বিহারের আলোচিত বিধায়ক অনন্ত সিংয়ের মেয়ের বিয়েকে ঘিরে চলছে বিশাল আয়োজন। চলতি বছরের ২৫ নভেম্বর মেয়ে শিবাঙ্গী সিংয়ের বিয়ে উপলক্ষে চার লাখ পর্যন্ত অতিথিকে আপ্যায়নের প্রস্তুতি নিচ্ছেন তিনি। ভারতের পাশাপাশি পাকিস্তান থেকেও অতিথিদের আমন্ত্রণ জানানো হচ্ছে বলে জানিয়েছেন এই বিধায়ক। এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও বিয়ের আমন্ত্রণপত্র পাঠানো হবে।
মোকামার বিধায়ক অনন্ত সিংয়ের মেয়ে শিবাঙ্গীর সঙ্গে বিয়ে হচ্ছে ঋষিকেশ কুমারের। ২৫ নভেম্বর অনন্ত সিংয়ের পৈতৃক গ্রাম লাদমার বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এ উপলক্ষে জোরেশোরে চলছে প্রস্তুতি। অতিথিদের বসার ও খাবারের ব্যবস্থা করা হচ্ছে চার লাখ মানুষের উপযোগী করে। ভারতের অনেক ছোট শহরের মোট জনসংখ্যার সমান এই অতিথি সংখ্যা।
বিয়ের প্যান্ডেল ও বর-কনের মালাবদলের মঞ্চ তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে উত্তর প্রদেশের মউ জেলার কারিগরদের। ২০ নভেম্বরের মধ্যে প্যান্ডেল নির্মাণ শেষ করার পরিকল্পনা রয়েছে। ভিআইপি অতিথিদের জন্য তৈরি করা হচ্ছে আলাদা প্যান্ডেল। বর-কনের জন্য নির্মাণ করা হচ্ছে ১০০ ফুট দীর্ঘ পাকা মঞ্চ। পুরো মঞ্চ সাজানো হবে ১৫০ কুইন্টাল অলংকার দিয়ে। সেখানে একসঙ্গে বসবেন শিবাঙ্গী ও তার হবু স্বামী ঋষিকেশ।
বিয়ের পর কনের নতুন ঠিকানা হবে বিহটার রামকৃষ্ণনগর। সেখানে নতুন একটি বাড়ি নির্মাণ করা হচ্ছে। বিয়েসংক্রান্ত বিভিন্ন আচার-অনুষ্ঠান ও আয়োজনের বেশিরভাগই ওই বাড়িতে হবে। বিহটা থেকে বরযাত্রী নিয়ে আনান্ত সিংয়ের পৈতৃক গ্রাম লাদমায় যাবেন ঋষিকেশ। সেখানেই সম্পন্ন হবে বিয়ের মূল আনুষ্ঠানিকতা।
বিয়েতে বিনোদন ও রাজনীতির জগতের অনেক পরিচিত ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে। বলিউডের প্রায় তিন ডজন তারকার উপস্থিত থাকার কথা রয়েছে। তাদের মধ্যে আছেন সোনু সুদ, মনোজ তিওয়ারি, মৈথিলী ঠাকুর, অক্ষরা সিং ও পবন সিং।
বার্তা সংস্থা এএনআইকে অনন্ত সিং বলেন, সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। শুধু বিহার নয়, ভারত ও পাকিস্তানের বিভিন্ন জায়গা থেকেও অতিথিরা আসবেন। ক্ষমতাসীন ও বিরোধী- দুই পক্ষের রাজনীতিকদেরই আমন্ত্রণ জানানো হয়েছে। বিয়েতে শাসক ও বিরোধী বলে কিছু নেই। শিল্পীরাও আসছেন। প্রধানমন্ত্রী মোদীকেও আমন্ত্রণপত্র দেওয়া হবে।
তবে মেয়ের বিয়ের মাত্র ছয়দিন পরই নতুন করে আইনি জটিলতায় পড়তে পারেন অনন্ত সিং। দুলার চাঁদ যাদব হত্যা মামলায় আগামী ১ ডিসেম্বরের মধ্যে তাকে কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। গত বছরের অক্টোবরে ওই হত্যাকাণ্ডের পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন তিনি। পরে মার্চে জামিনে মুক্তি পান।
স্থানীয়ভাবে ‘ছোটে সরকার’ নামে পরিচিত অনন্ত সিং সম্প্রতি আরও একটি বিতর্কিত মন্তব্যের কারণে আলোচনায় আসেন। তিনি দাবি করেছিলেন, সাবেক মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জন্য নয়জনকে হত্যার পরিকল্পনা করেছিলেন তিনি। তবে পরে নিজের বক্তব্য প্রত্যাহার করেন।
অনন্ত সিং বলেন, আমি নীরজ কুমারকে জবাব দিতে গিয়ে আমার ত্যাগের কথা বিস্তারিত জানিয়েছিলাম। আমি বলতে চেয়েছিলাম, লালু যাদবের সরকারের সময় আমার নয়জন সহযোগীকে হত্যা করা হয়েছিল ও আমাকেও গুলি করা হয়েছিল। আমরা নীতিশ কুমারের সঙ্গে ছিলাম বলেই লালু যাদব তাদের হত্যা করিয়েছিলেন। কিন্তু আমার বক্তব্য ভুলভাবে বোঝা হয়েছে।
এদিকে, অনন্ত সিংয়ের ওই মন্তব্য ও তার সঙ্গে নিজেদের দূরত্ব স্পষ্ট করেছে জনতা দল ইউনাইটেড (জেডিইউ)। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দলটি তাকে ছয় বছরের জন্য বহিষ্কার করেছে।