Image description
পঞ্চগড়ের বোদা উপজেলায় বিরল বৈশিষ্ট্যের একটি অ্যালবিনো জলঢোড়া সাপ উদ্ধার করা হয়েছে। সাপটির শরীরের স্বাভাবিক রঙের পরিবর্তে হলদেটে-সাদা বর্ণ দেখা গেছে। এটি অ্যালবিনিজম নামের বিশেষ জিনগত বৈশিষ্ট্যের কারণে হয়েছে বলে জানিয়েছেন বন্যপ্রাণী উদ্ধারকর্মীরা।
 
গত ২৭ অক্টোবর উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের হলদিয়াপুকুর গ্রাম থেকে সাপটি উদ্ধার করেন ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের (WSRTBD) প্রতিষ্ঠাতা সভাপতি ও উদ্ধারকর্মী মো. সহিদুল ইসলাম।
বাংলাদেশ বিনিয়োগ
 
উদ্ধার হওয়া সাপটি জলঢোড়া বা চেকার্ড কিলব্যাক (Checkered Keelback) এর বৈজ্ঞানিক নাম Fowlea piscator। এটি সম্পূর্ণ নির্বিষ প্রজাতির সাপ। সাধারণত এই প্রজাতির সাপের শরীরে বাদামি ও কালচে ছোপ দেখা যায়। তবে অ্যালবিনো বৈশিষ্ট্যের কারণে উদ্ধার হওয়া সাপটির শরীরে হলদেটে-সাদা রঙের ব্যতিক্রমী উপস্থিতি দেখা গেছে।
 
অ্যালবিনিজম কোনো আলাদা প্রজাতি নয়, বরং প্রাণীর জন্মগত একটি জিনগত বৈশিষ্ট্য। এ অবস্থায় শরীরে মেলানিন উৎপাদন কমে যায় বা একেবারেই বন্ধ হয়ে যায়। ফলে প্রাণীর স্বাভাবিক গায়ের রঙের পরিবর্তন ঘটে। অনেক ক্ষেত্রে চোখের রঙেও এর প্রভাব দেখা যায়।
 
 
 
ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি ও উদ্ধারকর্মী মো. সহিদুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া সাপটি জলঢোড়া প্রজাতির এবং এটি সম্পূর্ণ নির্বিষ। তবে সাপটির শরীরে একাধিক ক্ষত রয়েছে। অ্যালবিনিজমের কারণে এর স্বাভাবিক রঙের পরিবর্তে হলদেটে-সাদা বর্ণ ধারণ করেছে। এ ধরনের বৈশিষ্ট্যের সাপ সচরাচর দেখা যায় না। সাপটি কয়েকবার খোলস চেঞ্জ করার পরে শারীরিক পরিবর্তন হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করার জন্য কিছুদিন রেখে দেওয়া হবে। পরবর্তীতে অবমুক্ত করা হবে।
বাংলাদেশ বিনিয়োগ