Image description
নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক আওয়ামী লীগ নেতা শামীম ওসমানকে ‘নাটকবাজ গডফাদার’ বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। তবে তিনি সরাসরি নাম উল্লেখ করেননি।
 
অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, ওই যে ফ্যাসিস্টরা কানাঘুষা করছে। নারায়ণগঞ্জে একটা চাপাবাজ, একটা নাটকবাজ গডফাদার আছে। সে ঘোষণা দিয়েছে, আমি ডিসেম্বরে আসতেছি, কামান-টামান, গোলা-বারুদ কিছুই আমাকে আটকাতে পারবে না। আরে বেটা, তুই তো বোরখা পরে পালিয়ে গিয়েছিস। তুই তো কাপুরুষ। তুই আবার ঘোষণা দেস; তুই তো বর্ডার এলাকা পার হয়ে আসতি পারবি না। এবার তুই নারায়ণগঞ্জে ঢুকলে তো হাত-পা ভাঙবে কি না, সেটা দেখিস।
 
রোববার (১ নভেম্বর) বিকেলে শহরের জেলা পরিষদ এলাকায় নারায়ণগঞ্জ জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি স্ট্যান্ডের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন।
 
এদিন নারায়ণগঞ্জ জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি মালিক সমিতি ও শ্রমিক কমিটির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
 
অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, তোদের পরিবারের কাছে নারায়ণগঞ্জবাসীকে আর জিম্মি করতে দেওয়া হবে না। তুই পাঁচ হাজার কোটি টাকা নারায়ণগঞ্জ থেকে লুটপাট করে নিয়েছিস। রাক্ষসের পেট ভরে না। তারপরও তুই জুলুম করে, হুমকি-ধমকি দিয়ে, সন্ত্রাসী করে আবারও নারায়ণগঞ্জবাসীকে জিম্মি করতে চাস। তোকে বলে দিতে চাই, বহু চাঁদাবাজি করেছিস জীবনে; আল্লাহর কাছে তওবা কর, মাফ চা।
 
এই বিএনপি নেতা বলেন, তুই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিস। আর আমেরিকায় চাপাবাজি করছিস, আর নারায়ণগঞ্জে আসবি! কোনো কামান তোকে টিকিয়ে রাখতে পারবে না। আমরা সেই সময়ের অপেক্ষায় রইলাম। তুই গেছিস, তোর পোলা গেছে, তোর বউ গেছে, তোর আত্মীয়স্বজন, তোর নেত্রী শেখ হাসিনা পালিয়ে গেছে। তারপরও তোদের চাপাবাজি থামে না। আপনারা এই পরিবার সম্পর্কে সতর্ক থাকবেন।