঝেমধ্যে বাস ও বিভিন্ন স্থাপনায় হামলা চালাচ্ছে। এসব ঘটনায় পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে এবং কঠোরভাবে দমন করবে।’

কারা এসব অস্থিরতা সৃষ্টি করছে, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারাই করুক, তারা দুষ্কৃতকারী।’

তবে সাম্প্রতিক ঘটনাগুলোর পেছনে অভিন্ন কোনও পরিকল্পনা রয়েছে কি না, ককটেল তৈরি ও সরবরাহ করছে কারা এবং নিক্ষেপকারীদের নির্দেশদাতা বা অর্থদাতাই বা কারা, সেসব প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর এখনও পাওয়া যায়নি। কয়েকটি ঘটনায় গ্রেফতার ও বিস্ফোরক উদ্ধারের তথ্য মিললেও অন্য অনেক ঘটনায় হামলাকারীদের শনাক্তে তদন্ত চলছে। ফলে শুধু সন্দেহভাজনদের গ্রেফতার নয়, পুরো নাশকতাচক্র শনাক্ত করাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

রাজধানীতে ২৫০ চেকপোস্ট বসিয়ে পুলিশের তল্লাশি

এদিকে এমন একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনার পর রাজধানীজুড়ে নজিরবিহীন তল্লাশি কার্যক্রম চালাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক, মোড়সহ বিভিন্ন এলাকায় ২৫০টি চেকপোস্ট বসানো হয়েছে। এসব চেকপোস্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে মোটরসাইকেল, সিএনজি ও প্রাইভেট কার তল্লাশি করা হচ্ছে।

ডিএমপি মিডিয়া বিভাগের উপ-কমিশনার আকতার হোসেন সাংবাদিকদের জানান, রবিবারের ককটেল বিস্ফোরণের ঘটনায় আমরা ১৫ জনকে গ্রেফতার করেছি। পাশাপাশি রাজধানীতে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

পুলিশরাজধানীতে চেকপোস্ট বসিয়ে চলছে তল্লাশি। ছবি: বাংলা ট্রিবিউন

খোঁজ নিয়ে জানা যায়, রাজধানীর তেজগাঁও, মহাখালী, মিরপুর, গাবতলী, যাত্রাবাড়ী, পল্টন, শাহবাগ, কাওরানবাজার, বাড্ডা, রামপুরা, উত্তরা ও ভাটারা এলাকায় চলছে তল্লাশি। রামপুরা থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, বিটিভির সামনে চেকপোস্ট তল্লাশি কার্যক্রম চলছে। সন্দেহভাজন মোটরসাইকেল, সিএনজি ও প্রাইভেট কারে তল্লাশি চালানো হচ্ছে।

তিনি জানান, সকালে বনশ্রীর সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনায় আমরা দুই জনকে গ্রেফতার করেছি।

শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম জানান, আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে আমাদের তল্লাশি কার্যক্রম চলছে।

রমনা থানার উপ-কমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, নিরাপত্তা জোরদার করা হয়েছে। রমনা বিভাগের প্রতিটি থানাকে তল্লাশি বা চেকপোস্ট কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। 

তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান জানান, প্রতিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে চেকপোস্ট পরিচালনার জন্য। যে সব দুর্বৃত্ত ককটেল ফাটিয়ে আতঙ্ক ছড়াতে চায়, তাদের গ্রেফতারে আমরা অভিযান পরিচালনা করছি।

অপরাধ প্রতিরোধে আগাম গোয়েন্দা তৎপরতার তাগিদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. রেজাউল করিম বাংলা ট্রিবিউনকে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো যথাযথভাবে দায়িত্ব পালন করছে; এমন বার্তা জনগণের কাছে না পৌঁছালে অপরাধীরা বিভিন্ন ধরনের অপরাধ সংঘটনে উৎসাহিত হতে পারে।

তিনি বলেন, ‘সম্প্রতি বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। তবে এর চেয়েও গুরুতর অপরাধ, যেমন খুন, অপহরণসহ নানা ধরনের সহিংস অপরাধও সংঘটিত হচ্ছে। এসব অপরাধকে শুধু কোনও ব্যক্তির দেশে ফেরার সম্ভাবনা কিংবা নির্দিষ্ট রাজনৈতিক ঘটনাকে কেন্দ্র করে দেখার সুযোগ নেই। বরং মূল বিষয় হচ্ছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিরাপত্তাসংশ্লিষ্ট সংস্থাগুলো কতটা কার্যকরভাবে দায়িত্ব পালন করছে।’

তিনি আরও বলেন, ‘ককটেল বিস্ফোরণ কিংবা বাসে অগ্নিসংযোগের ঘটনাকে আমরা অনেক সময় বেশি গুরুত্ব দিচ্ছি। অথচ এর চেয়েও গুরুতর অপরাধের ঘটনাগুলো অনেক ক্ষেত্রে একইভাবে গুরুত্ব পাচ্ছে না। অপরাধকে রাজনৈতিক পরিস্থিতি বা নির্দিষ্ট কোনও ঘটনার সঙ্গে মিলিয়ে বিচার না করে অপরাধ হিসেবেই দেখতে হবে। কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে কতটা কার্যকর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অপরাধ প্রতিরোধে সংশ্লিষ্ট সংস্থাগুলোর তৎপরতা কতটা রয়েছে, সেটিই বেশি গুরুত্বপূর্ণ।’

অধ্যাপক রেজাউল করিম বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মধ্যে কার্যকর গোয়েন্দা তথ্য বিনিময়, সমন্বিত তৎপরতা ও নজরদারি নিশ্চিত করা গেলে এ ধরনের অপরাধ অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। একই সঙ্গে নিরাপত্তাসংশ্লিষ্ট সব সংস্থা ও অংশীজনকে যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে। অপরাধ সংঘটনের পর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আগাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপরাধ প্রতিরোধে গুরুত্ব দিতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা, সমন্বয় ও কার্যকর ভূমিকা নিশ্চিত করা গেলে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সম্ভব।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঢাকাসহ দেশের বড় শহরগুলোতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। একটি গোষ্ঠী এসব ঘটনার মাধ্যমে জনমনে ভীতিকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। কিন্তু এর পেছনে কারা রয়েছে, তাদের রাজনৈতিক পরিচয় ও উদ্দেশ্য কী, সেটি তদন্তের মাধ্যমে খুঁজে বের করতে হবে।’

তিনি বলেন, ‘ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা কিংবা সক্রিয় হওয়ার প্রসঙ্গটি রাজনৈতিক আলোচনায় রয়েছে। কিন্তু সাম্প্রতিক অস্থিরতার সঙ্গে এর কতটা সংযোগ রয়েছে, তা অনুমানের ভিত্তিতে নয়, তদন্তের মাধ্যমে নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অপরাধীদের গ্রেফতার এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও গোয়েন্দা নজরদারি বাড়ানো জরুরি।’

ড. তৌহিদুল হকের মতে, নির্বাচিত জনপ্রতিনিধিদেরও নিজেদের দায়িত্বের জায়গা থেকে সক্রিয় হতে হবে। অপরাধীরা বারবার সহিংসতা ঘটিয়েও আইনের আওতার বাইরে থেকে গেলে আরও বেপরোয়া হওয়ার সুযোগ পাবে। তাই সরকার, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। একই সঙ্গে নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন, সেটিও নিশ্চিত করতে হবে।