বরিশাল জেলা জামায়াতের নতুন আমির নির্বাচিত হয়েছেন ড. এসএম মাহফুজুর রহমান । বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৭-২০২৮ সেশনের জন্য ৭৭টি জেলা ও মহানগর শাখার আমিরের নাম ঘোষণা করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে নির্বাচিত আমিরদের নাম ঘোষণা করেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান।
সংগঠনের রুকনদের (সদস্য) গোপন ব্যালটের মাধ্যমে এসব আমির নির্বাচিত হয়েছেন বলে দলটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আজম খান জানান, সম্প্রতি বরিশালে রুকন সম্মেলনে গোপন ব্যালটে জেলা আমির পদের জন্য রুকনদের ভোট নেয়া হয়। সে অনুযায়ী কেন্দ্রিয় জামায়াত নতুন আমিরদের নাম ঘোষণা করেছে।
নবনির্বাচিত আমীর ডক্টর এস.এম মাহ্ফুজুর রহমান ২০০০ সালে বরিশাল পূর্ব জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হিসেবে জেলা শাখায় দায়িত্ব পালন শুরু করেন। ছাত্রজীবনে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরী দক্ষিণ শাখায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন শেষে ১৯৯৯ সালে ১ জানুয়ারী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
তার গ্রামের বাড়ি বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নে।
এছাড়া বরগুনায় মাওলানা মো: মহিবুল্লাহ, পটুয়াখালীতে অ্যাডভোকেট নাজমুল আহসান, ভোলায় মাস্টার মু. জাকির হোসেন, বরিশালে ড. মাহফুজুর রহমান, ঝালকাঠিতে অ্যাডভোকেট হাফিজুর রহমান, পিরোজপুরে আব্দুর রব আমির নির্বাচিত হয়েছেন।