Image description

ঢাকা মহানগর উত্তর বিএনপির দুই সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনকে আহ্বায়ক এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনকে সদস্য সচিব করে দুই সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত রাতে বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর উত্তর বিএনপি বিলুপ্ত হওয়ার পর গত রাতে দুই সদস্যের এ আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, আগামী দুই সপ্তাহের মধ্যে এ আংশিক আহ্বায়ক কমিটিকে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করতে হবে। এর আগে গত ৩০ সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছিল।

নতুন আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি। এর আগে তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিবের দায়িত্ব পালন করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বিএনপির প্রার্থী ছিলেন তিনি। অন্যদিকে এস এম জাহাঙ্গীর হোসেন এমপি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক। এর আগে তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেন। গত ৩০ সেপ্টেম্বর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও মোস্তফা জামানের নেতৃত্বাধীন ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়। আগের আহ্বায়ক কমিটি বিলুপ্তি ঘোষণার এক মাসের মাথায় নতুন নেতৃত্ব পেল বিএনপির গুরুত্বপূর্ণ এই সাংগঠনিক শাখা ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতা-কর্মীরা।