ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরবর্তীতে তাদের শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে আটক ব্যক্তিকে শাহবাগ থানায় নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী মাসনুন স্নিগ্ধ বলেন, ‘টিএসসিতে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটানোর সাথে সাথে আমরা ছাত্রদলের নেতাকর্মীরা দৌড়ে গিয়ে স্পট থেকে একজনকে এবং উদ্যানসংলগ্ন গেইট থেকে একজনকে আটক করে শাহবাগ থানায় নিয়ে এসেছি।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইশরাফিল রতন বলেন, ‘আটক ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।’