Image description
শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করার খবর ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে। এ নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর প্রশ্ন, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত শেখ হাসিনা কোন এখতিয়ারে নতুন পাসপোর্ট ও এনআইডি চাইছেন?
 
তিনি বলেন, ‘মুগ্ধ যে ছেলেটি তাঁর আরেক বন্ধুকে পানি খাওয়ানোর জন্য চিৎকার করে নিজের বুকে গুলি নিয়ে “পানি লাগবে, পানি”—এই মর্মান্তিক, মর্মস্পর্শী কণ্ঠ, তাঁর সেই আওয়াজ গোটা জাতির বিবেককে মর্মপীড়ায় ধ্বংসিত করে। তারপরও শেখ হাসিনা এই বাংলাদেশে আসবেন আর তাঁকে সংবর্ধিত করতে হবে। তিনি পাসপোর্ট চান কোন লজ্জায়?’
 
আর এনসিপি নেতা সারজিস আলমের দাবি, শেখ হাসিনার দেশে ফেরার কোনো সুযোগ নেই। তার কার্যক্রমে উল্টো বিপদে ফেলছেন নেতাকর্মীদের।
 
সারজিস আলম বলেন, ‘যাঁরা টাকার বিনিময়ে কয়েকটি ককটেল ফোটাচ্ছেন, কয়েক সেকেন্ডের দৌড় মিছিল দিচ্ছেন, তাঁদের আমরা একদম আশ্বস্ত করতে চাই, এগুলো করে শেষ পর্যন্ত তাঁরা এবং তাঁদের পরিবার, আত্মীয়স্বজন ভোগান্তির মধ্য দিয়ে যাচ্ছেন। কিন্তু দেখুন, শেখ হাসিনা, জয়, পুতুলরা তাঁদের জনগণের লুটপাটের টাকায় ঠিকই আরামে ভোগবিলাসের জীবন যাপন করছেন।’
 
 
 
তিনি আরও বলেন, ‘আমাদের কাছে কয়েকটি বিষয় একদম স্পষ্ট। শেখ হাসিনা যে ডিসেম্বরে বাংলাদেশে ফিরতে চান, সেই ডিসেম্বর পৃথিবীর ইতিহাসে আসবে না।’
 
অন্যদিকে জামায়াত বলছে, ফিরতে হলে শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায়ই ফিরতে হবে। জনগণকে বিভ্রান্ত করতে চালাচ্ছে না তৎপরতা।
 
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘তিনি (শেখ হাসিনা) আসার ক্ষেত্রে একটি কৌশল অবলম্বন করছেন। জনগণকে বিভ্রান্ত করছেন। তিনি যেহেতু বলছেন, “আমি আসব”, তাই আসার একটি প্রক্রিয়া দেখাচ্ছেন যে, আমি এখন পাসপোর্টের জন্য আবেদন করছি, এনআইডির জন্য আবেদন করছি। তিনি আসতে না চাইলেও তাঁকে আনতে হবে। ভারতের সঙ্গে আমাদের একটি চুক্তি আছে। বন্দি বিনিময় চুক্তি আছে, বন্দি প্রত্যর্পণ চুক্তি আছে। সেই চুক্তির মাধ্যমে এটা করা যায়। ভারত এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ থেকে তাদের কিছু লোককে নিয়ে সেখানে শাস্তি কার্যকর করেছে। সুতরাং এটা আমরা করতে পারি কি না।’
 
ফ্যাসিবাদ রুখে দেওয়ার প্রশ্নে সব রাজনৈতিক দল মতভেদ ভুলে একই কাতারে দাঁড়াবে বলে মনে করে জামায়াত। এ বিষয়ে তিনি আরও বলেন, ‘শুধু জামায়াতে ইসলামী নয়, অন্যান্য সব রাজনৈতিক দলের মধ্যেও এ ব্যাপারে ঐক্য আছে, ঐক্য থাকবে, ঐক্য থাকা উচিত। কোনো অবস্থাতেই ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে না।’