গোপালগঞ্জ সরকারি জেলা স্কুলে ছুটির পর রাজনৈতিক স্লোগান দেওয়ার অভিযোগে ৯ শিক্ষার্থীকে ছাড়পত্র (টিসি) দিয়েছে কর্তৃপক্ষ। তাদের মধ্যে অষ্টম শ্রেণির ১, নবম শ্রেণির ৭ ও দশম শ্রেণির একজন শিক্ষার্থী রয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিদ্যালয় সূত্রে জানা যায়, চলতি বছরের ৬ অক্টোবর দুপুরে বিদ্যালয় ছুটির পর একটি শ্রেণিকক্ষের বারান্দা থেকে অষ্টম, নবম ও দশম শ্রেণির ৯ জন শিক্ষার্থী ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেয়। এ সময় মোবাইল ফোনে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনার জন্ম দেয়।
এদিকে, ওই ঘটনার পরদিন ৭ অক্টোবর জেলা প্রশাসকের নির্দেশে বিদ্যালয়টির সহকারী শিক্ষক মো. ইকবাল হোসেনকে প্রধান করে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তারা সিসিটিভি ফুটেজ ও ভাইরাল হওয়া ভিডিও পর্যালোচনা করে একটি তদন্ত প্রতিবেদন গতকাল বুধবার (৪ নভেম্বর) বিদ্যালয়ে জমা দেয়। এরই পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্ত ৯ শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।
তদন্ত কমিটির প্রধান ও সহকারী শিক্ষক মো. ইকবাল হোসেন জানান, ‘বিদ্যালয়ে রাজনৈতিক স্লোগান দেওয়ার ঘটনায় আমরা একটি নিরপেক্ষ তদন্ত প্রতিবেদন প্রধান শিক্ষকের কাছে দিয়েছিলাম। এর ভিত্তিতেই বিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।’
প্রধান শিক্ষক জিয়াউল হক বলেন, ‘বিদ্যালয় ছুটির পরে শ্রেণিকক্ষের বারান্দায় কয়েকজন শিক্ষার্থী রাজনৈতিক স্লোগান দেয়। পরে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে ফোনে বিষয়টি আমাকে জানানো হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তদন্ত কমিটি গঠন করা হয়। তাদের প্রতিবেদন অনুযায়ীই শিক্ষার্থীদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।’