Image description

খুলনা মহানগরীর খালিশপুরে প্রেমের সম্পর্কের বিরোধের জেরে অনিক হাসনাত মুন্না (১৯) নামে এক তরুণকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে তার প্রেমিকার বিরুদ্ধে।

সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে আলমনগর পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহত তরুণকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় অভিযুক্ত তরুণীকে হেফাজতে নিয়েছে পুলিশ।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 
 
 

আহত অনিক খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার বিভাগের চতুর্থ পর্বের শিক্ষার্থী। অভিযুক্ত ওই তরুণী একই প্রতিষ্ঠানের সিভিল বিভাগের চতুর্থ পর্বের শিক্ষার্থী।

 
 

স্থানীয় সূত্রে জানা গেছে, আলমনগর রোলিং মিল মসজিদসংলগ্ন একটি ব্যাচেলর মেসের সামনে এ ঘটনা ঘটে। অনিক কাঁচামরিচ নিয়ে যাওয়ার সময় ওই তরুণী তাকে দেয়ালের সঙ্গে ঠেকিয়ে পেটে ছুরিকাঘাত করেন বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। এ সময় সে অন্যদেরও ছুরিকাঘাতের হুমকি দেন। পরে স্থানীয়রা তার কাছ থেকে ছুরিটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

 

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, অনিক ও ওই তরুণীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তাদের মধ্যে সম্পর্কের টানাপড়েন নিয়ে বিরোধ চলছিল। তবে বিয়েতে অস্বীকৃতি এবং অন্য মেয়ের সঙ্গে কথা বলাতে নিজেদের মধ্যে বিরোধের সৃষ্টি হওয়ার একপর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান বলেন, ‘মেয়েটির কিছুটা মানসিক সমস্যা রয়েছে বলে তার পরিবার জানিয়েছে। এ-সংক্রান্ত চিকিৎসার কাগজপত্রও তারা নিয়ে এসেছে। অনিকের পেটে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। তবে বড় ধরনের কোনো জখম হয়নি।’

ওসি বলেন, ‘অনিক এ ঘটনায় কোনো অভিযোগ করতে চাননি। তাকেও থানায় নেওয়া হয়েছিল। দুই পরিবারের আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসার সম্ভাবনা রয়েছে। তবে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।’