Image description

বরগুনা পুলিশ লাইনের সামনে পার্কিং করে রাখা বিআরটিসির একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (৯ নভেম্বর) মধ্যরাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাসটির কিছু অংশ পুড়ে গেলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ।

তিনি বলেন, মধ্যরাতে পুলিশ লাইনের সামনে পার্কিং করে রাখা বিআরটিসির বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো শনাক্ত করা যায়নি। জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।

খোঁজ নিয়ে জানা যায়, প্রতিদিনের মতো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাস বরগুনা পুলিশ লাইনের সামনের সড়কে পার্কিং করে রাখা হয়েছিল।

রবিবার মধ্যরাতে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এ সময় পুলিশ লাইন্সের সদস্যরা বাসটিতে আগুন জ্বলতে দেখে দ্রুত পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। এতে বাসটির কিছু অংশ পুড়ে যায়। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় বাসটি।