ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান পোশাক শ্রমিকদের আন্দোলনে সৃষ্ট সহিংস পরিস্থিতি নিয়ে মন্ত্রী-উপদেষ্টাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে তৈরি পোশাক কারখানার উৎপাদন অব্যাহত রাখার পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠকে শ্রমিক আন্দোলনে সহিংসতা কঠোর হাতে দমনের সিদ্ধান্ত হয়েছে। রোববার রাতে সচিবালয়ে জরুরি বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশের ওপর আক্রমণ, গাড়ি ভাঙচুর করেছে। কোথাও মিল-কারখানায় আগুন দিয়েছে। কালিয়াকৈরে একটা জায়গায় ঝুট গার্মেন্টসের গুদামে আগুন দিয়েছে। এগুলো সহিংসতার লক্ষণ। এখানে অনেক মুখোশধারী আন্দোলনের বিভিন্ন পর্যায়ে ঢুকে গিয়ে নিজেদের হীনস্বার্থ চরিতার্থ করছে। আমাদের কাছে যে সমস্ত তথ্য আছে তাতে আমরা বিশ্লেষণ করে দেখেছি, নিরীহ গার্মেন্টস শ্রমিকদের ব্যবহার করে অনেকেই সীমান্তের ওপার থেকে ইন্ধন জোগাচ্ছে। যাতে আমাদের রপ্তানি বাণিজ্যকে ব্যাহত, গার্মেন্টসের উৎপাদনকে ব্যাহত এবং দেশে একটা অস্থিরতা সৃষ্টি করা যায়। আজকে যারা সহিংস কার্যক্রমের সঙ্গে জড়িত তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসছি। এ ছাড়াও পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে কঠোর অবস্থান নিবে। যেকোনো সহিংসতার তৎপরতাকে তারা আইনের মাধ্যমে মোকাবিলা করবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা শান্তি চাই, শৃঙ্খলা চাই, দেশের উন্নয়ন-অগ্রগতি চাই। গার্মেন্টস শিল্পের জনক বলতে পারেন বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। তার এই অবদানকে আমরা সবাই স্বীকার করি। আমরা চাই গার্মেন্টস শিল্পের ক্রমাগত উন্নতি হোক এবং আমাদের রপ্তানি খাতকে সমৃদ্ধ করুক। আমাদের শ্রমিক ভাইদের কর্মসংস্থান আরও বৃদ্ধি পাক, এইভাবে আমরা এগিয়ে যাই। বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি, রপ্তানি, সমৃদ্ধি কেউ রুখে দিতে পারবে না। তিনি বলেন, প্রধানমন্ত্রী দিকনির্দেশনা দিয়েছেন, যেন গার্মেন্টস শ্রমিকদের স্বার্থকে রক্ষা করা হয়, তাদের জীবনমান উন্নত হয়। এ ছাড়াও বাংলাদেশে উৎপাদন, উন্নয়ন যাতে ব্যাহত না হয়, রপ্তানি যাতে বৃদ্ধিপ্রাপ্ত হয় সমস্ত বিষয় লক্ষ্য রেখেই যেন পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশনা দিয়েছেন। মজুরি বোর্ড গঠিত হয়েছে। সেই মজুরি বোর্ডের মাধ্যমে তাদের ন্যূনতম মজুরি নির্ধারণ হবে। তাদের জীবনমান উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন। মজুরি বোর্ডকে পরামর্শ দিয়েছেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয় শ্রম মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বিশ্বাস করি এ সমস্ত সহিংস আন্দোলনের সঙ্গে কোনো শ্রমিক ভাই জড়িত না। কোনো সত্যিকার শ্রমিক সংগঠন এ সমস্ত উচ্ছৃঙ্খল আচরণের সঙ্গে জড়িত না। মজুরি বোর্ডে তাদের প্রতিনিধির নাম দেয়া হয়েছে। যারা সহিংসতার সঙ্গে জড়িত থাকবে, উচ্ছৃঙ্খল আচরণ করবে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবে। গার্মেন্টস শিল্প মালিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা মিল চালু রাখেন, উৎপাদন চালু রাখেন। কোনোভাবেই যেন রপ্তানি সংকট তৈরি না হয়। আপনারা শ্রমিকদের সঙ্গে মিলেমিশে আলোচনা করে কার্যক্রম চালাবেন। আজকে হয়তো কোনো না কোনো কারণে তারা শঙ্কিত হয়ে কারখানা বন্ধ করে দিয়েছে, এটা সাময়িক। এটা হয়তো আজকের দিনের মধ্যেই সমাপ্ত হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী দিকনির্দেশনা দিয়েছেন, যাতে গার্মেন্টস শ্রমিকদের স্বার্থকে রক্ষা করা হয়, তাদের জীবনমান উন্নত হয় এবং বাংলাদেশে উৎপাদন, উন্নয়ন যাতে ব্যাহত না হয়। রপ্তানি বৃদ্ধি করতে সমস্ত বিষয় লক্ষ্য রেখেই যেন পদক্ষেপ গ্রহণ করা হয় সে বিষয়েও দিকনির্দেশনা দিয়েছেন।
এদিকে ব্রিফিংয়ে আরিফুল হক চৌধুরী বলেন, ডিসেম্বরকে সামনে রেখে পোশাক খাতকে অস্থির করার চেষ্টা রাজনৈতিকভাবে মোকাবিলা করবে সরকার। সেই সঙ্গে তৈরি পোশাক কারখানার উৎপাদন অব্যাহত রাখা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এর আগে শ্রমিক অসন্তোষ মোকাবিলায় করণীয় নির্ধারণে রোববার সন্ধ্যায় সচিবালয়ে বেশ কয়েকজন মন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে শ্রমিক অসন্তোষের বর্তমান পরিস্থিতি, এর কারণ এবং উদ্ভূত সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।
বৈঠকে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মোক্তাদির, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন, বিএনপি’র শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন।
এদিকে গার্মেন্টস শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণে মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ করেছে সরকার। রোববার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মজুরি বোর্ড শাখা থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে।