খুলনায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় সৈয়দ হুমায়ুন কবির নামে তাঁতী দলের এক নেতা নিহত হয়েছেন।
রোববার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহানগরীর আড়ংঘাটা থানার রায়েরমহল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হুমায়ুন কবির তাঁতী দলের খুলনা মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, রায়েরমহল বড় মসজিদের পেছনে ‘ইল ক্যান্টিন’ নামে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে বসে ছিলেন হুমায়ুন কবির। এ সময় একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র, রামদা ও চাপাতি নিয়ে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপানোর পাশাপাশি বুকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালে উপস্থিত নিহতের স্বজন সৈয়দ দিদারুল আলম বিপ্লব অভিযোগ করেন, নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের এক ছাত্রদল নেতা ও তার সহযোগীরা এ হামলা চালিয়েছেন। তার দাবি, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে হুমায়ুন কবিরকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শাহজাহান আলী বলেন, ঘটনাস্থল খালিশপুর ও আড়ংঘাটা থানার সীমান্তবর্তী এলাকায় হলেও এটি আড়ংঘাটা থানার আওতাধীন।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলিমুর রহমান বলেন, হামলাকারীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।