সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, তথ্যসন্ত্রাস জাতি-ধর্ম নির্বিশেষে সবাইকে ক্ষতিগ্রস্ত করছে। বিশেষ করে ইসলামকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে তথ্যসন্ত্রাস চালানো হচ্ছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এর শিকার হচ্ছেন। এমনকি সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসও এ ধরনের অপপ্রচার থেকে রেহাই পাননি।
রোববার (৮ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ‘তথ্যসন্ত্রাসের মূলোৎপাটনে রাসূল (সা.)-এর অবদান ও আমাদের করণীয়’ শীর্ষক জাতীয় সিরাত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চিন্তা ভাবনা ফাউন্ডেশনের উদ্যোগে এবং ইনস্টিটিউট অব প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চের (আইপিডিআর) সহযোগিতায় এ সেমিনারের আয়োজন করা হয়।
ড. খালিদ হোসেন বলেন, তথ্যসন্ত্রাস প্রতিরোধে দল-মত ও রাজনৈতিক আদর্শের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনোভাবেই যেন মিথ্যা তথ্য ও অপপ্রচার একটি জাতি বা সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। আন্তর্জাতিক পর্যায়েও তথ্যসন্ত্রাস মানুষের জীবন ও সমাজে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে।
তিনি বলেন, তথ্য প্রচার ও কথা বলার ক্ষেত্রে পবিত্র কোরআন ও রাসূলুল্লাহ (সা.)-এর নির্দেশনা অনুসরণ করা অত্যন্ত জরুরি। যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার করা উচিত নয়। তথ্যসন্ত্রাসের মূলোৎপাটন কেবল প্রযুক্তিগত নিয়ন্ত্রণের মাধ্যমে সম্ভব নয়; এর জন্য প্রয়োজন তাকওয়াভিত্তিক তথ্যসংস্কৃতি। প্রতিটি মানুষ তথ্য প্রচারের আগে এর সত্যতা ও সম্ভাব্য ক্ষতিকর দিক বিবেচনা করলে রাষ্ট্র ও সমাজে অপপ্রচার বহুলাংশে কমে আসবে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আ ক ম আবদুল কাদের। তিনি রাসূলুল্লাহ (সা.)-এর প্রদর্শিত তথ্যনৈতিকতার বিভিন্ন দিক তুলে ধরে সত্যবাদিতা, দায়িত্বশীলতা এবং তথ্য যাচাই-বাছাইয়ের গুরুত্ব ব্যাখ্যা করেন।
চিন্তা ভাবনা ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আ ই ম নেছার উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. শামসুল আলম। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের সাবেক কারিকুলাম বিশেষজ্ঞ অধ্যাপক ড. হেদায়েত উল্লাহ।
এ ছাড়া উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অব প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চের চেয়ারম্যান ড. মোয়াজ্জেম হোসেন, বাংলা স্যাটেলাইট সিটির ব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলাম, মারভেলাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম. ইউসুফ এবং ইউসেট ইউনিভার্সিটির উপাচার্য ড. দেওয়ান এম. এ. সাজ্জাদ প্রমুখ।