Image description

দুই দশক আগে লোকসানের কারণ দেখিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল ঢাকা-নিউ ইয়র্ক সরাসরি ফ্লাইট। এরপর একাধিকবার রুটটি চালুর উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। এবার বোয়িংয়ের সঙ্গে ২৫টি উড়োজাহাজ কেনার চুক্তির পর নতুন করে আলোচনায় এসেছে নিউ ইয়র্ক রুট। উড়োজাহাজ বিক্রির পাশাপাশি ঢাকা-নিউ ইয়র্ক ফ্লাইট চালুর বিষয়ে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতার আশ্বাস দিয়েছে উড়োজাহাজ ও মহাকাশ প্রযুক্তি খাতের অন্যতম বৃহৎ মার্কিন প্রতিষ্ঠান বোয়িং।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। তবে ২০০৮ সালে ১০টি বোয়িং কেনার সময়ও একই ধরনের আশ্বাস দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত চালু হয়নি ফ্লাইট।

যদিও এই সেক্টরের নীতিনির্ধারকরা লিজে উড়োজাহাজ এনে অাগামী বছর থেকেই নিউ ইয়র্কে বিমান পাঠানোর পক্ষে। কিন্তু তদারকি সংস্থা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) মূল্যায়ন, ২০২৮ সালের আগে তা চালু হওয়ার সম্ভাবনা কম। ফলে নতুন উড়োজাহাজ কেনার উদ্যোগের মধ্যেও নিউ ইয়র্ক রুট নিয়ে অনিশ্চয়তা কাটছে না।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি প্রবাসীদের বড় উপস্থিতি কয়েকটি স্টেট ঘিরে। দেশটির কমিউনিটি সার্ভে বিশ্লেষণ অনুযায়ী, সেখানে বাসকারী বাংলাদেশি ২ লাখ ৭০ হাজার। এর মধ্যে সবচেয়ে বড় অংশের বাস নিউ ইয়র্কে। তাদের যাতায়াত, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও পারিবারিক যোগাযোগের জন্য সরাসরি ফ্লাইট গুরুত্বপূর্ণ। এ ছাড়া যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য। দুই দেশের বাণিজ্য ঘাটতির চিত্র আরও জটিল। বাংলাদেশ থেকে প্রায় ৮ বিলিয়ন ডলারের পণ্য কেনে তারা, বাংলাদেশ কেনে মাত্র ২ বিলিয়ন ডলার, ঘাটতি ৬ বিলিয়ন ডলার বা বেশি। সে ঘাটতি ঘোচাতে নানা উদ্যোগ নিতে বাধ্য হচ্ছে বাংলাদেশ সরকার। সরাসরি তুলার পর গম আনছে। ব্যবহারিক সক্ষমতা না থাকার পরও ২৫টি উড়োজাহাজ কেনা হচ্ছে। আরও নানা প্রয়োজন মেটানো হবে মার্কিন পণ্য দিয়ে। এ কারণে সামনের দিনগুলোতে দুই দেশের ব্যবসায়ীদের জন্যও সরাসরি বিমান যোগাযোগ প্রয়োজন।

একসময় ডিসি-১০ উড়োজাহাজ দিয়ে ঢাকা-নিউ ইয়র্ক রুটে ফ্লাইট পরিচালনা করত বিমান। তবে উড়োজাহাজটির জ্বালানি সক্ষমতার সীমাবদ্ধতার কারণে হাঙ্গেরিতে যাত্রাবিরতি করতে হতো। ২০০৬ সালে লোকসানের কারণ দেখিয়ে রুটটি বন্ধ করা হয়। বিমানের তথ্য অনুযায়ী, বন্ধ হওয়ার আগে ২০০৫-০৬ অর্থবছরে এই রুটে ৭৯টি ফ্লাইটে ১১ হাজার ৪৫৫ জন যাত্রী পরিবহন করা হয়েছিল।

২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মাহবুব জামিল বোয়িংয়ের সঙ্গে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি চূড়ান্ত করতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। তিনি ঢাকা-নিউ ইয়র্ক ফ্লাইট আবার চালুর বিষয়েও তৎকালীন মার্কিন সরকারের নানা স্তরে বৈঠক করেন; কিন্তু সে উদ্যোগের পরও নিউ ইয়র্ক ফ্লাইট চালু হয়নি। এরপর ২০১৩ সালের বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ফ্লাইট আবার চালুর বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। দীর্ঘ বিরতির পর ২০২৩ সালে আবার উদ্যোগ নেয় বিমান। যুক্তরাষ্ট্রের পরিবহন দপ্তরে ফ্লাইট পরিচালনার অনুমতির জন্য আবেদন করে সংস্থাটি। সপ্তাহে পাঁচটি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা ছিল। তবে বিমানের প্রস্তাবে সপ্তাহে সম্ভাব্য আয় ধরা হয়েছিল ২১ লাখ ১৭ হাজার ২৩৫ ডলার, বিপরীতে পরিচালন ব্যয় ৩১ লাখ ৪১ হাজার ২৪ ডলার। অর্থাৎ সপ্তাহে সম্ভাব্য লোকসান ১০ লাখ ২৩ হাজার ৭৮৯ ডলার। এবারও বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তির সময় নিউ ইয়র্কসহ যুক্তরাষ্ট্রের কয়েকটি গন্তব্যে ফ্লাইট চালুর বিষয়ে সহযোগিতার আশ্বাস মিলেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

গত ২১ জুন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকী জানিয়েছিলেন, প্রয়োজনীয় মূল্যায়ন ও নিরীক্ষা শেষ না হওয়ায় ২০২৮ সালের আগে ফ্লাইট চালুর সম্ভাবনা কম। অন্যদিকে, গত ১৬ সেপ্টেম্বর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, সরকার আগামী বছর ফ্লাইট চালুর বিষয়ে কাজ করছে। এজন্য এফএএর ক্যাটাগরি-১ মর্যাদা অর্জন গুরুত্বপূর্ণ।

নিউ ইয়র্কে ফ্লাইট চালুর ক্ষেত্রে বড় বাধা যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) নিরাপত্তা মূল্যায়ন। বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিরাপত্তা তদারকির সক্ষমতা আন্তর্জাতিক মান অনুযায়ী প্রমাণ করতে হবে। এক্ষেত্রে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) নিরীক্ষাও গুরুত্বপূর্ণ। গত ২৬ অক্টোবর বাংলাদেশে আইকাওয়ের অ্যাভিয়েশন নিরাপত্তা নিরীক্ষা শুরু হয়েছে। ৬ নভেম্বর পর্যন্ত এই নিরীক্ষা চলার কথা। তবে আইকাওয়ের নিরীক্ষা শেষ হলেই এফএএর ক্যাটাগরি-১ মর্যাদা পাওয়া যাবে, এমন নয়। যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট মূল্যায়ন ও অনুমোদনের প্রক্রিয়াও সম্পন্ন করতে হবে।

এই মূল্যায়নে ‘ক্যাটাগরি-১’ পেলে বাংলাদেশের বিমান সংস্থাগুলোর নিজস্ব উড়োজাহাজ ও ক্রু নিয়ে যুক্তরাষ্ট্রে ফ্লাইট পরিচালনার পথ খুলবে। শুধু এই স্বীকৃতি পেলেই ফ্লাইট চালু করা যাবে না; এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের পরিবহন দপ্তরের (ডিওটি) অর্থনৈতিক অনুমোদন এবং এফএএর পরিচালনাগত নিরাপত্তা অনুমোদনও প্রয়োজন। এখানে প্রতিবেদনের জন্য আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ— আইকাওয়ের নিরাপত্তা নিরীক্ষা শেষ হওয়া আর এফএএর ক্যাটাগরি-১ পাওয়া এক বিষয় নয়। আইকাওয়ের নিরীক্ষায় ঘাটতি চিহ্নিত হলে তা সংশোধন করতে হবে; এরপর এফএএর নিজস্ব মূল্যায়ন ও অনুমোদনের প্রক্রিয়া শুরু হবে। পুরো বিষয়টিতে সরকারের নজর রয়েছে। সরকারও চায় এতগুলো উড়োজাহাজ কেনার চুক্তির পর যেন ব্যবহারের পথও খোলে।

অ্যাভিয়েশন বিশ্লেষক উইং কমান্ডার এ টি এম নজরুল ইসলাম (অব.) আগামীর সময়কে বলেছেন, এফএএর ছাড়পত্র না পাওয়া পর্যন্ত ঢাকা-নিউ ইয়র্ক ফ্লাইট চালুর সময় নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। যুক্তরাষ্ট্রে ফ্লাইট পরিচালনা করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে। এরপর এফএএ আবেদন পর্যালোচনা ও অডিটের মাধ্যমে প্রয়োজনীয় শর্ত দেবে। সেসব শর্ত পূরণ হলেই ফ্লাইট পরিচালনার সুযোগ তৈরি হবে।

এ টি এম নজরুল বলছিলেন, আগে যেসব সমস্যা চিহ্নিত হয়েছিল, সেগুলোর সমাধান না করে নতুন করে আবেদন করলে ইতিবাচক সাড়া পাওয়ার সম্ভাবনা কম। এক্ষেত্রে দুই দেশের সরকার ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মধ্যে আলোচনাও গুরুত্বপূর্ণ।

গত ৩০ এপ্রিল বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি করে বিমান। এরপর গত ২৩ সেপ্টেম্বর বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার সম্পূরক চুক্তি করে বিমান। এসব উড়োজাহাজের সরবরাহ শুরু হওয়ার কথা ২০৩১ সালের নভেম্বর থেকে। ঢাকার আকাশ দখলের রেষারেষিতে হাজির হয়েছে এয়ারবাসও। তারাও গছিয়েছে ১০টি উড়োজাহাজ।

দুই দশকে একাধিক উদ্যোগ ও আশ্বাসের পরও চালু হয়নি ঢাকা-নিউ ইয়র্ক সরাসরি ফ্লাইট। এবার ২৫টি বোয়িং কেনার চুক্তির সঙ্গে নতুন করে সহযোগিতার আশ্বাস মিলেছে। কিন্তু অতীতের মতো এবারও কি প্রতিশ্রুতিতেই আটকে থাকবে নিউ ইয়র্ক ফ্লাইট?