চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) এক দিনের জন্য উপা-চার্যের রুটিন দায়িত্ব পেয়েছেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন। উপাচার্য অধ্যাপক ড. শেখ শরিফুল আলম বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সভায় অংশ নিতে ঢাকায় যাওয়ায় তাকে এ দায়িত্ব দেয়া হয়েছে। তবে এ সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার একদিনের সর্বাত্মক একাডেমিক শাটডাউন ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।
রোববার শিক্ষার্থীদের পক্ষ থেকে দেয়া এক জরুরি বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এতে সোমবার সব ধরনের ক্লাস, পরীক্ষা ও রুটিন দায়িত্বের অধীনে পরিচালিত প্রশাসনিক কার্যক্রম বর্জনের কথা জানানো হয়েছে। বিবৃতিতে শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিনের আন্দোলন ও অচলাবস্থার পর নিজেদের ভবিষ্যৎ এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশের কথা বিবেচনা করে তাঁরা ক্লাস-পরীক্ষায় ফিরেছিলেন।
তবে তাদের স্পষ্ট শর্ত ছিল, নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরিফুল আলমকে তারা মেনে নেননি। ক্যাম্পাসের স্বাভাবিক কার্যক্রমে তার কোনো ধরনের হস্তক্ষেপও তারা চান না। শিক্ষার্থীদের অভিযোগ, তাদের পূর্বঘোষিত অবস্থান উপেক্ষা করে উপাচার্যের অনুপস্থিতিতে অন্য একজনকে রুটিন দায়িত্ব দেয়ার মাধ্যমে ক্যাম্পাসে কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে। এ সিদ্ধান্ত তারা দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করেছেন। বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের প্রশাসনিক পদক্ষেপ বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান পরিস্থিতিকে আবারও অস্থিতিশীল করে তুলতে পারে। নতুন করে অচলাবস্থা সৃষ্টি হলে এর দায়ভার সংশ্লিষ্ট প্রশাসনকেই নিতে হবে। শিক্ষার্থীদের দাবি ও অবস্থানের প্রশ্নে কোনো আপস করা হবে না। তাদের শর্তের ব্যত্যয় ঘটলে কিংবা প্রশাসনিক হস্তক্ষেপ অব্যাহত থাকলে আরও কঠোর শান্তিপূর্ণ কর্মসূচি দেয়া হবে। শিক্ষার্থীদের একমাত্র দাবি, সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহাল করতে হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রোববার এক ই-মেইল বার্তায় অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেনকে রুটিন দায়িত্ব দেয়ার বিষয়টি জানানো হয়। বার্তায় উপাচার্য উল্লেখ করেন, ২ নভেম্বর ইউজিসি’র একটি সভায় অংশ নিতে তিনি ঢাকায় অবস্থান করবেন। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম স্বাভাবিক রাখতে বিধিবদ্ধ বিধান অনুযায়ী অধ্যাপক দেলোয়ার হোসেনকে তার নিজ দায়িত্বের পাশাপাশি উপাচার্যের রুটিন প্রশাসনিক ও একাডেমিক দায়িত্ব পালনের অনুরোধ ও ক্ষমতা দেয়া হয়েছে। এ বিষয়ে অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন এটিকে ‘রেগুলার ইস্যু’ বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন। উপাচার্য অধ্যাপক ড. শেখ শরিফুল আলম বলেন, ‘দাপ্তরিক কাজে আমি ঢাকায় যাচ্ছি। আমার অনুপস্থিতিতে তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. দেলোয়ার হোসেন রুটিন দায়িত্ব পালন করবেন।’